ঢাকা, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩২

২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

২০২৬ মার্চ ২৪ ১৭:৫৫:৩২

২০ হাজার কিলোমিটার নদী-খাল খনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন এলাকায় পানি সংকট ও জলাবদ্ধতা কমাতে নদী-নালা, খাল ও জলাশয় খনন এবং পুনঃখনন কার্যক্রম জোরদার করেছে সরকার বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, এ কর্মসূচি বাস্তবায়িত হলে পানির স্তর পুনরুদ্ধারের পাশাপাশি কৃষি উৎপাদন ও গ্রামীণ অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়বে।

মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে পঞ্চগড়ের বোদা পৌরসভার প্রামানিক পাড়ায় ঝিনাইকুড়ি খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এসব কথা বলেন। দেশব্যাপী নদী, খাল ও জলাধার খনন কর্মসূচির অংশ হিসেবে এই প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী জানান, সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার নদী, খাল ও জলাশয় খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। ইতোমধ্যে বিভিন্ন জেলায় এই কর্মসূচি শুরু হয়েছে। পঞ্চগড়েও সেই ধারাবাহিকতায় প্রায় তিন কিলোমিটার দীর্ঘ ঝিনাইকুড়ি খাল পুনঃখননের কাজ শুরু হয়েছে।

তিনি বলেন, একসময় এই খালটি প্রবাহমান নদীর মতো ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ভরাট হয়ে এর স্বাভাবিক প্রবাহ বন্ধ হয়ে যায়। পুনঃখনন কাজ সম্পন্ন হলে প্রায় ১৫ হাজার মানুষ এর সুফল পাবে। বিশেষ করে বর্ষা মৌসুমে জলাবদ্ধতা কমবে এবং শুষ্ক মৌসুমে পানির চাহিদা পূরণে সহায়তা করবে।

ফরহাদ হোসেন আজাদ বলেন, খাল পুনঃখননের মাধ্যমে শুধু পানি ব্যবস্থাপনা উন্নত হবে না, বরং জীববৈচিত্র্য সংরক্ষণ, মৎস্য চাষ ও হাঁস পালনের মতো কার্যক্রমেও নতুন সুযোগ তৈরি হবে। পাশাপাশি খালের তীর ঘিরে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনাও রয়েছে।

তিনি আরও বলেন, দেশের উত্তরাঞ্চলে ভূগর্ভস্থ পানির স্তর দ্রুত নিচে নেমে যাচ্ছে। আগে যেখানে ২০ ফুট খনন করলেই পানি পাওয়া যেত, এখন অনেক জায়গায় ৬০ ফুট খনন করেও পানি পাওয়া যায় না। খাল ও জলাশয় পুনরুদ্ধার করা গেলে পানির স্তর স্থিতিশীল রাখতে সহায়ক হবে।

প্রতিমন্ত্রী জানান, খাল খনন কাজে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে। এতে একদিকে যেমন কর্মসংস্থান সৃষ্টি হবে, অন্যদিকে স্থানীয় অর্থনীতি সচল হবে। পরিকল্পনা অনুযায়ী, মোট কাজের অন্তত ৫০ শতাংশ শ্রমিকের মাধ্যমে সম্পন্ন করার উদ্যোগ রয়েছে।

তিনি বলেন, দেশের অনেক খাল ও জলাশয় দখল হয়ে গেছে। এসব দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় খালগুলো পুনরুদ্ধারের পদক্ষেপ নেওয়া হবে।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ