ঢাকা, শনিবার, ১৫ আগস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩
প্রথম দিনেই বাজিমাত জিতের নতুন সিনেমার
বিনোদন ডেস্ক: প্রায় দুই বছর পর বড়পর্দায় ফিরেছেন টালিউড সুপারস্টার জিৎ। ভারতের স্বাধীনতা দিবসের প্রাক্কালে ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাঁর বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। বিপ্লবী অনন্ত সিংয়ের চরিত্রে জিতের অভিনয়, নয়টি ভিন্ন লুক এবং ঐতিহাসিক প্রেক্ষাপটের গল্প-সব মিলিয়ে মুক্তির আগে থেকেই সিনেমাটি ঘিরে দর্শকদের আগ্রহ ছিল তুঙ্গে।
মুক্তির প্রথম দিনেই ছবিটির বক্স অফিস সংগ্রহ নিয়ে শুরু হয়েছে আলোচনা। বিভিন্ন বক্স অফিস সূত্রের তথ্য অনুযায়ী, পশ্চিমবঙ্গে প্রথম দিনে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ প্রায় ১৮ লাখ ৪৭ হাজার রুপি আয় করেছে। অর্থাৎ প্রথম দিনের সংগ্রহ ২০ লাখ রুপির কাছাকাছি।
প্রযোজনা সংস্থা নন্দী মুভিজ বা জিৎ ফিল্ম ওয়ার্কসের পক্ষ থেকে অবশ্য এখনো আনুষ্ঠানিকভাবে বক্স অফিসের অঙ্ক প্রকাশ করা হয়নি। ফলে প্রকাশিত সংখ্যাটিকে প্রাথমিক হিসাব হিসেবেই দেখা হচ্ছে।
বক্স অফিস বিশ্লেষকদের মতে, করোনা-পরবর্তী সময়ে জিতের একক বাংলা সিনেমাগুলোর মধ্যে এটি অন্যতম ভালো উদ্বোধনী ব্যবসা। ‘মানুষ’ ও ‘বুমেরাং’র মতো সাম্প্রতিক ছবির প্রথম দিনের ব্যবসার তুলনায় নতুন সিনেমাটি এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে।
তবে জিতের ক্যারিয়ারের সবচেয়ে বড় উদ্বোধনী ব্যবসার রেকর্ড এখনো ‘চেঙ্গিজ’র দখলে। ২০২৩ সালে প্যান-ইন্ডিয়া পরিসরে মুক্তি পাওয়া ছবিটি বাংলা ও অন্যান্য বাজার মিলিয়ে প্রথম দিনে প্রায় ২৮ লাখ ৭৫ হাজার রুপি আয় করেছিল। বাংলায় ‘চেঙ্গিজ’র প্রথম দিনের আয় ছিল প্রায় ১৮ লাখ ৫০ হাজার রুপি।
সেই হিসাবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ ‘চেঙ্গিজ’র প্রথম দিনের ব্যবসার প্রায় সমান জায়গায় পৌঁছেছে। তবে ভারতের বিভিন্ন স্থানের হিসাব অনুযায়ী, ‘চেঙ্গিজ’র উদ্বোধনী সংগ্রহ এখনো অতিক্রম করতে পারেনি নতুন ছবিটি।
১৪ আগস্ট মুক্তি পাওয়ায় ছবিটি ভারতের স্বাধীনতা দিবসের ছুটি ও লম্বা সপ্তাহান্তের সুবিধা পাচ্ছে। ফলে প্রথম দিনের পর শনিবার ও রোববার ব্যবসা আরও বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সিনেমাটিতে বিপ্লবী অনন্ত সিংয়ের ভূমিকায় অভিনয় করেছেন জিৎ। গল্পে উঠে এসেছে বিপ্লবী অনন্ত সিংয়ের জীবন ও তাঁর কর্মকাণ্ডের বিভিন্ন দিক। ঐতিহাসিক চরিত্রের পাশাপাশি ছবিতে রয়েছে অ্যাকশন ও রাজনৈতিক প্রেক্ষাপট।
জিতের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, কৌশিক সেন, রজতাভ দত্ত, লোকনাথ দে ও চন্দন সেন। টোটা রায়চৌধুরীকে দেখা গেছে ইন্সপেক্টর দুর্গা রায়ের চরিত্রে।
প্রথম দিনে ভালো ব্যবসা করলেও দেব ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় অভিনীত ‘ধূমকেতু’র তুলনায় অনেকটাই পিছিয়ে রয়েছে জিতের নতুন সিনেমা। গত বছর ১৪ আগস্ট মুক্তি পাওয়া ‘ধূমকেতু’ প্রথম দিনেই এক কোটির বেশি আয় করেছিল বলে জানা যায়। পরবর্তী সময়ে ছবিটির মোট আয় ১০ কোটি রুপি ছাড়িয়ে যায়।
তবে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’ সিনেমাটির সামনে এখনো দীর্ঘ সময় রয়েছে। বক্স অফিস বিশ্লেষকদের মতে, দর্শকের মুখে মুখে প্রচার ভালো হলে পরবর্তী দিনগুলোতে সিনেমাটির আয় উল্লেখযোগ্যভাবে বাড়তে পারে।
বিশেষ করে ভারতের স্বাধীনতা দিবসের ছুটি ও রোববারের কারণে শনিবার-রোববার প্রেক্ষাগৃহে দর্শকসংখ্যা বাড়বে বলে প্রত্যাশা করা হচ্ছে। ফলে প্রথম দিনের প্রায় ১৮ লাখ ৪৭ হাজার রুপির সংগ্রহকে পেছনে ফেলে সিনেমাটি সপ্তাহ শেষে কতটা এগোতে পারে, এখন সেদিকেই নজর জিৎ-ভক্ত ও টালিউডের।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জুলাইয়ের বেতন ফাইল চূড়ান্ত
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণে আবেদন করবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (৯ আগস্ট)
- দাখিল ও কারিগরি বোর্ডের ফল দেখবেন যেভাবে
- আজকের বাজারে স্বর্ণের দাম (১০ আগস্ট)
- এসএসসির ফল পুনঃনিরীক্ষণ নিয়ে যা জানালেন শিক্ষামন্ত্রী
- একাদশে ভর্তি: আবেদন ও প্রক্রিয়া জানুন
- পরীক্ষায় ফেল বা খারাপ করার পর শিক্ষার্থীদের করণীয় কী
- ১৯তম নিবন্ধন থেকে শিক্ষক নিয়োগে সুপারিশ করবে না এনটিআরসিএ
- নতুন নিয়মে এসএসসির খাতা চ্যালেঞ্জ করবেন যেভাবে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাবেক মহাসচিব রঞ্জন কর্মকার আর নেই
- এসএসসিতে ফেলের হার ৩৭.৭৫ শতাংশ
- বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে ৪৮ পদে নিয়োগ, আবেদন শুরু ১১ আগস্ট
- পাট গবেষণা ইনস্টিটিউটে ৪১ পদে নিয়োগ
- জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন নভেম্বরে