×

ঢাকা, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩

আওয়ামী লীগ ইতিহাসকে একদলীয় করতে চেয়েছিল: রিজভী

২০২৬ নভেম্বর ২৭ ১৭:২৬:৪০

আওয়ামী লীগ ইতিহাসকে একদলীয় করতে চেয়েছিল: রিজভী

নিজস্ব প্রতিবেদক: পতিত ও পলাতক আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) এবং দলটির নেত্রী শেখ হাসিনা বাংলাদেশের ইতিহাসকে একমাত্রিক ও একদলীয় দৃষ্টিভঙ্গিতে সীমাবদ্ধ রাখতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৭ নভেম্বর) নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদ ডা. শামসুল আলম খান মিলনের ৩৬তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘৯০-এর ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য’ প্ল্যাটফর্ম এ স্মরণসভার আয়োজন করে।

মুক্তিযুদ্ধের ইতিহাস থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বাদ দিয়ে ইতিহাস রচনার চেষ্টা করা হয়েছে উল্লেখ করে রিজভী বলেন, স্বাধীনতার ঘোষণা দিয়ে তিনি মানুষকে উদ্বুদ্ধ করেছিলেন। তাঁর ঘোষণার মধ্য দিয়ে শ্রমিক, কৃষক ও ছাত্ররা যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন। তাঁকে ইতিহাস থেকে মুছে ফেলার চেষ্টা করা হলেও মানুষের হৃদয়ে লেখা ইতিহাস টিকে রয়েছে।

রিজভী বলেন, ১৯৭১, ১৯৭৫ সালের ৭ নভেম্বর, ১৯৯০ এবং ২০২৪ সালের জুলাই—সবই বাংলাদেশের ইতিহাসের উজ্জ্বল অধ্যায়। একটি সংগ্রামের চেতনা অন্য সংগ্রামকে প্রভাবিত করেছে। ১৯৯০ সালের গণতান্ত্রিক চেতনা ছিল একনায়ককে পরাজিত করে জনগণের শাসন প্রতিষ্ঠা করা। এই চেতনা জুলাইয়ের আন্দোলনকেও প্রভাবিত করেছে।

তিনি বলেন, ১৯৯০ সালের চেতনা, ৭ নভেম্বরের চেতনা এবং জুলাইয়ের অর্জন ধারণ করেই নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এখন শুধু সরকার পেলেই হবে না, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার দায়িত্বও রয়েছে।

১৯৯০ সালের স্বৈরাচারবিরোধী আন্দোলনের স্মৃতিচারণা করে রিজভী বলেন, ওই সংগ্রামের অর্জিত গৌরব তাঁকে পরবর্তী ৩৬ বছর ধরে গণতান্ত্রিক আন্দোলনে অনুপ্রাণিত করেছে। সেই চেতনার ধারাবাহিকতায় শেষ পর্যন্ত শেখ হাসিনার মতো স্বৈরাচারী শাসকের পতন সম্ভব হয়েছে।

স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী শ্রমিক দলের আহ্বায়ক আমানউল্লাহ আমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ নভেম্বর)

নিজস্ব প্রতিবেদক: তেজাবি স্বর্ণের দাম বৃদ্ধির প্রভাবে দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের মূল্য। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) প্রতি ভরিতে ১... বিস্তারিত