×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

রোহিঙ্গাদের সহায়তায় ৯ বছরে ৪৬ কোটি পাউন্ড দিয়েছে যুক্তরাজ্য

২০২৬ অক্টোবর ২০ ১৭:২০:২৫

রোহিঙ্গাদের সহায়তায় ৯ বছরে ৪৬ কোটি পাউন্ড দিয়েছে যুক্তরাজ্য

নিজস্ব প্রতিবেদক: রোহিঙ্গা শরণার্থী সংকট মোকাবিলায় দীর্ঘদিন ধরে বাংলাদেশের পাশে রয়েছে যুক্তরাজ্য। গত ৯ বছরে রোহিঙ্গা শরণার্থীদের জন্য দেশটি ৪৬ কোটি পাউন্ড, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭ হাজার ৫৩৮ কোটি টাকা, সহায়তা দিয়েছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক।

আজ সোমবার সন্ধ্যায় টাঙ্গাইলের মির্জাপুরে রণদা প্রসাদ সাহার বাড়ির পূজামণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

সারাহ কুক বলেন, মিয়ানমারের পরিস্থিতির উন্নতি হলে রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও স্বেচ্ছামূলক প্রত্যাবাসন নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে যুক্তরাজ্য।

বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে যুক্তরাজ্যের ঘনিষ্ঠ যোগাযোগের কথা তুলে ধরে হাইকমিশনার বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক রয়েছে। যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত বিশাল জনগোষ্ঠী রয়েছে। বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টিতে আমাদের শক্তিশালী অংশীদারত্ব রয়েছে।’

কুমুদিনীতে দুর্গাপূজা দেখতে এসে নিজের ভালো লাগার কথাও জানান সারাহ কুক। তিনি বলেন, ‘এখানে এটি আমার তৃতীয় সফর। এখানকার চমৎকার সব আয়োজন দারুণ উপভোগ করছি।’

এর আগে বিকেলে কুমুদিনী কমপ্লেক্সে পৌঁছান যুক্তরাজ্যের হাইকমিশনার। কুমুদিনী লাইব্রেরিতে চা-চক্রে অংশ নেওয়ার পর তিনি কমপ্লেক্সের রেস্টহাউসে যান। সেখান থেকে পূজামণ্ডপ পরিদর্শনে বের হন তিনি। বজরা নৌকায় চড়ে লৌহজং নদের উত্তর পার থেকে দক্ষিণ পারে যান সারাহ কুক। এ সময় নৌকায় ছিলেন সুইজারল্যান্ডের উপমিশন প্রধান দীপক এলমারও।

নৌকা থেকে নেমে তাঁরা দুজন পূজামণ্ডপের সামনে অবস্থিত আশানন্দ হলে যান। সেখানে তাঁদের স্বাগত জানান কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক রাজীব প্রসাদ সাহা। এ সময় ট্রাস্টের পরিচালক শ্রীমতী সাহা, শম্পা সাহা ও প্রতিভা মুৎসুদ্দি উপস্থিত ছিলেন।

পরে আশানন্দ হলে বসে পূজামণ্ডপের সামনে ভারতেশ্বরী হোমসের শিক্ষার্থীদের পরিবেশনায় আরতি উপভোগ করেন অতিথিরা।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত