×

ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিসিবির শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার

২০২৬ অক্টোবর ০৩ ১৭:০৫:৩০

বিসিবির শাস্তির মুখে বাংলাদেশের ৩ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক: ফাইনালে খেলার লক্ষ্য নিয়ে এশিয়ান গেমসে গেলেও বাংলাদেশের ক্রিকেট দল মহাদেশীয় এই আসরে কোনো ম্যাচ জিততে পারেনি। পদক জয়ের আশাও পূরণ হয়নি; বরং লিটন দাসের নেতৃত্বাধীন দল মাঠের পারফরম্যান্সে হতাশ করেছে।

দলের এমন পারফরম্যান্স নিয়ে যখন সমালোচনা চলছে, তখন ভিন্ন কারণে আলোচনায় এসেছেন জাতীয় দলের তিন ক্রিকেটার। এশিয়ান গেমসে অংশ নিতে গিয়ে টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই ঘুরতে যাওয়ার অভিযোগ উঠেছে সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের বিরুদ্ধে। এ কারণে এই তিন ক্রিকেটারকে জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

জাপানে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ক্রিকেটে গত ২৯ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে বাংলাদেশের কোয়ার্টার ফাইনাল খেলার কথা ছিল। বৃষ্টির কারণে ম্যাচটি অনুষ্ঠিত হয়নি। আইসিসি র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকার সুবাদে বাংলাদেশ সেমিফাইনালে জায়গা করে নেয়। তবে শেষ চারে পাকিস্তানের বিপক্ষে এবং ব্রোঞ্জপদকের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াই গড়ে তুলতে পারেনি টিম টাইগার্স।

জানা গেছে, নাগোয়ায় বৃষ্টির কারণে অনুশীলন বন্ধ থাকার এক দিনে বেড়াতে যান সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেন। পরে বিষয়টি টিম ম্যানেজার নাফিস ইকবালের কাছে পৌঁছায়। তিনি বিসিবি সভাপতি ও ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান তামিম ইকবালকে বিষয়টি জানান। ঘটনা জানার পর এই তিন ক্রিকেটারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বোর্ড প্রেসিডেন্ট।

বিসিবির একটি সূত্র জানিয়েছে, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তিন ক্রিকেটারকে আর্থিক জরিমানা করা হচ্ছে। তাঁদের প্রত্যেককে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। বিষয়টি এরই মধ্যে ক্রিকেটারদের জানানো হয়েছে।

এদিকে চলতি অক্টোবরেই সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। এরপর বাংলাদেশ ও জিম্বাবুয়েকে সঙ্গে নিয়ে ত্রিদেশীয় সিরিজে খেলবে আফগানিস্তান। আগামী ৯ অক্টোবর আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে মুখোমুখি হবে স্বাগতিকরা। এরপর ১৭ অক্টোবর শুরু হবে বাংলাদেশ, জিম্বাবুয়ে ও আফগানিস্তানকে নিয়ে তিন জাতির সিরিজ। ২৩ অক্টোবর ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে ত্রিদেশীয় এই টুর্নামেন্ট।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত