ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
বিশ্বকাপে মেসির ৬ ঐতিহাসিক রেকর্ড
স্পোর্টস ডেস্ক: ফিফা বিশ্বকাপ যেন লিওনেল মেসির জন্য একের পর এক নতুন মাইলফলক স্পর্শ করার আসর। মিসরের বিপক্ষে শেষ ষোলোর নাটকীয় ম্যাচেও আর্জেন্টাইন অধিনায়ক শুধু দলকে জয়ে ফেরাতেই ভূমিকা রাখেননি, বিশ্বকাপ ইতিহাসের একাধিক রেকর্ডেও নিজের অবস্থান আরও শক্ত করেছেন। গোল, অ্যাসিস্ট, নকআউট পারফরম্যান্স এবং ধারাবাহিকতার বিচারে নতুন উচ্চতায় পৌঁছেছেন তিনি।
ম্যাচের ৭৯তম মিনিটে আর্জেন্টিনা যখন ২-০ গোলে পিছিয়ে, তখন বক্সের ভেতরে দারুণ এক ক্রস বাড়ান মেসি। সেই বল হেডে জালে পাঠান ক্রিস্তিয়ান ‘কুটি’ রোমেরো। এই অ্যাসিস্টের মাধ্যমে বিশ্বকাপে নিজের অ্যাসিস্ট সংখ্যা ১০-এ উন্নীত করেন মেসি।
এর ফলে বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ অ্যাসিস্টদাতার তালিকায় জার্মান কিংবদন্তি ফ্রিটজ ভাল্টারের পাশে জায়গা করে নিয়েছেন তিনি। এখন দুজনেরই বিশ্বকাপে অ্যাসিস্ট সংখ্যা সমান ১০।
এর আগে কেপ ভার্দের বিপক্ষে ম্যাচে রোমেরোর গোলে প্রথমে মেসির অ্যাসিস্ট ধরা হলেও পরে সেটি আত্মঘাতী গোল হিসেবে স্বীকৃতি পাওয়ায় সেই অ্যাসিস্ট বাতিল হয়। ফলে মিসরের বিপক্ষেই আনুষ্ঠানিকভাবে ১০ অ্যাসিস্টের মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক।
বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা
অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে আগেই জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসেকে ছাড়িয়ে গিয়েছিলেন মেসি। মিসরের বিপক্ষে আরও একবার জালের দেখা পাওয়ায় বিশ্বকাপে তার মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ২১-এ। ফলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে নিজের অবস্থান আরও দৃঢ় করেছেন তিনি।
টানা নয় ম্যাচে গোলের নজির
মিসরের বিপক্ষে গোল করার মধ্য দিয়ে বিশ্বকাপে টানা নয়টি ম্যাচে গোল করার বিরল কীর্তিও গড়েছেন মেসি। বিশ্বকাপ ইতিহাসে এর আগে কোনো ফুটবলার টানা নয় ম্যাচে গোল করতে পারেননি।
এই রেকর্ড গড়তে গিয়ে তিনি ফ্রান্সের জাস্ট ফন্টেইন এবং ব্রাজিলের জাইরজিনহোর দীর্ঘদিনের কীর্তিও ছাড়িয়ে গেছেন।
নকআউট পর্বে ধারাবাহিক সাফল্য
বিশ্বকাপের নকআউট পর্বে টানা ছয় ম্যাচে গোল করা প্রথম ফুটবলারও এখন লিওনেল মেসি। গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে ধারাবাহিক পারফরম্যান্স দেখিয়ে তিনি বড় আসরের অন্যতম সেরা খেলোয়াড় হিসেবে নিজের মর্যাদা আরও উঁচুতে নিয়ে গেছেন।
এক আসরে আট গোলের রেকর্ড স্পর্শ
চলতি বিশ্বকাপে মেসির গোলসংখ্যা বেড়ে আটে পৌঁছেছে। এর মাধ্যমে ১৯৩০ বিশ্বকাপে আর্জেন্টিনার কিংবদন্তি গিয়েরমো স্তাবিলের এক আসরে আট গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।
এখনও টুর্নামেন্টে আর্জেন্টিনার ম্যাচ বাকি থাকায় এই রেকর্ড এককভাবে নিজের করে নেওয়ার সুযোগও রয়েছে তার সামনে।
ছয়টি বিশ্বকাপে অংশগ্রহণ
আলজেরিয়ার বিপক্ষে মাঠে নেমেই ছয়টি বিশ্বকাপে অংশ নেওয়া প্রথম ফুটবলার হিসেবে ইতিহাস গড়েন মেসি। পরে ক্রিশ্চিয়ানো রোনালদো ও গিয়েরমো ওচোয়াও একই কীর্তিতে নাম লেখালেও এই অর্জনের পথিকৃৎ ছিলেন আর্জেন্টাইন মহাতারকাই।
ম্যাচ ও মিনিট-দুই রেকর্ডই মেসির
বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডও এখন তার দখলে। এখন পর্যন্ত ৩০টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন তিনি।
এছাড়া বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি সময় মাঠে থাকার রেকর্ডও মেসির। টুর্নামেন্টটির বিভিন্ন আসরে তিনি মোট ২ হাজার ৫১৯ মিনিট খেলেছেন।
তিনটি ফাইনালের স্বপ্ন
২০১৪ ও ২০২২ বিশ্বকাপে ফাইনাল খেলেছেন মেসি। এবারও আর্জেন্টিনা যদি ফাইনালে পৌঁছাতে পারে, তাহলে তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলা ফুটবলারদের এলিট তালিকায় নাম লেখাবেন তিনি।
প্রতিটি ম্যাচের সঙ্গে যেন নতুন করে ইতিহাস লিখছেন লিওনেল মেসি। বয়সকে হার মানিয়ে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চে এখনও তিনি রেকর্ড ভাঙা-গড়ার অন্যতম প্রধান নায়ক হয়ে আছেন।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত