×

ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মাকেতা

২০২৬ অক্টোবর ০২ ২১:০৩:২৯

বাংলাদেশের সহকারী কোচ হলেন দক্ষিণ আফ্রিকার মাকেতা

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সহকারী কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকার মালিবংওয়ে মাকেতাকে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৬ সালের অক্টোবর থেকে ২০২৮ সালের নভেম্বর পর্যন্ত দুই বছরের চুক্তিতে জাতীয় দলের সঙ্গে কাজ করবেন ৪৬ বছর বয়সী এই দক্ষিণ আফ্রিকান কোচ।

আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে কোচিং স্টাফে পরিবর্তন এনেছে বিসিবি। নতুন দায়িত্ব পাওয়ার পর শিগগিরই সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন মাকেতা। সেখানে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ।

জাতীয় দলের প্রধান কোচ ফিল সিমন্সের সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন মাকেতা। এর আগে প্রায় দেড় বছর বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাহউদ্দীন। সম্প্রতি তাঁকে হাই পারফরম্যান্স (এইচপি) ইউনিটের প্রধান কোচ করা হয়েছে।

খেলোয়াড় হিসেবে মাকেতার অভিজ্ঞতা সীমিত হলেও কোচিংয়ে তাঁর রয়েছে দুই দশকের বেশি সময়ের অভিজ্ঞতা। ২০০৭ সালে একটি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন তিনি। ক্রিকেট সাউথ আফ্রিকার (সিএসএ) লেভেল-ফোর সনদও রয়েছে তাঁর।

কোচিং ক্যারিয়ারে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের সহকারী কোচ, দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচ, অনূর্ধ্ব-১৯ দলের প্রধান কোচ, জাতীয় একাডেমির প্রধান কোচ এবং ওয়ারিয়র্স ফ্র্যাঞ্চাইজির প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন মাকেতা।

২০১৯ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপেও দক্ষিণ আফ্রিকার কোচিং স্টাফের সদস্য ছিলেন তিনি। একই সঙ্গে দক্ষিণ আফ্রিকার উদীয়মান ক্রিকেটারদের গড়ে তোলার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মাকেতা।

বাংলাদেশ দলের সহকারী কোচের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় মাকেতা বলেন, ‘বাংলাদেশ জাতীয় দলের সহকারী কোচের দায়িত্ব নিতে পেরে আমি আনন্দিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আমার ওপর যে আস্থা ও বিশ্বাস রেখেছে, তার জন্য আমি সত্যিই কৃতজ্ঞ। দলের সাফল্যে ইতিবাচক অবদান রাখার জন্য আমি মুখিয়ে আছি।’

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত