ঢাকা, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান

২০২৬ মার্চ ১১ ২২:৫০:২৫

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় উত্থান

নিজস্ব প্রতিবেদক: দেশের অর্থনীতির জন্য একটি সুখবর দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও বেড়ে বর্তমানে ৩৪ হাজার ২৯২ দশমিক ২৭ মিলিয়ন বা ৩৪ দশমিক ২৯ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বুধবার (১১ মার্চ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ১১ মার্চ পর্যন্ত দেশের ‘গ্রস রিজার্ভ’ ৩৪ দশমিক ২৯ বিলিয়ন ডলার হলেও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্ধারিত ‘বিপিএম-৬’ পদ্ধতি অনুযায়ী নিট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ২৯ হাজার ৫৬৯ দশমিক ৮৩ মিলিয়ন বা ২৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

এর আগে এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (আকু) নিয়মিত দেনা পরিশোধের পর গত ৮ মার্চ পর্যন্ত গ্রস রিজার্ভ ছিল ৩৪ দশমিক ১০ বিলিয়ন ডলার এবং বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভ ছিল ২৯ দশমিক ৩৮ বিলিয়ন ডলার। মাত্র কয়েক দিনের ব্যবধানে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেশের অর্থনীতির স্থিতিশীলতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

উল্লেখ্য, আইএমএফের বিপিএম-৬ নীতিমালা অনুযায়ী নিট বা প্রকৃত রিজার্ভ গণনা করা হয়। মোট রিজার্ভ থেকে আকু বা অন্যান্য স্বল্পমেয়াদি বৈদেশিক দায় বাদ দেওয়ার পর যে অর্থ অবশিষ্ট থাকে, তাকেই প্রকৃত রিজার্ভ ধরা হয়। রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং রপ্তানি আয় স্থিতিশীল থাকায় রিজার্ভের পরিমাণ বাড়ছে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

এসপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত