×

ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

২০২৬ সেপ্টেম্বর ২৪ ১৪:৪১:০১

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে: রাশেদ খান

নিজস্ব প্রতিবেদক: বর্তমান সরকারের আমলেই রাষ্ট্রের সংস্কার সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। তিনি বলেছেন, এই সরকারের আমলে রাষ্ট্রের সংস্কার না হলে ভবিষ্যতে আর কখনোই তা হবে না।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

রাশেদ খান বলেন, সরকার সংস্কারের পথে রয়েছে। তবে সরকারের বিরুদ্ধে একটি পক্ষ আওয়ামী লীগকে মাঠে নামাচ্ছে। জামায়াত আমীরের বক্তব্যের সঙ্গে শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণার যোগসূত্র রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সরকারকে বেকায়দায় ফেলতে ৭১-এর ঘাতক শক্তি ও ২৪-এর পরাজিত পলাতক শক্তি দেশ অশান্ত করার অপচেষ্টা চালাচ্ছে।

রাশেদ খান মন্তব্য করেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরাতে জামায়াত অপচেষ্টা চালাচ্ছে। তারা ইন্ধন দিচ্ছে এবং লংমার্চের নামে সরকার পতনের হুমকি দিচ্ছে। জামায়াতের ডাকে আর মানুষ রাজপথে নামবে না বলেও মন্তব্য করেন তিনি।

আওয়ামী লীগ রাজনীতিতে ফিরলে আবারও জামায়াতের নেতাদের ফাঁসি দেবে বলেও সতর্ক করেন রাশেদ খান।

অনুষ্ঠানে শিশু কুঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত