ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
কোয়ার্টার ফাইনালে ফ্রান্স, প্রতিপক্ষ কে?
পার্থ হক
রিপোর্টার
পার্থ হক: বিশ্বকাপের শেষ আটে জমে উঠেছে আরেকটি বহুল প্রতীক্ষিত লড়াই। কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হচ্ছে ইউরোপের পরাশক্তি ফ্রান্স এবং আফ্রিকার অন্যতম সেরা দল মরক্কো। চার বছর আগে কাতার বিশ্বকাপের সেমিফাইনালে দেখা হওয়া এই দুই দলের লড়াই এবার ফিরছে নতুন প্রেক্ষাপটে। তাই ২০২২ সালের সেই স্মৃতি আর প্রতিশোধের সম্ভাবনা মিলিয়ে ম্যাচটি ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে।
বিশ্বকাপের নকআউট পর্বের সূচি আগেই নির্ধারিত থাকায় শেষ ষোলোর ম্যাচে কানাডাকে হারানোর পর থেকেই মরক্কো জানত, কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হবে ফ্রান্স অথবা প্যারাগুয়ে। শেষ পর্যন্ত ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে হারিয়ে টানা চতুর্থবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে জায়গা নিশ্চিত করে ফ্রান্স।
৩৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় অনুষ্ঠিত ম্যাচে প্যারাগুয়ের সুশৃঙ্খল রক্ষণভাগ ভাঙতে বেশ বেগ পেতে হয় দিদিয়ের দেশমের শিষ্যদের। শেষ পর্যন্ত একমাত্র গোলটি আসে কিলিয়ান এমবাপ্পের পেনাল্টি থেকে।
ম্যাচের ৬১তম মিনিটে বদলি হিসেবে নামা দেজিরে দুয়ে চমৎকার ড্রিবলিং করে প্যারাগুয়ের বক্সে ঢুকে পড়লে তাকে ট্যাকল করে ফেলে দেন দিয়েগো গোমেজ। প্রথমে রেফারি খেলা চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেও পরে ভিএআরের সহায়তায় পেনাল্টির সিদ্ধান্ত দেন।
স্পটকিক থেকে নিখুঁত শটে গোল করে চলতি বিশ্বকাপে নিজের সপ্তম এবং বিশ্বকাপ ক্যারিয়ারের ১৯তম গোল করেন এমবাপ্পে। এর মাধ্যমে চলতি আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় সাত গোল নিয়ে তিনি লিওনেল মেসির সমতায় পৌঁছেছেন। একই সঙ্গে বিশ্বকাপ ইতিহাসে মেসির ২০ গোলের রেকর্ড স্পর্শ করতে এখন তার দরকার আর মাত্র একটি গোল।
অন্যদিকে, কানাডাকে ৩-০ ব্যবধানে পরাজিত করে আগেই কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করেছিল মরক্কো। প্রথমার্ধে কোনো গোল না হলেও বিরতির পর আশরাফ হাকিমি, ব্রাহিম দিয়াজদের দাপুটে পারফরম্যান্সে তিন গোল করে বড় জয় তুলে নেয় আফ্রিকার প্রতিনিধিরা।
আগামী ৯ জুলাই দিবাগত রাত ২টায় ফক্সবোরোর বোস্টন স্টেডিয়ামে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামবে ফ্রান্স ও মরক্কো। এই ম্যাচটি ফিরিয়ে আনছে ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালের স্মৃতি, যেখানে আফ্রিকার প্রথম দল হিসেবে শেষ চারে ওঠা মরক্কো ২-০ গোলে হেরে বিদায় নিয়েছিল।
এবার সেই ইতিহাস বদলানোর সুযোগ পাচ্ছে অ্যাটলাস লায়নরা। টানা দ্বিতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার পাশাপাশি আফ্রিকার একমাত্র দল হিসেবে বিশ্বকাপে চারটি নকআউট ম্যাচ জয়ের কীর্তিও ইতোমধ্যে গড়েছে তারা। মহাদেশটির অন্য কোনো দল এখনো দুটি নকআউট ম্যাচও জিততে পারেনি।
গ্রুপ পর্বেও দুই দলই ছিল দুর্দান্ত ছন্দে। মরক্কো দুই জয় ও এক ড্র নিয়ে নকআউটে ওঠে, আর ফ্রান্স নিজেদের গ্রুপের তিনটি ম্যাচই জিতে শেষ ষোলো নিশ্চিত করে। সাম্প্রতিক পারফরম্যান্স, অতীতের ইতিহাস এবং দুই দলের বর্তমান ফর্ম বিবেচনায় কোয়ার্টার ফাইনালের এই লড়াইটি বিশ্বকাপের সবচেয়ে উপভোগ্য ম্যাচগুলোর একটি হওয়ার সব উপাদানই রয়েছে। এখন দেখার বিষয়, ২০২২ সালের ফলাফল আবারও পুনরাবৃত্তি হয়, নাকি এবার নতুন ইতিহাস লিখে সেমিফাইনালে জায়গা করে নেয় মরক্কো।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- সরকারি বাঙলা কলেজে উপবৃত্তি আবেদনে শিক্ষার্থীদের পাশে ছাত্রদলের নিরব
- আধুনিক প্রযুক্তিতে শিল্প এগিয়ে নিতে হবে: রিজভী
- এস আলমের কোম্পানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল
- প্রবাসের ঠিকানা বদলায় শিকড়ের পরিচয় নয়
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ, দেখুন এখানে
- ১৯তম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি নিয়ে যা জানা গেল
- প্রধান শিক্ষক নিয়োগে হাইকোর্টের রায় স্থগিত
- জাবির জঙ্গলে গভীর রাতে তিন নারীসহ পাঁচ বহিরাগত আটক
- ফ্যামিলি কার্ডের আশায় টিপসই দিয়ে ‘বিয়ে হয়ে গেল’ আছিয়ার
- বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক
- দৈনন্দিন একাডেমিক কার্যক্রম সহজকরণে 'ক্লাসট্যাবলেট'
- আজকের বাজারে স্বর্ণের দাম (৮ অক্টোবর)
- বিআরটিসির নতুন চেয়ারম্যান মীর আহমেদ তারিকুল ওমর
- বুয়েটে ২৪ পদে নিয়োগ, আবেদন ১১ নভেম্বর পর্যন্ত