×

ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

টানা তিন হারের পর ভারতের বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়

২০২৬ অক্টোবর ১২ ১০:৩১:১৭

টানা তিন হারের পর ভারতের বিপক্ষে বাংলাদেশের রুদ্ধশ্বাস জয়

স্পোর্টস ডেস্ক: ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে (ডব্লিউসিএল) দারুণ লড়াইয়ে ভারত চ্যাম্পিয়নসকে ৩ রানে হারিয়েছে বাংলাদেশ চ্যাম্পিয়নস। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে মাহমুদউল্লাহ রিয়াদের দলের দেওয়া ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৮ রান সংগ্রহ করে যুবরাজ সিংয়ের নেতৃত্বাধীন ভারত। বাংলাদেশের জয়ে বল হাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এনামুল হক জুনিয়র ও আবু জায়েদ রাহী।

টানা তিন ম্যাচে পরাজয়ের পর ভারতের বিপক্ষে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচে ব্যাট ও বল হাতে সম্মিলিত পারফরম্যান্সে জয় তুলে নেয় দলটি।

টস জিতে প্রথমে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠান ভারত অধিনায়ক যুবরাজ সিং। ইনিংসের শুরুতে ইমরুল কায়েস ৬ বলে ১০ রান করে আউট হন। এরপর রনি তালুকদারের ব্যাটে গতি পায় বাংলাদেশের ইনিংস। ২৫ বলে ৪০ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। চারটি চার ও দুটি ছক্কায় সাজানো ছিল তাঁর এই ইনিংস।

তবে নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় বড় সংগ্রহের পথে এগোতে পারেনি বাংলাদেশ। ফজলে মাহমুদ ৩, জহুরুল ইসলাম ৬ এবং অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন। এতে চাপে পড়ে যায় দল।

সেই চাপ কাটিয়ে ওঠার চেষ্টা করেন নাসির হোসেন ও আরাফাত সানি। নাসির ২১ বলে ২৪ রান করেন। আরাফাত সানির ব্যাট থেকে আসে ৩৮ বলে ৩৭ রান। শেষ দিকে আবু জায়েদের ১০ রানের অবদানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৪১ রান সংগ্রহ করে বাংলাদেশ।

১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে ভারত। আম্বাতি রাইডু ৩, অধিনায়ক যুবরাজ সিং শূন্য এবং রবিন উথাপ্পা ১৫ রান করে আউট হন। একপর্যায়ে ৫৫ রানেই ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ার শঙ্কায় পড়ে ভারতীয় দল।

এরপর ইরফান পাঠান ও রিশি ধাওয়ান প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। ইরফান ৪১ বলে ২৪ রান করেন। অন্যদিকে রিশি ১৮ বলে ২৪ রান করে দলের জয়ের আশা টিকিয়ে রাখেন। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে রান তোলার গতি বাড়াতে ব্যর্থ হয় ভারত।

শেষ দিকে পবন নেগি ও পীযূষ চাওলার ব্যাটিংয়ে জমে ওঠে ম্যাচ। নেগি ১৪ বলে ২৬ এবং চাওলা ১৮ বলে ২৪ রান করেন। তাঁদের দ্রুত রান তোলায় শেষ মুহূর্তে জয়ের সম্ভাবনা তৈরি হলেও নির্ধারিত ২০ ওভারে ১৩৮ রানের বেশি করতে পারেনি ভারত।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন এনামুল হক জুনিয়র। মাত্র ১২ রান খরচায় ৪ উইকেট নিয়ে ভারতের ব্যাটিং লাইনআপে বড় ধাক্কা দেন তিনি। আবু জায়েদ রাহী ৪ ওভারে ২৬ রান দিয়ে নেন ২ উইকেট। এ ছাড়া রুবেল হোসেন ও কামরুল ইসলাম একটি করে উইকেট শিকার করেন।

ব্যাটসম্যানদের লড়াকু ইনিংসের পর বোলারদের কার্যকর নৈপুণ্যে জয় নিশ্চিত করে বাংলাদেশ চ্যাম্পিয়নস। টানা তিন ম্যাচে হারের পর ভারতের বিপক্ষে এই জয় দলটির আত্মবিশ্বাস ফেরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত