ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: আগামী ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে তিনি বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনের পাশাপাশি দলীয় সাংগঠনিক সভায় অংশ নেবেন। এ ছাড়া বগুড়ায় দ্রুত অভ্যন্তরীণ বিমানবন্দর চালুর বিষয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ইতিবাচক সিদ্ধান্ত ও অনুশাসন পাওয়া গেছে বলে জানিয়েছেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় বগুড়ার সার্বিক উন্নয়ন, বিমানবন্দর, বগুড়া বিশ্ববিদ্যালয়, প্রধানমন্ত্রীর সফরসূচি এবং উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের আঞ্চলিক শাখা স্থাপনের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন রেজাউল করিম বাদশা।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে সাম্প্রতিক বৈঠকের প্রসঙ্গ উল্লেখ করে তিনি জানান, আন্তর্জাতিক বিমানবন্দর চালু করতে সময় লাগবে বলে আপাতত বগুড়ায় অভ্যন্তরীণ ফ্লাইট চালুর প্রস্তাব দেওয়া হয়। প্রধানমন্ত্রী এতে সম্মতি দিয়েছেন। বেসরকারি বিমান সংস্থাসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ডোমেস্টিক বিমানবন্দর চালুর অনুশাসনও দিয়েছেন তিনি। রানওয়ে কিছুটা সম্প্রসারণ এবং টার্মিনালসংক্রান্ত প্রয়োজনীয় অবকাঠামোগত কাজ শেষ করে দ্রুততম সময়ে বিমানবন্দরটি চালু করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করেন রেজাউল করিম বাদশা।
বগুড়া বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের বিষয়ে তিনি বলেন, আগামী ১০০ বছরের কথা মাথায় রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও ফিজিবিলিটি যাচাই করে পূর্ব দিকে তিনটি স্থান দেখা হয়েছে। শহর থেকে কিছুটা দূরে হলেও শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনায় রাখা হয়েছে। এই তিনটি স্থানের মধ্যে প্রধানমন্ত্রী যে স্থানটি অনুমোদন করবেন, সেখানেই বিশ্ববিদ্যালয়ের মূল কাজ শুরু হবে।
আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রীর বগুড়া সফরের সম্ভাব্য কর্মসূচি তুলে ধরে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা জানান, মোকামতলায় ঘোষিত পৌরসভা উদ্বোধনসহ সংশ্লিষ্ট বিষয়ে কর্মসূচি এবং সেখানে একটি জনসভা হতে পারে। এ ছাড়া করতোয়া নদী খননকাজ ও জনসভার বিষয়ও রয়েছে। দিনের শেষভাগে মাগরিবের পর শহরের শহীদ টিটু মিলনায়তন হলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সাংগঠনিক সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী।
জাতীয় ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক শাখা এবং উচ্চশিক্ষা প্রসঙ্গে রেজাউল করিম বাদশা জানান, একটি আঞ্চলিক শাখা ও একাডেমিক ভবনের জন্য পুরাতন সিও (উপজেলা) অফিস এলাকায় জায়গা মোটামুটি চূড়ান্ত হয়েছে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর সম্মতিও রয়েছে। পাশাপাশি একটি ইনস্টিটিউটের ভবন নির্মাণে প্রায় এক একর জমি দেওয়ার বিষয়টি আলোচনায় রয়েছে। এ ছাড়া ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের একটি আঞ্চলিক শাখা বগুড়ায় স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ৩ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) ফিজিবিলিটি ও জমি পরিদর্শনের জন্য বগুড়ায় আসবেন।
ব্রিফিংয়ের শেষ পর্যায়ে বগুড়ার উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্ব দেন রেজাউল করিম বাদশা। এ লক্ষ্যে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা