×

ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার

২০২৬ নভেম্বর ২১ ২০:১০:০০

হাজং সম্প্রদায়ের হারানো গৌরব পুনরুদ্ধারে কাজ করছে সরকার

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, হাজং সম্প্রদায়ের রয়েছে শত শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও গৌরব। একসময় এ অঞ্চলের হাজং ও গারো সম্প্রদায়ের মানুষের অর্থ-সম্পদ ও ঐশ্বর্য ছিল। তবে রাষ্ট্রীয় নানা কারণে বর্তমানে হাজং সম্প্রদায়ের অবস্থান অনেকাংশে সংকুচিত হয়ে গেছে। তাদের হারানো গৌরব পুনরুদ্ধার এবং ইতিহাস-ঐতিহ্যকে আরও সমৃদ্ধ ও প্রসিদ্ধ করতে সরকার কাজ করছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০২৩ সালের ১৩ জুলাই ঘোষণা দিয়েছিলেন, জনগণের ভোটে নির্বাচিত হলে বাংলাদেশকে একটি ‘রেইনবো নেশন’ হিসেবে গড়ে তুলবেন। এই দর্শনের মূল কথা হলো, বাংলাদেশে কেউ হিন্দু, কেউ মুসলমান, কেউ খ্রিষ্টান, কেউ বৌদ্ধ, আবার কেউ হাজং বা গারো পরিচয় যা-ই হোক, সবাই বাংলাদেশের নাগরিক। প্রত্যেকের সমান সাংবিধানিক ও নাগরিক অধিকার রয়েছে। এসব অধিকার শুধু মূল্যায়ন করাই নয়, বরং সুপ্রতিষ্ঠিত করাই ‘রেইনবো নেশন’ দর্শনের মূল লক্ষ্য।

শনিবার (২১ নভেম্বর) বিকেল ৪টার দিকে নেত্রকোনার কলমাকান্দা উপজেলার গোবিন্দপুর স্কুল মাঠ প্রাঙ্গণে হাজং সম্প্রদায়ের ঐতিহ্যবাহী দেউলি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে উৎসবের উদ্বোধন করেন আদিবাসী নেতা, লেখক ও গবেষক মতিলাল হাজং। এতে সভাপতিত্ব করেন নেত্রকোনার জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

ব্যারিস্টার কায়সার কামাল বলেন, জুলাই-আগস্টের আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ শিশু, তরুণ-তরুণী প্রাণ হারিয়েছেন। আজ আবারও সেই অপশক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। দেশের প্রয়োজনে পূর্বপুরুষেরা যেভাবে রক্ত দিয়েছেন এবং গণতন্ত্র রক্ষায় শিক্ষার্থীরা যেভাবে রাজপথে বুলেটকে আলিঙ্গন করেছেন, একইভাবে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় প্রত্যেক নাগরিককে অতন্দ্র প্রহরীর মতো দায়িত্ব পালন করতে হবে।

ক্ষমতা কখনো চিরস্থায়ী নয় উল্লেখ করে তিনি বলেন, যারা ক্ষমতাকে কুক্ষিগত করেছেন, তাঁরাই বারবার ক্ষমতাচ্যুত হয়েছেন। এ দেশের মানুষ কখনো অন্যায়ের সঙ্গে আপস করে না। তাই দেশের মানুষের অধিকার, গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নেত্রকোনার পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মু. বিল্লাল হোসেন খান, নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এন. এম. আবদুল্লাহ আল মামুন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিছাম, উপজেলা বিএনপির সভাপতি এম এ খায়ের, একাডেমির নির্বাহী পরিষদের সদস্য সঞ্চিতা রানী হাজং, জাতীয় হাজং সংগঠনের সভাপতি পল্টন হাজং এবং গোবিন্দপুরের সুভাষ হাজং।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ