ঢাকা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩
ট্রাম্প প্রশাসনের প্রস্তাব খারিজ করল ইরান
যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বাতিলের প্রস্তাব তেহরান সরাসরি প্রত্যাখ্যান করেছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি বুধবার (৪ জুন) এক ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রের প্রস্তাব দেশটির “শতভাগ স্বার্থবিরোধী” এবং এটি ইরানের ‘জাতীয় আত্মবিশ্বাস ও সক্ষমতা’র নীতির পরিপন্থী।
সম্প্রতি ওমানের মধ্যস্থতায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফের মধ্যে কয়েক দফা আলোচনা হয়। এসব আলোচনা শেষে গত শনিবার যুক্তরাষ্ট্র একটি নতুন প্রস্তাব দেয়, যেখানে ইরানকে তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম বন্ধ করতে বলা হয়।
তবে পাঁচ দফা আলোচনা সত্ত্বেও দুই দেশের মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে অমীমাংসিত অবস্থান রয়ে গেছে। এর মধ্যে অন্যতম ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যাওয়া এবং তাদের মজুদকৃত উচ্চমাত্রার ইউরেনিয়াম অন্য দেশে পাঠাতে অস্বীকৃতি।
আয়াতুল্লাহ খামেনি বলেন, “আমেরিকার প্রস্তাব পুরোপুরি অযৌক্তিক ও ঔদ্ধত্যপূর্ণ। তারা মনে করে ইরানের পারমাণবিক কর্মসূচি থাকা উচিত নয়, অথচ এটা আমাদের সার্বভৌম সিদ্ধান্ত। ইরান সমৃদ্ধকরণ করবে কি না, সেটা তারা ঠিক করে দেবে—এমন ভাবনা সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনির মৃত্যুবার্ষিকীতে এক টেলিভিশন ভাষণে তিনি আরও বলেন, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ আমাদের পারমাণবিক কর্মসূচির মূল ভিত্তি, আর শত্রুরা সেটাকেই লক্ষ্য করছে।
তেহরান বরাবরই দাবি করে এসেছে যে, তারা শান্তিপূর্ণ উদ্দেশ্যে পারমাণবিক প্রযুক্তি অর্জন করছে। তবে পশ্চিমা দেশগুলো আশঙ্কা প্রকাশ করেছে, ইরানের লক্ষ্য আসলে পারমাণবিক অস্ত্র তৈরি।
হোয়াইট হাউসে ফিরে আসার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ‘চূড়ান্ত চাপ প্রয়োগের কৌশল’ গ্রহণ করেছেন, যার মধ্যে কঠোর নিষেধাজ্ঞা এবং আলোচনায় অগ্রগতি না হলে সামরিক হামলার হুমকিও রয়েছে।
উল্লেখ্য, ট্রাম্প তার প্রথম মেয়াদে ২০১৫ সালের ইরান পরমাণু চুক্তি বাতিল করে তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছিলেন। এর জবাবে ইরান চুক্তির সীমা অতিক্রম করে উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করা শুরু করে।
ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে ইসরায়েল হুমকি দিয়েছে তেহরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলার। এর জবাবে পাল্টা প্রতিক্রিয়ার হুঁশিয়ারিও দিয়েছে ইরান।
সূত্র: রয়টার্স
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি
- অস্থায়ী কার্যালয়ে যাওয়া নিয়ে শিক্ষার্থীদের যে নির্দেশনা দিল সেন্ট্রাল ইউনিভার্সিটি
- ঢাবির গোপন ও স্পর্শকাতর নথি পাচারের দায়ে অফিস সহায়ক জসিম গ্রেপ্তার
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অনার্স চতুর্থ বর্ষের নিবন্ধন শুরু
- জাতীয় সংসদ সচিবালয়ে ২৮ পদে ১৫৫ জনের চাকরির সুযোগ
- ঢাবি ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেপ্তার
- ঢাবি ক্যাম্পাসের নিরাপত্তা জোরদারে জরুরি নির্দেশনা
- দেশের বাজারে ২২,২১ ও ১৮ ক্যারেট সোনার দাম কত?
- ঢাবির ছয় সহকারী প্রক্টরের পদত্যাগের সিদ্ধান্ত, তিনজনের পদত্যাগ
- ঢাবি সিনেট ভবনের সামনে ককটেল বিস্ফোরণ
- ঢাবির ভর্তি আবেদন শুরু আজ
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে যা জানা গেল
- অবশেষে মুখ খুললেন আমির হামজা
- বিয়ের আগে হবু জীবনসঙ্গীকে নিয়ে ফেসবুকে জুমার পোস্ট
- আজকের খেলার সময়সূচি (৮ নভেম্বর)