×

ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্য করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

২০২৬ অক্টোবর ০৩ ১৭:৩২:০৫

কৃষিপণ্যকে প্রধান রপ্তানি পণ্য করতে কাজ করছে সরকার: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষিপণ্যকে দেশের প্রধান রপ্তানি পণ্যে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার কাজ করছে বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন। তিনি বলেন, এ বছর এখন পর্যন্ত দেশের বাইরে থেকে কোনো পেঁয়াজ আমদানি করতে হয়নি। একদিন বাংলাদেশ পেঁয়াজসহ বিভিন্ন কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে—এমন স্বপ্নের কথাও জানান তিনি।

শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লা টাউনহল মাঠে কুমিল্লা জেলা কারিগরি, ভোকেশনাল শিক্ষা ও ট্রেইনিং ইনস্টিটিউশন ফোরাম (টিভিইটি) আয়োজিত তিন দিনব্যাপী কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। ‘টেকসই কৃষি ও খাদ্য নিরাপত্তার জন্য কারিগরি শিক্ষা এবং উদ্ভাবন’ শীর্ষক ওই সেমিনার অনুষ্ঠিত হয়।

মোহাম্মদ আমিন উর রশীদ ইয়াছিন বলেন, পৃথিবীতে খাবারের সংকট না থাকলেও নিরাপদ খাবারের ঘাটতি মারাত্মক। ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ রাখা এবং মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে কৃষিতে কীটনাশকের ব্যবহার কমাতে হবে। পাশাপাশি নিরাপদ ও টেকসই উৎপাদনের দিকে এগিয়ে যেতে হবে।

বাংলাদেশ কৃষি উৎপাদনের ক্ষেত্রে পৃথিবীর অন্যতম উর্বর ও সম্ভাবনাময় অঞ্চল উল্লেখ করে কৃষিমন্ত্রী বলেন, এ দেশের মাটি, বাতাস, আলো ও বৃষ্টির মতো প্রাকৃতিক সুবিধা অনেক দেশের তুলনায় অনুকূল। দেশের মানুষও অত্যন্ত পরিশ্রমী। এসব সম্ভাবনা কাজে লাগিয়ে কৃষি উৎপাদন আরও বাড়ানোর সুযোগ রয়েছে।

ফসলে অতিরিক্ত কীটনাশক ব্যবহারের কারণে মানুষের স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব পড়ছে বলেও জানান তিনি। বিজ্ঞানীদের গবেষণায় কৃষকদের মধ্যেও ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি উঠে এসেছে। এ কারণে নিজেদের সুস্থতা এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তার জন্য নিরাপদ খাদ্য উৎপাদনকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান মন্ত্রী।

কৃষিকাজে লজ্জার কিছু নেই উল্লেখ করে তিনি বলেন, ‘মাঠে যেতে হবে এবং নিজের ফসল নিজেকেই উৎপাদন করতে হবে। আমরা গরুর দুধ খাই, মাংস খাই। তাহলে গরুর গোবর ফেলতে কিসের লজ্জা? সীমিত সম্পদ নিয়েই আমাদের সামনে এগিয়ে যেতে হবে এবং এর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে।’

দেশে এখনো কাঁচা মরিচ, গাজর ও টমেটো আমদানি করতে হয় বলে উল্লেখ করেন কৃষিমন্ত্রী। তবে সেই পরিস্থিতি বেশি দিন থাকবে না জানিয়ে তিনি বলেন, এমন দিন আসবে যখন এসব পণ্য আর আমদানি করতে হবে না; বরং বাংলাদেশই এসব কৃষিপণ্য বিদেশে রপ্তানি করবে।

অনুষ্ঠানের শুরুতে মন্ত্রী মেলায় থাকা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন। এ সময় তিনি শিক্ষার্থীদের বিভিন্ন উদ্ভাবনী উদ্যোগের প্রশংসা করেন।

কুমিল্লার জেলা প্রশাসক রোজী আক্তারের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু। মূল প্রবন্ধ উপস্থাপন করেন কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের ভাইস প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হাসান। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা কৃষি ও কারিগরি কলেজের অধ্যক্ষ পরমানন্দ গোস্বামী।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

জাতীয় এর অন্যান্য সংবাদ