×

ঢাকা, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০২৬ অক্টোবর ০৮ ১৪:১৫:১৯

গঙ্গার পানি বণ্টন চুক্তি নবায়নে ভারতের সহযোগিতা চান পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: গঙ্গার পানি বণ্টন চুক্তির মেয়াদ চলতি বছরের ডিসেম্বরে শেষ হচ্ছে। এরপর চুক্তি নবায়নের ক্ষেত্রে ভারত আন্তরিকভাবে এগিয়ে এলে ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

আজ বৃহস্পতিবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) আয়োজিত সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হুমায়ুন কবির বলেন, দুই দেশের মধ্যে আন্তরিকতা এবং নেতৃত্ব পর্যায়ে সহযোগিতার মানসিকতা থাকলে পানি বণ্টনসহ অভিন্ন নদীগুলোর সমস্যার সমাধান সম্ভব। তিনি বলেন, ‘অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা চলছে। এটা অব্যাহত থাকবে।’

ভারতের সঙ্গে অভিন্ন নদী গঙ্গার পানি বণ্টনে ৩০ বছর মেয়াদি চুক্তি হয়েছিল ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর। চুক্তি থাকার পরও বাংলাদেশ পর্যাপ্ত পরিমাণ পানি পায়নি বলে অভিযোগ রয়েছে।

চলতি বছরের ডিসেম্বরে ওই চুক্তির মেয়াদ শেষ হবে। এ কারণে চুক্তি নবায়ন নিয়ে আলোচনা চলছে। তবে গত দুই বছর ধরে বাংলাদেশ ও ভারতের শীতল সম্পর্ক এ প্রক্রিয়ায় বাধা হয়ে দাঁড়াচ্ছে বলেও মনে করা হচ্ছে।

সম্প্রতি ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে বিদ্যমান সব সংকটের অবসান হবে।

সমস্যা সমাধানে আঞ্চলিক সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তাঁর মতে, এ ক্ষেত্রে দুই দেশের জ্যেষ্ঠ কর্মকর্তা ও নেতৃত্ব পর্যায়ের আলোচকদের মধ্যে আন্তরিকতা থাকা জরুরি।

বাংলাদেশ এ বিষয়ে একটি কমিটি গঠন করেছে জানিয়ে হুমায়ুন কবির বলেন, ভারত সরকারও বিষয়গুলো নিয়ে কাজ করছে। ভারতের নেতৃত্ব সহযোগিতার মানসিকতা নিয়ে এগিয়ে এলে সমস্যাগুলোর ইতিবাচক সমাধান সম্ভব হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এসব সমস্যার সমাধানে আলোচনা, সংলাপ ও কূটনীতির পথেই এগোতে হবে। পাশাপাশি আন্তর্জাতিক আইনের বিষয়গুলোও বিবেচনায় রাখতে হবে।

সেমিনারে বক্তব্য দেওয়ার সময় হুমায়ুন কবির দেশের মানুষের আত্মত্যাগের মর্যাদা রক্ষার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, মানুষের আত্মত্যাগ স্মরণে রাখা রাজনৈতিক শ্রেণির বড় দায়িত্ব। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার ও দল সেই আত্মত্যাগের মর্যাদা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।

প্রতিমন্ত্রী আরও বলেন, প্রচলিত ধারায় কাজ না করে দেশের ভবিষ্যৎ সংকট ও চ্যালেঞ্জগুলো গুণগতভাবে মোকাবিলা করতে চায় সরকার।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত