×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনে বাধা নেই: প্রতিমন্ত্রী

২০২৬ অক্টোবর ০৮ ১৬:৩৯:৩৫

এমপিও শিক্ষকদের স্থানীয় নির্বাচনে বাধা নেই: প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ণাঙ্গ জাতীয়করণ না হওয়া পর্যন্ত এমপিওভুক্ত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে আইনি বা নীতিগত কোনো বাধা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার ঢাকার রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে শিক্ষক-কর্মচারী ঐক্যজোট আয়োজিত সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।

শাহে আলম বলেন, ‘যতদিন পর্যন্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পূর্ণাঙ্গ জাতীয়করণ না হচ্ছে, ততদিন শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে বাধা নেই।’

একই সঙ্গে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবির প্রতিও সংহতি প্রকাশ করেন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশের ইতিহাসে শিক্ষকদের বেতন-ভাতা, পেনশন ও মানমর্যাদা যখনই বেড়েছে, সেটি শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার হাত ধরেই হয়েছে। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত ধরে শিক্ষক-কর্মচারীদের জাতীয়করণের দাবিও বাস্তবায়িত হতে পারে।

বর্তমান সরকারের সময়ে শিক্ষা খাতে বাজেট তিনগুণ বেড়েছে বলে দাবি করেন শাহে আলম। তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র ৭ মাস। দীর্ঘ আন্দোলনের পর অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত এই সরকার শিক্ষা খাতকে পুনরুজ্জীবিত করতে নিরলসভাবে কাজ করছে।

প্রতিমন্ত্রী বলেন, সরকারের আর্থিক সীমাবদ্ধতা সত্ত্বেও ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত অবসরে যাওয়া প্রায় ১ লাখ শিক্ষক-শিক্ষিকার হাতে ভাতা তুলে দিতে এরই মধ্যে ২ হাজার কোটি টাকার বিশেষ ফান্ড গঠন করা হয়েছে।

জাতীয়করণের দাবি বাস্তবায়নে শিক্ষকদের পরামর্শ দিয়ে তিনি বলেন, এ জন্য বছরে অতিরিক্ত ৭০০ থেকে ৮০০ কোটি টাকার প্রয়োজন।

শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা একটি সুশৃঙ্খল ও বড় পরিসরের জাতীয় সমাবেশ আয়োজন করে মানবিক ও গণতান্ত্রিক উপায়ে প্রধানমন্ত্রীর কাছে বার্তা পৌঁছান। বর্তমান সরকার অবশ্যই আপনাদের এই দাবির গুরুত্ব উপলব্ধি করবে।’

এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে নতুন একটি উদ্যোগের কথাও জানান শাহে আলম।

তিনি বলেন, শিক্ষা মন্ত্রণালয় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে আর্থিক অনুদান দেবে, যাতে প্রতিষ্ঠানের ছাদ ব্যবহার করে ৫.৫ কিলোওয়াটের সৌরবিদ্যুৎ উৎপাদন প্যানেল স্থাপন করা যায়। এতে প্রতিষ্ঠানের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত হওয়ার পাশাপাশি ছুটির দিন ও অতিরিক্ত সময়ে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে বিক্রি করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান মাসে ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত