ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
জুলাই গণঅভ্যুত্থানকে বিতর্কিত করবেন না: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিতর্ক সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, অতীতে মহান মুক্তিযুদ্ধকে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছিল, যা বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। একইভাবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান নিয়েও কোনো কোনো মহল বিতর্ক তৈরির চেষ্টা করছে। গণতন্ত্রে বিশ্বাসী সবার প্রতি তাঁর আহ্বান, এই গণঅভ্যুত্থানকে যেন কেউ বিতর্কিত না করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে রংপুর নগরীর ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, জনগণের ভোটে সংসদ গঠিত হয়েছে এবং জনগণ তাঁদের প্রতিনিধিদের সেখানে পাঠিয়েছেন। কারও কোনো বক্তব্য বা দাবি থাকলে তা সংসদে তুলে ধরার আহ্বান জানান তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করার সময় ধর্মের কোনো ভেদাভেদ করা হয়নি। বিভিন্ন ধর্ম, মত ও পেশার মানুষ একসঙ্গে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। পরবর্তী সময়ে যখনই গণতন্ত্র হুমকির মুখে পড়েছে, তখনই এ দেশের মানুষ নিজেদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠায় রাজপথে নেমে এসেছে। তাঁদের মধ্যেও সব ধর্ম, মত ও শ্রেণি-পেশার মানুষ ছিলেন।
তারেক রহমান বলেন, দুই-আড়াই বছর আগে বাংলাদেশে একটি গণঅভ্যুত্থান হয়েছিল। ছাত্র-জনতা সেই অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষের ওপর চেপে বসা স্বৈরাচারকে বিতাড়িত করেছে। ওই সময়ের রাজপথের চিত্র পর্যালোচনা করলে দেখা যায়, বাংলাদেশে বসবাসকারী সব ধর্মের মানুষের সম্মিলন ঘটেছিল সেখানে। দল, মত, ধর্ম ও বর্ণনির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেদের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমেছিলেন।
দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, হাজার বছর ধরে এ দেশের বিভিন্ন ধর্মের মানুষ একসঙ্গে শান্তিতে বসবাস করে আসছেন। ভবিষ্যতের হাজার বছরেও যেন এই শান্তিপূর্ণ সহাবস্থান অব্যাহত থাকে, সেটিই তাঁদের প্রত্যাশা। কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তুলতে হলে সব ধর্ম ও মতের মানুষকে একযোগে দেশের জন্য কাজ করতে হবে।
সরকারের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে তারেক রহমান বলেন, জনগণ বর্তমান সরকারকে নির্বাচিত করেছে। কোনো অঞ্চলে তাঁদের প্রার্থী নির্বাচিত হয়েছেন, আবার কোনো অঞ্চলে হননি। তবে সরকার এমনভাবে কাজ করতে চায়, যাতে যারা ভোট দিয়েছেন এবং যারা দেননি উভয় পক্ষই নিজেদের সরকার হিসেবে একে বিবেচনা করতে পারেন। সব অঞ্চল ও মানুষের জন্য কাজ করাই সরকারের লক্ষ্য। রাষ্ট্রের অর্থনৈতিক সক্ষমতা বিবেচনায় নিয়ে দেশের সব এলাকায় সমানভাবে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং সম্পদের সুষম বণ্টন নিশ্চিত করতে চায় সরকার।
রাজনীতিতে পরিবর্তনের প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশকে এগিয়ে নিতে সবাইকে এগিয়ে আসতে হবে এবং সব ধরনের বিভ্রান্তি থেকে বেরিয়ে আসতে হবে। অতীতে যে ধরনের রাজনীতি দেখা গেছে, সরকার তার পরিবর্তন করতে চায়। এ পরিবর্তনের জন্য সরকার কাজ করছে। তবে পরিবর্তন আনার সবচেয়ে বড় শক্তি জনগণ। অতীতের মতো বর্তমানেও জনগণকে পাশে চান তাঁরা।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায়, সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল এবং বিএনপি নেত্রী ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী।
পূজামণ্ডপ পরিদর্শন শেষে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরের উন্নয়নের জন্য ১০ লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করেন প্রধানমন্ত্রী।
এর আগে সৈয়দপুর বিমানবন্দর থেকে সড়কপথে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে দুপুর ১২টার দিকে ধর্মসভা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছান তারেক রহমান। এ সময় মন্দির কমিটির সদস্য ও বিএনপি নেতারা তাঁকে অভ্যর্থনা জানান। মন্দিরে প্রবেশ করে পূজারিদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি। পাশাপাশি হাত নেড়ে সেখানে উপস্থিত হিন্দু সম্প্রদায়ের লোকজনকে শুভেচ্ছা জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়ী হয়ে সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের প্রথম রংপুর সফর। পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি সৈয়দপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। সেখান থেকে তাঁর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাস্টারদা সূর্য সেন হল অ্যালামনাইয়ের নতুন কমিটি ঘোষণা, সভাপতি ডাবলু, সাধারণ সম্পাদক পলাশ
- ৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৬ অক্টোবর)
- নিউজিল্যান্ডে বাংলাদেশি শিক্ষার্থীদের ৭০ শতাংশের ভিসা প্রত্যাখ্যান, বাড়ছে উদ্বেগ
- আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ২২৮ পদে নিয়োগ
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির আবেদন শুরু আজ
- ২৬ অক্টোবর থেকে কক্সবাজার যাবে মহানগর এক্সপ্রেস
- সৌদি আরবে দুই বাংলাদেশির মৃ/ত্যুদণ্ড কার্যকর
- বিআইডব্লিউটিসি ও মেরিটাইম ইউনিভার্সিটির মধ্যে সমঝোতা স্মারক সই
- বাংলাদেশকে ৩০৫ রানের লক্ষ্য দিল আফগানিস্তান, জবাবে ১৬৯ রান
- এসএসসি-এইচএসসিতে ফেল করলে ফের পরীক্ষা, এরপর কারিগরি শিক্ষা
- সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান
- খুলনায় ৩০ কেজি ধানে তৈরি দুর্গাপ্রতিমা দেখতে ভিড়
- শনিবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট ও দোকানপাট
- আজকের বাজারে স্বর্ণের দাম (১৩ অক্টোবর)