×

ঢাকা, রবিবার, ৪ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

২০২৬ অক্টোবর ০৪ ১৫:১৪:০৬

ঢাবিকে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ের কাতারে নেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়কে দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠের পাশাপাশি রাজনীতি, ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে এর শিক্ষার মান আরও উন্নত করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর কাতারে নিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রোববার (৪ অক্টোবর) বঙ্গভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি প্রতিনিধিদল রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি বলেন, গণতন্ত্র কোনো একদিনে গড়ে ওঠে না; এটি নিয়মিত চর্চার মধ্য দিয়ে ধাপে ধাপে বিকশিত হয়। এ জন্য অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রয়োজন। পাশাপাশি গণতন্ত্রকে কার্যকর রাখার জন্য প্রতিপক্ষ ও বিরোধী দলকে পর্যাপ্ত পরিসর দেওয়ার কথাও বলেন তিনি। তাঁর মতে, এটিই গণতন্ত্রের সৌন্দর্য। গণতন্ত্রকে তার নিজস্ব গতিতে কার্যকরভাবে চলতে দিতে হবে।

এ সময় উপাচার্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্বিক একাডেমিক কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবহিত করেন। পরে উপাচার্য আসন্ন ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে আচার্য হিসেবে উপস্থিত থাকার জন্য রাষ্ট্রপতিকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানান।

রাষ্ট্রপতি ওই আমন্ত্রণ গ্রহণ করেন এবং ৫৪তম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকার আশ্বাস দেন।

সৌজন্য সাক্ষাৎকালে রাষ্ট্রপতির সামরিক সচিব, সচিব ও প্রেস সচিবের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ উপস্থিত ছিলেন।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত