ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
চিহ্নিত ৯ সীমান্তপথ, প্রয়োজনে পায়ে হেঁটেই বাংলাদেশে ফিরবেন শেখ হাসিনা
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন বলে দাবি করেছে তার ঘনিষ্ঠ সহযোগীরা। দেশে ফেরার সম্ভাব্য পথ হিসেবে ভারত-বাংলাদেশ সীমান্তের ৯টি রুট চিহ্নিত করেছেন আওয়ামী লীগের সমর্থকেরা। দিল্লি থেকে সরাসরি বিশেষ উড়োজাহাজের ব্যবস্থা করা সম্ভব না হলে বাণিজ্যিক ফ্লাইট কিংবা স্থলপথে ফেরার বিকল্প পরিকল্পনাও বিবেচনায় রাখা হয়েছে। এমনকি প্রয়োজনে পায়ে হেঁটে সীমান্ত পার হওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) প্রকাশিত বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, শেখ হাসিনার ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন জানিয়েছেন, ভারতে অবস্থানরত আওয়ামী লীগের সমর্থকেরা বাংলাদেশে প্রবেশের জন্য সীমান্তের ৯টি সম্ভাব্য পথ চিহ্নিত করেছেন। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় ৪ হাজার ৯৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। আরিনের দাবি, দেশে ফেরার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অত্যন্ত সতর্কতার সঙ্গে পরিকল্পনা সাজানো হচ্ছে।
তবে শেখ হাসিনা বাংলাদেশে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। মানবতাবিরোধী অপরাধের মামলায় অনুপস্থিতিতে বিচার শেষে দোষী সাব্যস্ত হওয়ার পর তার মৃত্যুদণ্ডের রায় হয়েছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে ফিরলে আদালতের রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা সাধারণ কোনো বাণিজ্যিক যাত্রী নন। তাকে দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে হাতকড়া পরানোর বিষয়টিই প্রযোজ্য হবে।
অন্যদিকে, শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে প্রত্যর্পণের অনুরোধ প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসারে পর্যালোচনা করা হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে তার নিজের ইচ্ছায় বাংলাদেশে ফিরে আসার বিষয়টি প্রত্যর্পণ প্রক্রিয়া থেকে আলাদা বলে উল্লেখ করেছে নয়াদিল্লি।
বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভারতে অবস্থান করেও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছেন শেখ হাসিনা। তার সহযোগী আবু ওবায়দা আরিনের দাবি, গত ১৮ মাসে টেলিগ্রামে অডিও বৈঠকের মাধ্যমে ৩০০টিরও বেশি সভায় অংশ নিয়েছেন তিনি।
এ ছাড়া শেখ হাসিনাকে স্বাগত জানাতে সীমান্ত এলাকা থেকে রাজধানী ঢাকা পর্যন্ত পাঁচ লাখ মানুষের সমাগম ঘটানোর সক্ষমতা আওয়ামী লীগের রয়েছে বলেও দাবি করেছেন আরিন।
এদিকে, সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি ঘিরে বিক্ষোভ ও সহিংসতার ঘটনা বেড়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা এসিএলইডির তথ্য অনুযায়ী, গত ২৩ নভেম্বর পর্যন্ত দলটির সমর্থকেরা ৪০টি বিক্ষোভ এবং ১৪০টির বেশি দাঙ্গায় জড়িয়েছেন।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, শেখ হাসিনার সাম্প্রতিক ঘোষণার মধ্য দিয়ে দিল্লির পরিবর্তে ঢাকার ওপর সিদ্ধান্ত নেওয়ার চাপ তৈরি হয়েছে। তার আশঙ্কা, ডিসেম্বর মাসে বাংলাদেশে রাজনৈতিক অস্থিরতা আরও বাড়তে পারে।
সব মিলিয়ে শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক পরিস্থিতিতে নতুন উত্তেজনা তৈরির আশঙ্কা করছেন বিশ্লেষকেরা। তবে আগামী ১৬ ডিসেম্বর তিনি সত্যিই বাংলাদেশে ফিরবেন কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত ঘোষণা পাওয়া যায়নি।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ
- পূর্বনির্ধারিত সূচিতেই শুরু হচ্ছে ঢাবির ভর্তি পরীক্ষা