ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রতিটি অঙ্গীকার বাস্তবায়ন করা হবে: তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর প্রথম আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন, ‘আজ থেকে আমরা সবাই স্বাধীন।’
শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এই জনাকীর্ণ সংবাদ সম্মেলনে তিনি বিজয়ের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি আগামীর বাংলাদেশ গড়ার রূপরেখা ও শান্তিশৃঙ্খলা বজায় রাখার কঠোর নির্দেশনা দেন।
বক্তব্যের শুরুতেই মহান আল্লাহর শুকরিয়া আদায় করে তারেক রহমান বলেন, ‘দেশের স্বাধীনতাপ্রিয়, গণতন্ত্রপ্রিয় জনগণ আবারও বিএনপিকে বিজয়ী করেছে। আলহামদুলিল্লাহ। এ বিজয় বাংলাদেশের, এ বিজয় গণতন্ত্রের; এই বিজয় গণতন্ত্রকামী জনগণের। আজ থেকে আমরা সবাই স্বাধীন।’ তিনি দেশের জনগণকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘সব প্রতিবন্ধকতা মোকাবিলা করে আপনারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করেছেন। ফ্যাসিবাদের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতি, অকার্যকর করে দেওয়া সাংবিধানিক ও বিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং দুর্বল আইনশৃঙ্খলা পরিস্থিতি; এমন একটি পরিস্থিতির মধ্যদিয়ে আমরা যাত্রা শুরু করতে যাচ্ছি।’
তারেক রহমান একাত্তরের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের জুলাই অভ্যুত্থানে শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন। তিনি বলেন, ‘৭১-এর স্বাধীনতা অর্জনের যুদ্ধ থেকে ২০২৪ সালে দেশ ও জনগণের স্বাধীনতা রক্ষার যুদ্ধ। দীর্ঘ এ সময়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে যারা শহীদ হয়েছেন; হতাহত হয়েছেন; যাদের রক্ত মাড়িয়ে, কষ্টের সিঁড়ি বেয়ে আজকের এ গণতান্ত্ৰিক বাংলাদেশ, সেই সব বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।’ এই আনন্দঘন মুহূর্তে মা বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘বেগম খালেদা জিয়া স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে কখনই আপস করেননি। দেশ এবং জনগণের স্বার্থের প্রশ্নে বরাবরই তিনি ছিলেন অটল অবিচল। আমরা আল্লাহর দরবারে মরহুম খালেদা জিয়ার মাগফিরাত কামনা করছি।’
জনগণের ভোটের ম্যান্ডেটকে দায়িত্ব হিসেবে অভিহিত করে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘জনগণ বিএনপির প্রতি যে বিশ্বাস এবং ভালোবাসা দেখিয়েছে, এবার মানুষের জীবনমান উন্নয়নের জন্য নিরলস কাজের মাধ্যমে জনগণের এ বিশ্বাস ও ভালোবাসার প্রতিদান দেওয়ার পালা।’ তিনি স্পষ্ট করে জানান, ‘জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ প্রত্যাশিত প্রতিটি অঙ্গীকার পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।’ এক্ষেত্রে বিএনপির ঘোষিত ৩১ দফা এবং জুলাই সনদের আলোকে রাষ্ট্র মেরামতের কাজ করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
নির্বাচন-উত্তর বাংলাদেশে কোনো ধরণের অরাজকতা বা প্রতিহিংসা যাতে না ঘটে, সে বিষয়ে কর্মীদের কঠোর নির্দেশ দেন তারেক রহমান। তিনি বলেন, ‘কোনো অপশক্তি যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটানোর সুযোগ নিতে না পারে, সেজন্য নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনের পর আমি সারাদেশে বিএনপি এবং জোটভুক্ত দলের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয় মিছিল বের করতে নিষেধ করেছিলাম। আল্লাহর দরবারের শুকরিয়া আদায়ের মাধ্যমে আমরা বিজয় উৎসব পালন করেছি।’ তিনি আরও সতর্ক করে বলেন, ‘নির্বাচনের মাঠে হয়তো কোথাও কোথাও নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়ে থাকতে পারে। তবে এ ধরনের বিরোধ যেন প্রতিশোধ প্রতিহিংসায় রূপ না নেয় সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানাচ্ছি।’
পরিশেষে তারেক রহমান প্রবাসীদের ভূমিকা এবং বিশ্বের সকল গণতান্ত্রিক শক্তির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
এসপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফ্রান্স-সেনেগাল ম্যাচ: জেনে নিন কবে, কোথায় ও কীভাবে দেখবেন
- আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: কখন, কোথায়, কীভাবে দেখবেন সম্পূর্ণ ম্যাচ
- পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ইংল্যান্ড বনাম ক্রোয়েশিয়া: কখন কোথায় ও কীভাবে দেখবেন লাইভ
- ব্রাজিল বনাম হাইতি ম্যাচের নতুন সময় ঘোষণা
- বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার টি-২০ ম্যাচ-দেখুন সরাসরি (LIVE)
- আজ জার্মানি বনাম কুরাকাও: কখন শুরু, কোথায় দেখবেন লাইভ
- কানাডা বনাম কাতার ম্যাচ: লাইভ দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার ম্যাচ: সরাসরি দেখুন এখানে
- চলছে ব্রাজিল বনাম মরক্কোর ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- ঢাবিতে ৬৪ জনে ১ জন চান্স পেলেও প্রাথমিকে সবাইকে নিব: ববি হাজ্জাজ
- ফের ভূমিকম্পে কেঁপে উঠলো দেশ
- চলছ ব্রাজিল বনাম হাইতির ম্যাচ: সরাসরি দেখুন (LIVE)
- চলছে পর্তুগাল বনাম ডিআর কঙ্গো ম্যাচ, সরাসরি Live দেখুন এখানে
- ব্রাজিল বনাম মরক্কো: দেখুন একাদশ-দেখার উপায়