ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩

এইচএসসির প্রশ্ন বিক্রির দাবি ভুয়া: শিক্ষামন্ত্রী

২০২৬ জুলাই ১২ ১৫:২৭:১০

এইচএসসির প্রশ্ন বিক্রির দাবি ভুয়া: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: চলমান এইচএসসি পরীক্ষার প্রশ্নপত্র টেলিগ্রাম গ্রুপে বিক্রির অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁস হচ্ছে না। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্নপত্র দেওয়ার নামে যা প্রচার করা হচ্ছে, তা সম্পূর্ণ ভুয়া এবং প্রতারণার অংশ।

রোববার (১২ জুলাই) দুপুরে রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের সম্মেলনকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে জানান, তার ছবি ব্যবহার করে টেলিগ্রামে ‘রেজাল্ট ফিক্স বিডি’ নামে একটি অ্যাকাউন্ট থেকে এইচএসসির প্রশ্নপত্র দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে প্রতি প্রশ্নের জন্য এক হাজার টাকা এবং ‘ফুল প্যাকেজ’-এর জন্য আট হাজার টাকা দাবি করা হচ্ছে।

এর জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ‘সাইবার অপরাধ ননস্টপ চলছে। আমি সাংবাদিকদের কাছে আবেদন জানাব, আপনারা যখন সংবাদ করবেন, তখন স্পষ্টভাবে বলবেন-এগুলো ভুয়া। অনেক সময় এমনভাবে সংবাদ করা হয়, যেন প্রশ্নপত্র আউট হচ্ছে। এতে মানুষের মধ্যে ভুল বার্তা যায়।’

তিনি আরও বলেন, ‘যেটি সত্য নয়, সেটিকে এমনভাবে উপস্থাপন করা উচিত নয়, যাতে প্রশ্নপত্র ফাঁসের ধারণা তৈরি হয়। শিক্ষাবিটে কর্মরত সাংবাদিকরা অন্তত জানেন, কোথাও কোনো প্রশ্নপত্র ফাঁস হয়নি।’

গণমাধ্যমের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, সঠিকভাবে সংবাদ পরিবেশন করা হলে প্রতারকদের অপতৎপরতা অনেকাংশে ব্যর্থ হবে। মানুষ যদি নিশ্চিতভাবে জানতে পারে যে প্রশ্নপত্র ফাঁস হয়নি, তাহলে তারা অর্থের বিনিময়ে প্রশ্নপত্র কেনার ফাঁদে পা দেবে না।

তিনি জানান, সাইবার অপরাধ মোকাবিলায় আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। পাশাপাশি প্রতারকদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত বিষয়গুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। টেলিগ্রামসহ বিভিন্ন প্ল্যাটফর্মে প্রশ্নপত্র ফাঁসের নামে প্রতারণার সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, প্রধানমন্ত্রীর শিক্ষা মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

আজকের বাজারে স্বর্ণের দাম (১১ জুলাই)

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে দেশে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন... বিস্তারিত