ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
বিশ্ব শিক্ষক দিবস আজ, সম্মাননা পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক
নিজস্ব প্রতিবেদক: শিক্ষকদের অবদান ও পেশাগত মর্যাদার স্বীকৃতি দিতে আজ ৫ অক্টোবর বাংলাদেশে পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। এ উপলক্ষে এবারই প্রথম জাতীয় পর্যায়ে ১০০ জন গুণী শিক্ষককে সম্মাননা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত শিক্ষকদের হাতে সম্মাননা তুলে দেবেন।
শিক্ষকদের অবদান স্মরণ এবং তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি দেওয়াই দিবসটির মূল উদ্দেশ্য। ইউনেসকোর উদ্যোগে ১৯৯৪ সাল থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়ে আসছে। এ বছরের প্রতিপাদ্য ‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষার ৬০ বছর, মর্যাদা উন্নয়ন এবং আমাদের ভবিষ্যৎ গঠন।’
২০২৬ সালের বিশ্ব শিক্ষক দিবসের বিশেষ তাৎপর্য রয়েছে। কারণ, এ বছর শিক্ষকদের মর্যাদা-সংক্রান্ত ১৯৬৬ সালের আন্তর্জাতিক সুপারিশমালার ৬০ বছর পূর্ণ হচ্ছে। ওই সুপারিশে শিক্ষকদের অধিকার, দায়িত্ব, পেশাগত প্রস্তুতি, নিয়োগ, কর্মপরিবেশ ও শিক্ষাদানের পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মানদণ্ড নির্ধারণ করা হয়েছিল।
বর্তমানে প্রযুক্তির দ্রুত পরিবর্তন, জলবায়ু পরিবর্তন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, অভিবাসন ও বাস্তুচ্যুতির মতো বিভিন্ন চ্যালেঞ্জ শিক্ষকদের পেশায় প্রভাব ফেলছে। এ কারণে শিক্ষকদের সামাজিক, পেশাগত ও অর্থনৈতিক মর্যাদা আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে ইউনেসকো।
দিবসটি উপলক্ষে আজ সোমবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ‘গুণী শিক্ষক সম্মাননা’ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি নির্বাচিত শিক্ষকদের হাতে নগদ দুই লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেবেন।
এ বছর প্রথমবারের মতো প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত বিভিন্ন স্তরের মোট ১০০ জন শিক্ষককে জাতীয় পর্যায়ে ‘গুণী শিক্ষক সম্মাননা’ দেওয়া হচ্ছে। এর আগে জাতীয় পর্যায়ে ১২ জন শিক্ষককে এ সম্মাননা দেওয়া হতো। এবার সেই সংখ্যা বাড়িয়ে ১০০ জন করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গুণী শিক্ষকদের সামাজিক মর্যাদা বৃদ্ধি ও পেশাগত স্বীকৃতি নিশ্চিত করতেই সম্মাননার পরিধি বাড়ানো হয়েছে। প্রাথমিক বিদ্যালয় থেকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিভিন্ন স্তরের শিক্ষককে এবার এ স্বীকৃতির আওতায় আনা হয়েছে। এর মধ্যে প্রাথমিক স্তরে ১০ জন, মাধ্যমিক স্তরে ২০ জন, কলেজে ২৫ জন এবং সাধারণ বিশ্ববিদ্যালয়ে ২০ জন শিক্ষক রয়েছেন।
এ ছাড়া মেডিকেল কলেজে ১০ জন, কৃষি বিশ্ববিদ্যালয়ে তিনজন, প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে তিনজন এবং বিজ্ঞান ও প্রযুক্তিসহ অন্যান্য বিশেষায়িত বিশ্ববিদ্যালয়ে চারজন শিক্ষককে সম্মাননা দেওয়া হবে। প্রধানমন্ত্রীর বিশেষ কোটায় সম্মাননা পাবেন আরও পাঁচজন। সব মিলিয়ে জাতীয় পর্যায়ে এবার ১০০ জন গুণী শিক্ষক এ স্বীকৃতি পাচ্ছেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন গঠিত পৃথক অনুসন্ধান কমিটির মাধ্যমে গুণী শিক্ষকদের তালিকা প্রস্তুত করা হয়। পরে জাতীয় পরিচালনা কমিটি এসব তালিকা যাচাই-বাছাই করে ১০০ জন শিক্ষককে চূড়ান্তভাবে নির্বাচিত করে।
বাংলাদেশে বিশ্ব শিক্ষক দিবস পালনের প্রাতিষ্ঠানিক উদ্যোগ সাম্প্রতিক বছরগুলোতে আরও জোরালো হয়েছে। ২০২২ সালে দেশব্যাপী শিক্ষক দিবস পালনের উদ্যোগ নেওয়া হয়। ২০২৩ সালে দিবসটি নিয়ে জাতীয় পর্যায়ে আয়োজন করা হয়। পরে মন্ত্রিসভার বার্ষিক ক্যালেন্ডারে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
ইউনেসকোর তথ্য অনুযায়ী, বিশ্ব শিক্ষক দিবস শুধু শিক্ষকদের সম্মান জানানোর দিন নয়; এ দিন শিক্ষকদের পেশাগত মর্যাদা, অধিকার, কর্মপরিবেশ এবং শিক্ষাব্যবস্থায় তাদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়। পাশাপাশি শিক্ষকদের প্রয়োজনীয় সহায়তা ও পেশাগত স্বাধীনতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্ব দেওয়া হয়।
বিশ্ব শিক্ষক দিবসের ইতিহাস আরও পুরোনো। ১৯৬৬ সালের ৫ অক্টোবর প্যারিসে আন্তর্জাতিক শ্রম সংস্থা ও ইউনেসকোর যৌথ বিশেষ সম্মেলনে শিক্ষকদের মর্যাদা-সংক্রান্ত ঐতিহাসিক সুপারিশমালা গৃহীত হয়। এর ২৮ বছর পর ১৯৯৪ সালে প্রথমবারের মতো বিশ্ব শিক্ষক দিবস পালিত হয়। এরপর থেকে প্রতিবছর ৫ অক্টোবর বিশ্বজুড়ে দিবসটি পালিত হয়ে আসছে। প্রতিবছর আলাদা প্রতিপাদ্যের মাধ্যমে শিক্ষকদের ভূমিকা, অধিকার, মর্যাদা ও পেশাগত চ্যালেঞ্জ সামনে আনা হয়।
এ বছর বিশ্ব শিক্ষক দিবসের বৈশ্বিক আয়োজন হচ্ছে ফ্রান্সের প্যারিসে ইউনেসকোর সদর দপ্তরে। সেখানে শিক্ষকদের পেশাগত মর্যাদা সুরক্ষা ও উন্নয়ন নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে। একই অনুষ্ঠানে শিক্ষক উন্নয়নে ইউনেসকো-হামদান পুরস্কারও দেওয়া হবে।
দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, জেলা ও উপজেলা পর্যায়েও বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। জাতীয় পর্যায়ে এবার ১০০ জন শিক্ষককে সম্মাননার আওতায় আনার মধ্য দিয়ে শিক্ষকদের অবদান, মর্যাদা ও পেশাগত স্বীকৃতিকে আরও বিস্তৃতভাবে তুলে ধরা হচ্ছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- এইচএসসি পাসেই ৪৭ পদে চাকরি দেবে জেলা প্রশাসকের কার্যালয়
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, আবেদন ১৭ অক্টোবর পর্যন্ত
- অক্টোবরে জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা মন্ত্রণালয়ের
- চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ
- আজকের বাজারে স্বর্ণের দাম (৩০ সেপ্টেম্বর)
- ১ অক্টোবর ফেনী সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- শিক্ষার্থীদের প্রত্যাশার বিশ্ববিদ্যালয় হবে ডিসিইউ: উপাচার্য
- আইএফআইসি ব্যাংকের অনুদান-বৃত্তি পেলেন ঢাবির ৮০ শিক্ষার্থী