ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩
হাসিনার দেশে ফেরার ঘোষণায় চাপে ঢাকা-দিল্লি
নিজস্ব প্রতিবেদক: আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে বাংলাদেশে ফেরার ঘোষণা দিয়েছেন ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই ঘোষণাকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। একই সঙ্গে দীর্ঘদিনের মিত্র হাসিনাকে আশ্রয় দেওয়া ভারতও পড়েছে কূটনৈতিক জটিলতায়।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির ভারত প্রতিনিধি সৌতিক বিশ্বাসের এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের আগস্টে গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ১৫ বছরের শাসনের অবসানের পর দিল্লিতে আশ্রয় নেওয়া ৭৯ বছর বয়সী শেখ হাসিনা এর আগেও একাধিকবার দেশে ফেরার কথা বলেছিলেন। তবে এবারই প্রথম তিনি ফেরার সুনির্দিষ্ট তারিখ এবং কীভাবে ফিরবেন, সে বিষয়ে পরিকল্পনার কথা জানিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের দায়ে অনুপস্থিতিতে তাঁর মৃত্যুদণ্ডের রায় হয়েছে। এদিকে তাঁর দল আওয়ামী লীগের কার্যক্রম বর্তমানে বাংলাদেশে নিষিদ্ধ।
যেভাবে ফিরতে চান হাসিনা
শেখ হাসিনার মুখপাত্র ও ঘনিষ্ঠ সহযোগী আবু ওবায়দা আরিন বিবিসিকে জানিয়েছেন, হাসিনা চান বাংলাদেশ সরকার দিল্লি থেকে তাঁর দেশে ফেরার জন্য একটি ফ্লাইটের ব্যবস্থা করুক। তা না হলে তিনি বাণিজ্যিক ফ্লাইটে অথবা স্থলসীমান্ত অতিক্রম করে দেশে ফিরতে চান।
আরিন বলেন, ‘তিনি এমনকি হেঁটে বাংলাদেশে প্রবেশ করতেও প্রস্তুত। ভারতের পাঁচটি রাজ্যের সঙ্গে বাংলাদেশের চার হাজার ৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। সমর্থকরা এরই মধ্যে সীমান্তের ৯টি সম্ভাব্য পয়েন্ট চিহ্নিত করেছেন। এটি অত্যন্ত সুচিন্তিত ও নিখুঁত পরিকল্পনা।’
কঠোর অবস্থানে ঢাকা
হাসিনার দেশে ফেরার ঘোষণার পর কঠোর অবস্থান নিয়েছে বাংলাদেশের বর্তমান সরকার। সরকার জানিয়েছে, দেশে ফিরলে তাঁকে গ্রেপ্তার করে মৃত্যুদণ্ড কার্যকর করা হবে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেন, ‘বাস্তবতা আর ইচ্ছা এক জিনিস নয়। তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন; তাকে কেবল হাতকড়া পরিয়েই দেশে ফিরিয়ে আনা সম্ভব।’
অন্যদিকে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, শেখ হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশের অনুরোধ ‘নির্ধারিত প্রক্রিয়ায়’ পরীক্ষা করা হচ্ছে। তবে তাঁর স্বেচ্ছায় দেশে ফেরার বিষয়টি সম্পূর্ণ আলাদা।
রাজনৈতিক সমীকরণ ও সহিংসতা
বিশ্লেষকদের মতে, বিজয় দিবসের মতো আবেগঘন একটি দিনকে ফেরার জন্য বেছে নিয়ে শেখ হাসিনা মূলত বর্তমান সরকারের কর্তৃত্বকে চ্যালেঞ্জ জানাতে চাইছেন। তাঁর মুখপাত্র আবু ওবায়দা আরিনের দাবি, নির্বাসনে থেকেও টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে গত ১৮ মাসে দেশের ৬৪ জেলা ও ৩০০ আসনের নেতাকর্মীদের সঙ্গে ৩০০টির বেশি বৈঠক করেছেন হাসিনা। সীমান্ত থেকে ঢাকা পর্যন্ত ৫০ লাখ মানুষের মানববন্ধন গড়ে তাঁকে বরণ করে নেওয়ার সক্ষমতাও দলের রয়েছে বলে দাবি করেন তিনি।
তবে মাঠপর্যায়ের পরিস্থিতি ভিন্ন। আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বড় অংশ কারাগারে, পলাতক অথবা দেশের বাইরে রয়েছেন। এরপরও সাম্প্রতিক মাসগুলোতে দলটির সমর্থকদের ঝটিকা মিছিল, সড়ক অবরোধ ও সহিংস কর্মকাণ্ডে জড়াতে দেখা গেছে। বিশেষ করে গোপালগঞ্জে থানায় হামলা, গাড়িতে অগ্নিসংযোগ এবং ক্ষমতাসীন বিএনপির নেতাদের বাড়িঘরে হামলার ঘটনা ঘটেছে।
সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা ‘আকলেড’-এর তথ্য অনুযায়ী, ২৩ নভেম্বর পর্যন্ত আওয়ামী লীগের সমর্থকেরা ৪০টি বিক্ষোভ এবং ১৪০টির বেশি সহিংস ঘটনা ঘটিয়েছেন। চলতি মাসে রাজনৈতিক সহিংসতায় অন্তত ১১ জন নিহত হয়েছেন।
অন্তর্বর্তী সরকারের সাবেক প্রেস সচিব ও ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’র সম্পাদক শফিকুল আলম বিবিসিকে বলেন, জুলাই সনদ, সাংবিধানিক সংস্কার ও গণভোট নিয়ে ক্ষমতাসীন বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মতবিরোধের সুযোগ নিচ্ছে আওয়ামী লীগ। দুর্বল পুলিশ প্রশাসন এবং অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর বিভেদকে কাজে লাগিয়ে দলটি আবারও মাঠে সক্রিয় হওয়ার চেষ্টা করছে।
ভারতের কূটনৈতিক উভয়সংকট
শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়া এবং সেখান থেকে তাঁর রাজনৈতিক বক্তব্য দেওয়ার বিষয়টি ঢাকা-দিল্লি সম্পর্কে বড় ধরনের শীতলতা তৈরি করেছে। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রায় ১০ মাস পার হলেও তারেক রহমান এখনো ভারত সফর করেননি। গত আগস্টে তাঁর ভারত সফরের কথা থাকলেও দিল্লিতে হাসিনার সংবাদ সম্মেলনের কারণে তা আর হয়নি।
লন্ডনের সোয়াস বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও আন্তর্জাতিক অধ্যয়নের শিক্ষক অবিনাশ পালিওয়ালের মতে, হাসিনার এই ঘোষণার ফলে সিদ্ধান্ত নেওয়ার চাপ দিল্লির পরিবর্তে ঢাকার ওপর এসে পড়েছে। তাঁর ভাষ্য, গত ১০ মাসে দিল্লি ঢাকার সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেও সফল হয়নি। ফলে হাসিনাকে থামানোর বিষয়ে ভারত এখন আর কোনো তাগিদ অনুভব করছে না। বরং বাংলাদেশে আওয়ামী লীগের পুনর্বাসনকে ভারত ও বাংলাদেশের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য অনুকূল বলে মনে করছে দিল্লি।
তবে এ বিষয়ে ঢাকার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণ বিপরীত। শফিকুল আলম বলেন, বাংলাদেশে এমন ধারণা প্রবল যে ভারত আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চায়। হাসিনাকে প্রত্যর্পণ না করা, গার্মেন্টস রপ্তানিকারকদের ট্রানজিট সুবিধা নবায়ন না করা এবং গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ শেষ হতে চললেও কোনো অগ্রগতি না হওয়ায় ভারতের প্রতি আস্থার সংকট তৈরি হয়েছে।
ঢাকার একজন পররাষ্ট্রনীতি বিশেষজ্ঞ নাম প্রকাশ না করার শর্তে বলেন, দুই দেশ এখন ‘পারস্পরিক হতাশার’ মধ্যে আটকে আছে। এই অচলাবস্থার কেন্দ্রে রয়েছেন শেখ হাসিনা। ১৬ ডিসেম্বর তিনি সত্যিই দেশে ফিরবেন কি না, তা এখনো অনিশ্চিত। তবে তাঁর এই ঘোষণা ঢাকা ও দিল্লি—দুই রাজধানীকেই নতুন করে অস্থিরতা ও কঠিন পরীক্ষার মুখে দাঁড় করিয়েছে।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবির দুই শিক্ষক বরখাস্ত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- আজ থেকে শুরু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৫ নভেম্বর)
- ঢাবির ভর্তি আবেদনের সময় বাড়ল তিন দিন
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ঢাবির ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম কমেছে, ভরিতে কত?
- ২২,২১ ও ১৮ ক্যারেট স্বর্ণের দাম বেড়েছে, ভরিতে কত?
- বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, আবেদন ৩ ডিসেম্বর পর্যন্ত
- ব্রুনেইয়ে ৩৭০ জনের চাকরির সুযোগ, আবেদনস যেভাবে
- রোমান্টিকতায় ছেলেকে হার মানালেন বাবা
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৬ নভেম্বর)
- এইচএসসি পাসে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে চাকরির সুযোগ