ঢাকা, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩
এনসিটি পরিচালনার চুক্তি দেশ বিক্রি নয়: বাণিজ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব দেওয়াকে ‘দেশ বিক্রি’ বলা ভিত্তিহীন ও সস্তা মন্তব্য বলে অভিহিত করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেছেন, টার্মিনালের কার্যক্ষমতা বাড়ানোর উদ্দেশ্যে নির্দিষ্ট সময়ের জন্য এই চুক্তি করা হয়েছে। এর ফলে বন্দরের সক্ষমতা বাড়ার পাশাপাশি কর্মীদের আয়ও বৃদ্ধি পাবে। চুক্তির মেয়াদ শেষ হলে বাংলাদেশ চাইলে তা নবায়ন করতে পারবে, অন্যথায় চুক্তির অবসান ঘটবে।
শুক্রবার দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) আয়োজনে মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এর আগে সকালে এক দিনের সফরে সিলেটে পৌঁছান বাণিজ্যমন্ত্রী। পরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত মতবিনিময় সভা ও অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে সিলেট নগরীর ৮৫টি দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে ৪০ হাজার টাকা করে অনুদানের চেক তুলে দেন মন্ত্রী। সব মিলিয়ে অনুদানের পরিমাণ ছিল ৩৪ লাখ টাকা।
অনুষ্ঠান শেষে চট্টগ্রাম বন্দরের বৃহত্তম টার্মিনাল এনসিটি পরিচালনার দায়িত্ব দুবাইভিত্তিক বৈশ্বিক অপারেটর ‘ডিপি ওয়ার্ল্ডকে’ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে চলমান সমালোচনার বিষয়ে সাংবাদিকেরা তাঁর কাছে জানতে চান।
জবাবে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, ‘দেশ বিক্রি’ করার অভিযোগ অত্যন্ত সস্তা ও অমূলক। তিনি বলেন, যে কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে, সেটির জমির মালিক বাংলাদেশ সরকার। কাউকে মালিকানা হস্তান্তর করা হয়নি; শুধু নির্দিষ্ট সময়ের জন্য পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। মেয়াদ শেষে সরকার চাইলে চুক্তি নবায়ন করবে, নইলে তা বাতিল হবে। তিনি প্রশ্ন রাখেন, তাহলে দেশ বিক্রি হলো কীভাবে? উদাহরণ দিয়ে মন্ত্রী বলেন, যে সিটি করপোরেশনে তাঁরা দাঁড়িয়ে আছেন, সেই ভবনের কোনো একটি তলা কাউকে ভাড়া দেওয়া হলে ভবনটি বিক্রি হয়ে যায় কি না, তা সাংবাদিকদের নিজেদেরই বিবেচনা করা উচিত।
বিদেশি কিংবা নতুন দেশীয় বিনিয়োগ আকর্ষণের শর্ত তুলে ধরে বাণিজ্যমন্ত্রী বলেন, পণ্য উৎপাদন, রপ্তানি ও বাজারজাতকরণের ব্যয় বৈশ্বিক প্রতিযোগীদের তুলনায় সহনীয় পর্যায়ে নামিয়ে আনতে হবে। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশে লজিস্টিক খরচ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১৬ শতাংশ। অন্যদিকে, বৈশ্বিক গড় এ ব্যয় ১০ শতাংশ এবং উন্নত দেশগুলোতে তা আরও কম, ৬ থেকে ৮ শতাংশ। বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশকে সক্ষম করে তুলতে না পারলে প্রত্যাশিত বিনিয়োগ পাওয়া যাবে না বলেও মন্তব্য করেন তিনি।
চট্টগ্রাম বন্দরের কার্যকারিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, বন্দরের পরিচালন সক্ষমতা বৃদ্ধি করাই তাঁদের লক্ষ্য। কনটেইনার ওঠানো-নামানোর কাজ দ্রুত সম্পন্ন হলে বন্দরে জাহাজের অপেক্ষার সময় বা ডুয়েলিং টাইম কমবে। এর ফলে আমদানি করা পণ্যের এককপ্রতি খরচ এবং জাহাজভাড়া বা ফ্রেইট চার্জ কমে আসবে। এতে দেশের সাধারণ ভোক্তারা উপকৃত হবেন।
বন্দর শ্রমিক-কর্মচারীদের চাকরি ও সুযোগ-সুবিধা নিয়ে আশ্বস্ত করে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে প্রস্তাবটি অনুমোদনের সময় শ্রমিকদের স্বার্থ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। কমিটির সভাপতি ও অর্থমন্ত্রী চট্টগ্রামের সংসদ সদস্য হওয়ায় তিনি বিষয়টি জোরালোভাবে তুলে ধরেছেন। সব দিক সম্পর্কে নিশ্চিত হয়েই চুক্তিটি অনুমোদন দেওয়া হয়েছে বলে জানান মন্ত্রী। তাঁর ভাষ্য, এই চুক্তির কারণে বন্দরের কোনো কর্মী চাকরি হারাবেন না। বরং বন্দরের সক্ষমতা বাড়ার সঙ্গে ভবিষ্যতে কর্মীদের সুযোগ-সুবিধা ও পারিশ্রমিকও বৃদ্ধি পাবে।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার সারোয়ার মুর্শেদ শামীম বিপিএম, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রামকৃষ্ণ মিশন ও আশ্রমের অধ্যক্ষ স্বামী চন্দ্রনাথানন্দ মহারাজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সুদীপ রঞ্জন সেন এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ৬৪ জেলায় পুলিশে কনস্টেবল নিয়োগ, আবেদন ১৩ অক্টোবর
- আজকের বাজারে স্বর্ণের দাম (৫ অক্টোবর)
- প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে নিয়োগ, আবেদনের শেষ সময় ৬ অক্টোবর
- ঢাবির সমাজবিজ্ঞান বিভাগে শিক্ষক নিয়োগ
- মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচ, বাংলাদেশে দেখবেন যেভাবে
- আজকের নামাজের সময়সূচি (২ অক্টোবর)
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে যা জানা গেল
- ব্রাজিল বনাম ভারত: সরাসরি দেখুন এখানে
- যে কারণে স্থগিত বাংলাদেশ-পাকিস্তান চ্যাম্পিয়ন্স ম্যাচ
- শিশুশ্রম বন্ধে সম্মিলিত উদ্যোগের আহ্বান ডেপুটি স্পিকারের
- ‘রইদ’-এর ঝুলিতে তিন পুরস্কার, সেরা অভিনেত্রী নাজিফা তুষি
- এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণে সুখবর দিলেন সেলিম ভূঁইয়া
- ১২ কেজি এলপিজির দাম বাড়ল
- চাঁদাবাজি-দখলদারি দেখার জন্য কি মানুষ জীবন দিয়েছিল: জুবায়ের
- বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার