ঢাকা, শুক্রবার, ৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩

ফুটবল বিশ্বকাপ ঘিরে আজ বিশেষ পর্ব নিয়ে আসছে ‘ইত্যাদি’

২০২৬ জুলাই ০৩ ২০:২৬:১৯

ফুটবল বিশ্বকাপ ঘিরে আজ বিশেষ পর্ব নিয়ে আসছে ‘ইত্যাদি’

বিনোদন ডেস্ক: ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় যখন মুখর বিশ্ব, তখন সেই আবহকে কেন্দ্র করে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ নিয়ে আসছে একটি বিশেষ সংকলিত পর্ব। আজ শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে অনুষ্ঠানটি।

বিশেষ এই সংকলনের একটি অংশে থাকবে ২০১৬ সালের বাংলা বছরের প্রথম মাসে চাঁপাইনবাবগঞ্জের হর্টিকালচার সেন্টারের আম্রকাননে ধারণ করা ‘ইত্যাদি’র বিশেষ পর্বের নির্বাচিত অংশ। বাকি অংশ সাজানো হয়েছে ‘ইত্যাদি’র বিভিন্ন পর্বে প্রচারিত ফুটবলবিষয়ক জনপ্রিয়, তথ্যবহুল ও দর্শকপ্রিয় আয়োজন দিয়ে।

চাঁপাইনবাবগঞ্জের আম্রকানন শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, ইতিহাস ও ঐতিহ্যের কারণেও বিশেষ গুরুত্ব বহন করে। প্রাচীন বরেন্দ্র অঞ্চল এবং গৌড়-সুলতানি আমলের নানা ঐতিহাসিক নিদর্শন ও প্রত্নসম্পদের পরিচয় বহনকারী এই জনপদের ইতিহাস ও সংস্কৃতির বিভিন্ন দিকও অনুষ্ঠানের নানা আয়োজনে স্থান পেয়েছে।

অনুষ্ঠানটি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত।

বিষয়বৈচিত্র্যে সমৃদ্ধ এ পর্বে রয়েছে একাধিক মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ এবং জেলার বিখ্যাত আমকে কেন্দ্র করে দুটি তথ্যভিত্তিক প্রতিবেদন প্রচার করা হবে। পাশাপাশি সর্পপ্রেমী তরুণ ফজলে রাব্বী রবিনকে নিয়ে একটি সচেতনতামূলক প্রতিবেদনও থাকছে।

এ ছাড়া ফুটবল নিয়ে তিনবার গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়া মাগুরার হালিমকে নিয়ে একটি অনুপ্রেরণামূলক প্রতিবেদন সম্প্রচার করা হবে। ১৯৯৫ সালে ‘ইত্যাদি’ই প্রথম তাঁকে দর্শকদের সামনে তুলে ধরেছিল। খুলনার ফুলতলা উপজেলার প্রচারবিমুখ সমাজসেবক ও শিক্ষানুরাগী কুতুবুদ্দিন আহমেদকে নিয়েও রয়েছে একটি শিক্ষামূলক প্রতিবেদন।

অনুষ্ঠানের বিদেশি প্রতিবেদনে তুলে ধরা হবে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এবং প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যে সমৃদ্ধ গ্রিসের রাজধানী এথেন্স ও দেশটির ঐতিহ্যবাহী ইভজোনস সেনাদলকে।

মোহাম্মদ রফিকউজ্জামানের লেখা এবং হানিফ সংকেতের সুরে চাঁপাইনবাবগঞ্জকে নিয়ে একটি বিশেষ গানের সঙ্গে স্থানীয় শতাধিক নৃত্যশিল্পীর অংশগ্রহণে পরিবেশিত হবে বর্ণিল নৃত্য। পাশাপাশি থাকবে একটি বক্তব্যধর্মী মিউজিক্যাল ড্রামা, যেখানে বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কিছু অসংগতি ব্যঙ্গাত্মকভাবে তুলে ধরা হয়েছে। এতে অভিনয় করেছেন প্রাণ রায় ও জয়রাজ।

দর্শক পর্বে অংশ নিয়েছে চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা দল। গম্ভীরাশিল্পী মাহাবুবুল আলম ও ফাইজুর রহমান মানি চাঁপাইনবাবগঞ্জ ও লোকসংগীত নিয়ে বিশেষ গম্ভীরা পরিবেশন করেছেন। সেই পরিবেশনার ভিত্তিতে প্রশ্নোত্তরের মাধ্যমে নির্বাচিত করা হয়েছে বিজয়ীদের।

এ ছাড়া বিভিন্ন সময়ের সামাজিক অসংগতি ও সমসাময়িক ঘটনা নিয়ে নির্মিত বিদ্রূপাত্মক নাট্যাংশের সংকলনের পাশাপাশি ‘ইত্যাদি’র জনপ্রিয় ‘নানি-নাতি’, ‘মামা-ভাগনে’ এবং ‘চিঠিপত্র’ বিভাগও থাকছে এই বিশেষ পর্বে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

চার বছর পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ

চার বছর পর ৩৭ বিলিয়ন ডলার ছাড়াল দেশের রিজার্ভ

নিজস্ব প্রতিবেদক: দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও শক্ত অবস্থানে ফিরেছে। প্রায় চার বছর পর রিজার্ভ ৩৭ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম... বিস্তারিত