×

ঢাকা, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

মাদ্রাসা শিক্ষকদের বদলি কবে শুরু, জানাল অধিদপ্তর

২০২৬ অক্টোবর ২০ ১৬:২৫:৫৪

মাদ্রাসা শিক্ষকদের বদলি কবে শুরু, জানাল অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি মাদ্রাসায় কর্মরত এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে। বদলির জন্য প্রয়োজনীয় সফটওয়্যার তৈরির টেন্ডার হলেও এখনো মূল্যায়ন প্রক্রিয়া শেষ হয়নি। প্রথম টেন্ডারের সব কার্যক্রম সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় দফায় টেন্ডার আহ্বান করা হবে। এরপর সফটওয়্যার তৈরি হলে শিক্ষকদের বদলির আওতায় আনা হবে।

গতকাল সোমবার এ তথ্য জানান মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক মুহাম্মদ শাহাদাত হোসাইন।

দুই দফায় টেন্ডার করার কারণ জানতে চাইলে মহাপরিচালক বলেন, ‘এটি সার্ভিস টেন্ডার; এজন্য দুইবার করতে হচ্ছে। তবে সব কার্যক্রম দ্রুত শেষ করার চেষ্টা চলছে।’

মাদ্রাসার এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম কবে শুরু হতে পারে, জানতে চাইলে মুহাম্মদ শাহাদাত হোসাইন বলেন, ‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু করতে আগামী বছরের জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাস লেগে যেতে পারে। এর আগে বদলি কার্যক্রম শুরু করা সম্ভব হবে না।’

এদিকে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাওয়ার বিষয়টি এখন অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্ত ও কার্যক্রমের ওপর নির্ভর করছে। এ ক্ষেত্রে শিক্ষা মন্ত্রণালয়ের করণীয় কিছু নেই বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

দুই মন্ত্রণালয়ের শীর্ষ পর্যায়ের কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। এ বিষয়ে দুই মন্ত্রণালয়ের দুই সচিবের মধ্যে একাধিকবার আলোচনা হয়েছে। তবে মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের হিসাব হাতে-কলমে করতে হয়। এ কারণে তাঁরা শিগগিরই নতুন স্কেলে বেতন-ভাতা পাচ্ছেন না।

সংশ্লিষ্ট সূত্র বলছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন বেতন স্কেলে বেতন-ভাতা পেতে ডিসেম্বর পর্যন্ত সময় লাগতে পারে। এমনকি এ প্রক্রিয়া আগামী বছরের জানুয়ারি পর্যন্তও গড়াতে পারে। পুরো বিষয়টি নির্ভর করছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের কার্যক্রমের ওপর।

নাম প্রকাশ না করার শর্তে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘এমপিওভুক্ত জনবলও নতুন পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন। তবে বিষয়টি এখন আর আমাদের হাতে নেই। এটি অর্থ বিভাগের হাতে। অর্থ বিভাগ যখন পৃথকভাবে গেজেট জারি করবে, তখন থেকেই শিক্ষক-কর্মচারীরা নবম জাতীয় পে-স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাবেন।’

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত