×

ঢাকা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

২০২৬ অক্টোবর ০৭ ১২:৫২:২৭

ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: প্রজনন মৌসুমে আগামী ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারাদেশে ইলিশ আহরণে সরকারের ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকরভাবে বাস্তবায়নে সহায়তার জন্য নাগরিক উদ্যোগ নিয়েছে বাংলাদেশ মেরিটাইম বিশ্ববিদ্যালয় (বিএমইউ)। সোমবার বিএমইউয়ের মেঘনা ভবনের কনফারেন্স রুমে ‘প্রজননক্ষম ইলিশ সংরক্ষণ উদ্যোগ’ নিয়ে অংশীজনদের পরামর্শ ও মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএমইউয়ের উপাচার্য রিয়ার অ্যাডমিরাল এম নিয়ামত এলাহি, এনপিপি, এনডিসি, পিএসসি।

সভায় জানানো হয়, দেশে ইলিশের উৎপাদন ধারাবাহিকভাবে কমছে। ২০২২-২৩ অর্থবছরে ৫ দশমিক ৭১ লাখ মেট্রিক টন উৎপাদনের পর ২০২৩-২৪ অর্থবছরে তা কমে ৫ দশমিক ২৯ লাখ এবং ২০২৪-২৫ অর্থবছরে ৫ লাখ মেট্রিক টনে দাঁড়িয়েছে। অতিরিক্ত আহরণ, অবৈধ ও অতিক্ষুদ্র ফাঁসের জাল, মা ইলিশ ও জাটকা নিধন, বটম ট্রলিং, নদীদূষণ, পলি জমা এবং জলবায়ু পরিবর্তনকে এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

জাতীয় মৎস্যজীবী সমিতি ও সিএনআরএসের প্রতিনিধিরা নিষেধাজ্ঞার সময়ে বিভিন্ন গোষ্ঠীর যোগসাজশে অবৈধভাবে ইলিশ আহরণের পরিস্থিতি তুলে ধরেন। তাঁদের ভাষ্য, পদ্মার অভয়াশ্রম এলাকায়, বিশেষ করে জাজিরা, সুরেশ্বর ও চর ভৈরবীতে কখনো কখনো যুদ্ধাবস্থার মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এমনকি অভিযান পরিচালনাকারী দলের ওপর হামলার ঘটনাও ঘটে।

কোস্ট গার্ডের সাবেক জোনাল কমান্ডার হিসেবে বিএমইউয়ের ট্রেজারার ও আইবিবিবিএসের পরিচালক মা ইলিশ রক্ষা অভিযানে তাঁদের অভিজ্ঞতা তুলে ধরেন। ইলিশ সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকার প্রশংসা করে নিষেধাজ্ঞার সময়ে এ দুই বাহিনীর আরও সক্রিয় ভূমিকার প্রয়োজনীয়তার কথা বলেন অংশগ্রহণকারীরা।

ইলিশ সংরক্ষণে সরকার, বিশ্ববিদ্যালয়, গবেষক, জেলে সম্প্রদায়, আইন প্রয়োগকারী সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগের আহ্বান জানান প্রধান অতিথি। সম্প্রতি ভারতের গুজরাট থেকে দেশে ইলিশ আসার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, নিজস্ব ইলিশসম্পদ সংরক্ষণের মাধ্যমেই দেশের চাহিদা পূরণ করতে হবে। গুরুত্বপূর্ণ প্রজননস্থলে কোস্ট গার্ডের নজরদারি বাড়াতে বিএমইউ প্রয়োজনীয় সহযোগিতা ও সমন্বয়ের উদ্যোগ নিতে পারে বলেও তিনি জানান।

সভায় বিএমইউতে একটি সমন্বয় সেল গঠন এবং অংশগ্রহণকারী প্রতিটি প্রতিষ্ঠান থেকে একজন করে ফোকাল পারসন মনোনয়নের সিদ্ধান্ত নেওয়া হয়। ৮ ও ৯ অক্টোবর বিএমইউ, নৌবাহিনী ও কোস্ট গার্ডের প্রতিনিধিদের নিয়ে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালকের সঙ্গে সাক্ষাতের উদ্যোগ নেওয়া হবে।

নিষেধাজ্ঞা চলাকালে ঘাটভিত্তিক সচেতনতা কার্যক্রম, কমিউনিটি তথ্যদাতা নেটওয়ার্ক, বরিশালের ইলিশ ঘাটে জনসমাবেশ এবং জেলেদের খাদ্য সহায়তা কার্যক্রম পর্যবেক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি জাতীয় সেমিনার আয়োজন, মন্ত্রণালয় পর্যায়ে ‘হিলসা থিংক ট্যাংক’ গঠন এবং ইলিশের জনসংখ্যা, প্রজননক্ষেত্র ও নদীদূষণ নিয়ে যৌথ গবেষণার প্রস্তাবও আসে। কৃষি গবেষণা ফাউন্ডেশন এ ধরনের গবেষণায় অর্থায়নের আগ্রহ প্রকাশ করে।

সভায় অংশ নেওয়া সব এনজিও ও জাতীয় মৎস্যজীবী সমিতির প্রতিনিধিরা সরকারের নিষেধাজ্ঞা বাস্তবায়নে পূর্ণ সহযোগিতা করার অঙ্গীকার করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন বিএমইউয়ের আইবিবিবিএসের পরিচালক ক্যাপ্টেন মোহাম্মদ শহিদুল হক; অধ্যাপক ড. মো. আব্দুল ওহাব (আহ্বায়ক); কৃষি গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক (ভারপ্রাপ্ত) ড. নাথুরাম সরকার ও সিনিয়র স্পেশালিস্ট ড. মো. খলিলুর রহমান; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আব্দুল বাকী; শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. কাজী আহসান হাবীব ও মীর মোহাম্মদ আলী; বিএফআরআইয়ের সাবেক পরিচালক ড. আনিসুর রহমান; সার্ক কৃষি কেন্দ্রের ড. মো. শরীফুল ইসলাম; সিএনআরএসের মাসুদ সিদ্দিকী; কোস্ট ফাউন্ডেশনের জাহিদুল ইসলাম; সুশীলনের মো. নাসির উদ্দিন ফারুক এবং জাতীয় মৎস্যজীবী সমিতির সহসভাপতি দাদন মিয়া সরদার। সভার সমাপ্তি ঘোষণা করেন বিএমইউয়ের সহযোগী অধ্যাপক ড. মারিয়া জামান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে বুধবার স্বর্ণের দরে সামান্য পতন দেখা গেছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের সেপ্টেম্বরের বৈঠকের কার্যবিবরণী প্রকাশের অপেক্ষায় রয়েছেন বিনিয়োগকারীরা।... বিস্তারিত