ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
ভোটকেন্দ্রে ১৩ আনসার, চালু হচ্ছে নির্বাচনী সুরক্ষা অ্যাপ
নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রভিত্তিক নিরাপত্তা জোরদার করতে প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে প্রশিক্ষিত আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে তাৎক্ষণিকভাবে ‘নির্বাচনী সুরক্ষা অ্যাপ’-এর মাধ্যমে রিপোর্ট করার নির্দেশ দেওয়া হয়েছে।
সোমবার (৯ জানুয়ারি) সকালে রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে এসব তথ্য জানান বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
তিনি জানান, এবারের নির্বাচনে সারাদেশে মোট ৫ লাখ ৫৬ হাজার ১২৭ জন আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে সর্বাধিক সদস্য মোতায়েন করা হচ্ছে ঢাকায়। ঢাকা মহানগরের চারটি জোনের আওতাধীন ৩৬ থানায় অবস্থিত ২ হাজার ১৩১টি ভোটকেন্দ্রে ২৭ হাজার ৭০৩ জন সদস্য দায়িত্বে থাকবেন।
মহাপরিচালক আরও বলেন, প্রতিটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত ১৩ জন আনসার ও ভিডিপি সদস্য ভোটকেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করবেন। তারা যেকোনো ধরনের বিশৃঙ্খলা, উসকানি বা অপ্রীতিকর ঘটনা প্রতিরোধের পাশাপাশি নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রযুক্তিনির্ভর রিপোর্টিং ব্যবস্থার মাধ্যমে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন। কোনো ধরনের সমস্যা দেখা দিলে নির্বাচনী সুরক্ষা অ্যাপের মাধ্যমে তা জানাতে হবে। ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপটি কার্যকর থাকবে।
তিনি বলেন, বাহিনীর কার্যক্রম এখন সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। সদস্যদের দায়িত্ব বণ্টন, লজিস্টিকস ও খাবার ব্যবস্থাপনা পর্যন্ত সব কিছু প্রযুক্তিনির্ভর ও স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে, যাতে বাহিনীর সদস্যরা কোনো অনৈতিক চাপ ছাড়াই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারেন।
বাহিনীর সদস্যদের উদ্দেশে মহাপরিচালক বলেন, তারা কোনো নির্দিষ্ট দল বা পক্ষের নন; বরং দেশের জনগণ ও রাষ্ট্রের স্বার্থ রক্ষাই তাদের প্রধান দায়িত্ব। ভোটারদের নিরাপত্তা ও নিরপেক্ষ পরিবেশ নিশ্চিত করাই তাদের মূল কর্তব্য।
তিনি আরও জানান, এবার প্রথমবারের মতো ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা এবং মন্ত্রণালয় পর্যন্ত বিস্তৃত ডিজিটাল মনিটরিং চ্যানেলের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারি চালানো হবে। কোনো সদস্য নিরপেক্ষতা লঙ্ঘন, নির্বাচন কমিশনের নির্দেশ অমান্য বা শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়ালে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া নির্বাচনী নিরাপত্তার স্বার্থে বাহিনীর সদস্যদের সামাজিক যোগাযোগমাধ্যমে—যেমন ফেসবুক, ইউটিউব বা টিকটকে—অস্ত্র, সরঞ্জাম বা দায়িত্ব পালনসংক্রান্ত ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ থেকে কঠোরভাবে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে