×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ১১ জন

২০২৬ নভেম্বর ২৭ ১৯:০৩:১০

ইয়েমেনে সৌদি বিমান হামলায় নিহত ১১ জন

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের পশ্চিমাঞ্চলে সৌদি বিমান হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিদের অধিকাংশই শিশু। ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর পক্ষ থেকে সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার এক দিন পর শুক্রবার (২৭ নভেম্বর) এ হামলা চালানো হয়। হুথি নিয়ন্ত্রিত কয়েকটি গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

এই গ্রীষ্মে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থনকারী সৌদি নেতৃত্বাধীন জোট হুথি নিয়ন্ত্রিত এলাকাগুলোতে নিয়মিত বোমাবর্ষণ করে আসছে।

এর পাল্টা জবাবে হুথি বাহিনী প্রায় প্রতিদিনই তেলসমৃদ্ধ সৌদি আরবকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তাদের হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে জ্বালানি স্থাপনা, বিমানবন্দর এবং রাজধানী রিয়াদের গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এলাকা।

স্থানীয় একটি সূত্রের বরাত দিয়ে হুথিদের সংবাদ সংস্থা ‘সাবা’ জানিয়েছে, শুক্রবার সৌদি যুদ্ধবিমান তাইজ প্রদেশের আল-তুরবা শহরের একটি আবাসিক ভবনে হামলা চালায়। এতে ১১ জন বেসামরিক নাগরিক নিহত হন। তাঁদের অধিকাংশই শিশু।

হুথিদের শক্তিশালী ঘাঁটি হিসেবে পরিচিত শাদা অঞ্চলের জ্বালানি ট্যাংক লক্ষ্য করেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থাটি।

সৌদি প্রেস এজেন্সি (এসপিএ) জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ সৌদি আরবের জাজান তেল শোধনাগার লক্ষ্য করে হামলা চালায় হুথিরা। এতে একজন নেপালি কর্মী নিহত হন এবং আরও বেশ কয়েকজন আহত হন।

এসপিএর তথ্য অনুযায়ী, হামলার পর শোধনাগারটিতে আগুন ধরে যায়। এ কারণে স্থাপনাটির কার্যক্রম বন্ধ করে দিতে হয়।

কয়েক বছরের তুলনামূলক শান্ত পরিস্থিতির পর গত জুলাইয়ে ইয়েমেনে আবারও যুদ্ধ শুরু হয়। চলমান মধ্যপ্রাচ্য যুদ্ধের মধ্যে সংঘাতটি নতুন একটি ফ্রন্ট হিসেবে আবির্ভূত হয়েছে।

সেপ্টেম্বরে সংঘাত আরও তীব্র হয়। ইয়েমেনের সবচেয়ে ঘনবসতিপূর্ণ অঞ্চলগুলো আগে থেকেই নিয়ন্ত্রণে রাখা হুথিরা এ সময় লোহিত সাগরের কৌশলগত বাব আল-মানদেব প্রণালি-সংলগ্ন পশ্চিম উপকূলরেখা দখল করে নেয়।

হুথিরা এখন দক্ষিণাঞ্চলের প্রধান শহর এডেনের দিকে অগ্রসর হচ্ছে। ২০১৫ সালে রাজধানী সানা থেকে বিতাড়িত হওয়ার পর ইয়েমেনের সরকার এ শহরেই আশ্রয় নেয়।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে ইয়েমেনে লড়াইয়ে ২ হাজার ৩০০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন ৩ লাখ ৬৪ হাজারেরও বেশি মানুষ। অন্যদিকে সৌদি কর্তৃপক্ষের হিসাব বলছে, হুথিদের হামলায় সৌদি আরবে এ পর্যন্ত ২৭ জন নিহত হয়েছেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত