×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

২০২৬ অক্টোবর ০৮ ১৫:৩০:০৮

দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক: আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তবে পূজার ছুটি শুরুর আগে ১৭ অক্টোবর শনিবার সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস খোলা থাকবে।

আজ বুধবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর আগে গত সোমবার মন্ত্রিসভার বৈঠকে ছুটি বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।

সরকারি ছুটির তালিকায় ২০ অক্টোবর মঙ্গলবার নবমী উপলক্ষে নির্বাহী আদেশে ছুটি আগে থেকেই নির্ধারিত ছিল। ২১ অক্টোবর বুধবার বিজয়া দশমীর জন্য রয়েছে সাধারণ ছুটি। এর সঙ্গে ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করায় দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচ দিন ছুটি ভোগ করবেন সংশ্লিষ্টরা। তবে এ ছুটি শুরুর আগে ১৭ অক্টোবর শনিবার অফিস খোলা থাকবে।

ছুটির মধ্যে যা খোলা থাকবে

প্রজ্ঞাপন অনুযায়ী, জরুরি পরিষেবাগুলো ছুটির আওতার বাইরে থাকবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস ও অন্যান্য জ্বালানি সরবরাহ, ফায়ার সার্ভিস, বন্দরগুলোর কার্যক্রম, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট, ডাকসেবা এবং এসব সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন ও কর্মীরা।

হাসপাতাল ও জরুরি সেবা কার্যক্রমও ছুটির বাইরে থাকবে। একইভাবে চিকিৎসাসেবায় নিয়োজিত চিকিৎসক ও কর্মী, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহনকারী যানবাহন ও কর্মী এবং জরুরি কাজের সঙ্গে যুক্ত অফিসগুলোও ছুটির আওতাবহির্ভূত থাকবে।

ব্যাংকিং কার্যক্রম চালু রাখার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক। আদালতের কার্যক্রম পরিচালনার বিষয়ে সুপ্রিম কোর্ট প্রয়োজনীয় নির্দেশনা দেবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

বেসরকারি খাতের শিল্পপ্রতিষ্ঠান, কলকারখানা ও অন্যান্য প্রতিষ্ঠানে সাধারণ ছুটি কার্যকরের বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

এদিকে, ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির আদেশক্রমে আজ বুধবার (৭ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ৫ অক্টোবর অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী Allocation of Business Among The Different Ministries and Divisions (Schedule I of the Rules of Business, 1996) (Revised up to February 2024)-এর জনপ্রশাসন মন্ত্রণালয়ের অংশের ৩৭ নম্বর ক্রমিকের অনুবলে সরকার প্রতিবছর ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত