×

ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

২০২৬ অক্টোবর ১৫ ১০:৩৫:০৪

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে তেল সরবরাহে ঝুঁকি তৈরি হলেও পরিবহন ব্যয় কমানোর লক্ষ্যে নিষেধাজ্ঞা শিথিলের উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বাজারে তেলের দামের ওপর নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। এ তথ্য জানিয়েছে রয়টার্স।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) গ্রিনিচ মান সময় (জিএমটি) সকাল ৩টা ৩৭ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৪ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ কমে ১০৪ দশমিক ৪২ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৯৮ সেন্ট বা ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ১১ ডলারে দাঁড়ায়।

এর আগে বুধবার ডব্লিউটিআই তেলের দাম গত তিন সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে উঠেছিল। সৌদি আরবের রাষ্ট্রীয় তেল কোম্পানি সৌদি আরামকোর সদর দপ্তরে হুথিদের হামলা এবং হরমুজ প্রণালিতে জাহাজ লক্ষ্য করে নতুন কৌশলে হামলা চালানোর বিষয়ে ইরানের ঘোষণার পর বাজারে তেলের দাম বেড়েছিল।

এদিকে হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় পৃথক দুটি ঘটনায় ক্ষেপণাস্ত্র বা অন্য কোনো প্রক্ষেপিত বস্তুর আঘাতে একটি কনটেইনারবাহী জাহাজ ও একটি শুকনো পণ্যবাহী জাহাজ ডুবে গেছে। বুধবার সামুদ্রিক নিরাপত্তা কর্মকর্তারা এ তথ্য জানান।

গত ১০ দিনে গুরুত্বপূর্ণ এই জলপথের আশপাশে জাহাজে হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ইরানের দাবি, দেশটির বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের অবরোধ এবং গত মাসে আরোপ করা কঠোর নিষেধাজ্ঞার জবাবে তারা হামলা জোরদার করছে।

বিশ্বের জ্বালানি তেল পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালিতে হামলা অব্যাহত থাকলে আন্তর্জাতিক বাজারে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে জাহাজ চলাচলের নিরাপত্তা ও পরিবহন ব্যয় নিয়ে উদ্বেগ বাড়ছে।

ইরান যুদ্ধের কারণে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় তেল পরিবহনের খরচ রেকর্ড পর্যায়ে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে জ্বালানির দাম কমানোর লক্ষ্যে রাশিয়া, ইরান ও ভেনেজুয়েলাসহ বিভিন্ন দেশ থেকে তেল ও পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনে ব্যবহৃত নিষেধাজ্ঞার আওতাভুক্ত ‘শ্যাডো ফ্লিট’ বা ছায়া নৌবহরের কিছু জাহাজের ওপর নিষেধাজ্ঞা শিথিলের বিষয়টি বিবেচনা করছে ট্রাম্প প্রশাসন।

সংশ্লিষ্ট এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, আলোচনার মূল লক্ষ্য হলো আগে নিষেধাজ্ঞার আওতায় থাকা কিছু জাহাজকে বৈধভাবে তেল পরিবহনের সুযোগ দেওয়া। এর মাধ্যমে বাজারে তেলের সরবরাহ বাড়ানোর পাশাপাশি পরিবহন ব্যয় কমানোর চেষ্টা করছে ওয়াশিংটন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে তেল সরবরাহে ঝুঁকি তৈরি... বিস্তারিত