×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

আপত্তির মধ্যেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি

২০২৬ অক্টোবর ০৮ ১৭:৪৮:০২

আপত্তির মধ্যেই ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এনসিটি চুক্তি

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন পক্ষের বিরোধিতা ও আপত্তির মধ্যেই চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার জন্য দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে কনসেশন চুক্তি করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেলে আগারগাঁওয়ের ইনভেস্ট বাংলাদেশের কার্যালয়ে চুক্তিটি স্বাক্ষরিত হয়।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান এবং ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সুলতান আহমেদ বিন সুলায়েম চুক্তিতে সই করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান অব দ্য বোর্ড অব ডিরেক্টর ইসা কাজিম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী হলেন শেখ রবিউল আলম প্রমুখ।

বিদেশিদের হাতে বন্দর পরিচালনার দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত বাতিলের দাবিতে আন্দোলন চলার মধ্যেই এনসিটি পরিচালনায় এই চুক্তি হলো। প্রায় দুই হাজার কোটি টাকা ব্যয়ে ২০০৭ সালে নির্মিত টার্মিনালটিতে পাঁচটি জেটি রয়েছে। চট্টগ্রাম বন্দরের ১৮টি কুইসাইড গ্যান্ট্রি ক্রেনের মধ্যে ১৪টিও রয়েছে এই টার্মিনালে। বন্দরের কনটেইনার ওঠানামার ৪০ শতাংশের বেশি এনসিটির মাধ্যমে পরিচালিত হয়।

ইনভেস্ট বাংলাদেশ জানিয়েছে, কনসেশন চুক্তির পরও এনসিটির মালিকানা ও মূল অবকাঠামো চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের অধীনেই থাকবে। নির্দিষ্ট মেয়াদে টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে আন্তর্জাতিক প্রতিষ্ঠানটি।

সংস্থাটি আরও জানিয়েছে, এনসিটি কোনো বিদেশি প্রতিষ্ঠানের কাছে বিক্রি বা সম্পূর্ণভাবে হস্তান্তর করা হচ্ছে না। টার্মিনালের জমি, মূল অবকাঠামো ও সম্পদের মালিকানা বাংলাদেশ সরকারের কাছেই থাকবে। নিরাপত্তা, কাস্টমস, ইমিগ্রেশন এবং সার্বভৌম কর্তৃত্বও বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকবে।

ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যান অব দ্য বোর্ড অব ডিরেক্টর ইসা কাজিম বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলে কনসেশন দেওয়ার জন্য সরকার ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষকে ধন্যবাদ। বাংলাদেশ ক্রমেই গুরুত্বপূর্ণ বাণিজ্য ও উৎপাদন অর্থনীতিতে পরিণত হচ্ছে এবং দেশটির উন্নয়নে সহযোগিতা করতে ডিপি ওয়ার্ল্ড প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি বলেন, এই অংশীদারত্বের মাধ্যমে নিউ মুরিং কনটেইনার টার্মিনালকে ডিপি ওয়ার্ল্ডের বৈশ্বিক বন্দর, লজিস্টিক অবকাঠামো ও সরবরাহ ব্যবস্থার নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করা হবে। এতে বাংলাদেশ ও আন্তর্জাতিক বাজারের মধ্যে আরও নির্বিঘ্ন যোগাযোগ তৈরি হবে। পরিচালনাগত দক্ষতা, প্রযুক্তি এবং পণ্য ও সরবরাহ ব্যবস্থার শুরু থেকে শেষ পর্যন্ত সেবা দেওয়ার সক্ষমতা কাজে লাগিয়ে বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ আকর্ষণ এবং দেশের ব্যবসাগুলোর জন্য নতুন সুযোগ তৈরিতে সহায়তা করতে চায় প্রতিষ্ঠানটি।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মো. মনিরুজ্জামান বলেন, চুক্তিটি এনসিটির পরিচালনাগত সক্ষমতা বাড়াবে এবং লজিস্টিক ব্যবস্থার সীমাবদ্ধতা কমাতে ভূমিকা রাখবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাজারের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও শক্তিশালী হবে। দেশীয় শিল্পে সহায়তা ও আরও দক্ষ বাণিজ্য প্রবাহ নিশ্চিত করার মধ্য দিয়ে এই অংশীদারত্ব আঞ্চলিক ও বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় বাংলাদেশের অবস্থান শক্তিশালী করবে। এর পাশাপাশি বিনিয়োগ ও দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য আরও শক্ত ভিত্তি তৈরি হবে।

ইনভেস্ট বাংলাদেশের চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বৈশ্বিক গতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাণিজ্য কার্যক্রম পরিচালনাই তাঁদের লক্ষ্য। নিউ মুরিং কনটেইনার টার্মিনালে ডিপি ওয়ার্ল্ডকে যুক্ত করা সেই লক্ষ্য অর্জনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

এদিকে বিদেশি প্রতিষ্ঠানের কাছে এনসিটি ইজারা দেওয়ার সিদ্ধান্তের বিরোধিতা করে আসছে চট্টগ্রাম বন্দর রক্ষা কমিটি। এ দাবিতে সংগঠনটি বিভিন্ন কর্মসূচিও পালন করেছে।

এনসিটি পরিচালনার চুক্তির প্রতিবাদে বৃহস্পতিবার দুপুর থেকে ইনভেস্ট বাংলাদেশ অডিটোরিয়ামের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন কয়েকটি বামপন্থি রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত