×

ঢাকা, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩

সব মাদ্রাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ

২০২৬ নভেম্বর ২৬ ১৮:৪৯:২২

সব মাদ্রাসায় বিশেষ কর্মসূচি পালনের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য দেশের সব মাদ্রাসাকে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড। এ নির্দেশনা বাস্তবায়নে মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, প্রতিষ্ঠানপ্রধান, সভাপতি ও পরিচালনা কমিটির সদস্যদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এ বিষয়ে পৃথক দুটি বিজ্ঞপ্তি প্রকাশ করে মাদ্রাসা শিক্ষা বোর্ড।

মহান বিজয় দিবস পালনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর ‘মহান বিজয় দিবস ২০২৬’ রাষ্ট্রীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের আন্তমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এসব কর্মসূচির আলোকে মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন সব প্রতিষ্ঠানে নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।

বিজয় দিবস উপলক্ষে পাঁচটি কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। এগুলো হলো জাতীয় পতাকা উত্তোলন, সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে, বিজয়মেলা ও প্রতিযোগিতা, ক্রীড়া প্রতিযোগিতা এবং বিশেষ দোয়া ও মোনাজাত।

জাতীয় পতাকা উত্তোলন: ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা বিধিমালা অনুযায়ী সঠিক মাপ ও রঙের জাতীয় পতাকা নিজ নিজ মাদ্রাসা ভবনে উত্তোলন করতে হবে।

সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে: ১৬ ডিসেম্বর সকাল ৯টায় জেলা ও উপজেলা পর্যায়ে স্থানীয় প্রশাসন নির্ধারিত স্টেডিয়াম বা সুবিধাজনক স্থানে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষার্থীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে অনুষ্ঠিত হবে। এসব আয়োজনে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।

বিজয়মেলা ও প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত তিন দিনব্যাপী বিজয়মেলায় শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। এ ছাড়া সুবিধাজনক সময়ে শিশু-কিশোরদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।

ক্রীড়া প্রতিযোগিতা: জেলা ও উপজেলা পর্যায়ে আয়োজিত প্রীতি ফুটবল ম্যাচ, টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট, কাবাডি বা হা-ডু-ডু প্রতিযোগিতায় শিক্ষার্থীদের অংশগ্রহণে উৎসাহিত করতে হবে।

বিশেষ দোয়া ও মোনাজাত: ১৬ ডিসেম্বর সুবিধাজনক সময়ে নিজ নিজ মাদ্রাসায় বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করতে হবে। এতে শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফিরাত, বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করা হবে।

অন্যদিকে, শহীদ বুদ্ধিজীবী দিবস পালনসংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ১৪ ডিসেম্বর ‘শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে গৃহীত কর্মসূচি অনুযায়ী মাদ্রাসা শিক্ষা বোর্ডের আওতাধীন প্রতিষ্ঠানগুলোকে নির্ধারিত কার্যক্রম বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

এ দিবস উপলক্ষে প্রতিটি মাদ্রাসায় নিজ নিজ সুবিধাজনক সময়ে বিশেষ আলোচনা অনুষ্ঠানের আয়োজন করতে হবে। আলোচনায় দিবসটির তাৎপর্য তুলে ধরার পাশাপাশি শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সবাইকে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে অংশগ্রহণ নিশ্চিত করতে বলা হয়েছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত