ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩

বিশ্বকাপ ফাইনালে এক মঞ্চে ট্রাম্প ও মামদানি

২০২৬ জুলাই ১৮ ১৭:২৭:১৬

বিশ্বকাপ ফাইনালে এক মঞ্চে ট্রাম্প ও মামদানি

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপের ফাইনালকে ঘিরে যখন বিশ্বজুড়ে উত্তেজনা তুঙ্গে, তখন মাঠে উপস্থিত থাকছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। তবে রাজনীতিতে ভিন্ন অবস্থানে থাকা এ দুই নেতার আলাদা করে সাক্ষাতের কোনো পরিকল্পনা নেই বলে নিশ্চিত করেছেন মেয়রের মুখপাত্র।

এর আগেও গত মাসে এনবিএ ফাইনালে দুজনকে একই ভেন্যুতে দেখা গিয়েছিল। সেদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনের একটি ‘বুলেটপ্রুফ লাক্সারি বক্সে’ বসে খেলা উপভোগ করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তাকে দেখে নিউইয়র্ক নিক্সের সমর্থকেরা দুয়ো ধ্বনি দেন। ট্রাম্পের উপস্থিতিকে কেন্দ্র করে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থার কারণে স্টেডিয়ামের বাইরের ওয়াচ পার্টি বাতিল করা হয় এবং দর্শকদেরও নির্ধারিত সময়ের প্রায় দুই ঘণ্টা আগে মাঠে প্রবেশ করতে হয়।

অন্যদিকে, জোহরান মামদানি সেদিন ছিলেন সাধারণ দর্শকদের মধ্যেই। গ্যালারির একেবারে ওপরের সারিতে দাঁড়িয়ে খেলা উপভোগ করেন তিনি। এক মাসের ব্যবধানে আবারও একই ভেন্যুতে দেখা যাবে দুজনকে। এবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যকার বিশ্বকাপ ফাইনালে।

গত মাসেই বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিশ্চিত করেন, বিশ্বচ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প। ইনফান্তিনো বলেন, ‘আমরা প্রেসিডেন্টের সঙ্গেই থাকব, ফাইনাল উপভোগ করব এবং যৌথভাবে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেব। আমরা সবসময় একসঙ্গেই আছি।’

তবে টুর্নামেন্টের শুরুতে ইনফান্তিনোর সঙ্গে ট্রাম্পের ঘনিষ্ঠতা নিয়ে বিতর্ক তৈরি হয়। যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগানের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য ইনফান্তিনোকে ব্যক্তিগতভাবে ফোন করেছিলেন ট্রাম্প। পরে ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারেন বালোগান। যদিও ম্যাচটি হেরে যায় যুক্তরাষ্ট্র। ট্রাম্পের এমন হস্তক্ষেপ এবং ফিফা সভাপতির সিদ্ধান্ত ফুটবলপ্রেমীদের একাংশের সমালোচনার মুখে পড়ে।

প্রেসিডেন্ট ট্রাম্প এবং স্পেনের প্রধানমন্ত্রীর মতো বিশ্বনেতাদের উপস্থিতির কারণে ফাইনাল ম্যাচটিকে ফেডারেল কর্তৃপক্ষ ‘লেভেল ওয়ান স্পেশাল ইভেন্ট’ হিসেবে ঘোষণা করেছে। ফলে আকাশসীমা নিয়ন্ত্রণ, বিশেষ গোয়েন্দা দল এবং বিস্ফোরক শনাক্তকারী কুকুরসহ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে।

চলতি বিশ্বকাপে ট্রাম্পকে এর আগে গ্যালারিতে দেখা না গেলেও মেয়র মামদানি শুরু থেকেই সক্রিয় ছিলেন। নিউ জার্সিতে অনুষ্ঠিত প্রথম ম্যাচেও তিনি উপস্থিত ছিলেন। নিজেকে আর্সেনালের কট্টর সমর্থক ও ‘ফুটবল পাগল’ দাবি করা এই রাজনীতিক মেয়র নির্বাচনের আগেও ব্রুকলিনে নিয়মিত ফুটবল খেলতেন।

বিশ্বকাপকে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে তিনি নানা উদ্যোগও নিয়েছেন। ‘দ্য মর্নিং পিচ’ নামে ফুটবল ও আবহাওয়া বিষয়ক একটি ভিডিও অনুষ্ঠান সঞ্চালনা করেছেন। পার্কগুলো রাতে খোলা রেখে ওয়াচ পার্টির ব্যবস্থা করেছেন। তার উদ্যোগে ফুটবল ভক্তদের জন্য ৫০ ডলারের বিশেষ জার্সি বাজারে আনা হয়, যা মুহূর্তেই বিক্রি হয়ে যায়। পাশাপাশি ফিফাকে রাজি করিয়ে সাধারণ দর্শকদের জন্য ৫০ ডলার মূল্যের এক হাজার টিকিটের ব্যবস্থাও করেন তিনি। সাউথ ব্রঙ্কসের মেক্সিকান রেস্তোরাঁ, অভিবাসী আশ্রয়কেন্দ্র এমনকি রাইকার্স আইল্যান্ড কারাগারের বন্দিদের সঙ্গেও খেলা দেখতে দেখা গেছে তাকে।

কার পক্ষে ট্রাম্প, কাকে সমর্থন মামদানির?

ফাইনালে ট্রাম্প কিংবা মামদানি-কে কোন দলকে সমর্থন করছেন, তা এখনো স্পষ্ট নয়। সম্প্রতি স্পেনের সমালোচনা করায় ট্রাম্প আর্জেন্টিনার পক্ষে কিনা জানতে চাইলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট জানান, বিষয়টি তার জানা নেই।

সম্প্রতি নিউইয়র্কে একটি ফিফা আয়োজনে উপস্থিত হয়ে ট্রাম্প ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির পারফরম্যান্সের প্রশংসা করেন। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সঙ্গে সংক্ষিপ্ত আলাপে তিনি জানতে চান, ‘তোমরা কি আবার ইতিহাস পুনরাবৃত্তি করতে প্রস্তুত?’

অন্যদিকে, মেয়র মামদানির পছন্দের দল মরক্কো আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ফাইনালের ভবিষ্যদ্বাণী জানতে চাইলে তিনি রসিকতা করে বলেন, ‘আমি এবার যার পক্ষ নিয়েছি, সেই হেরেছে। এই মুহূর্তে আমি যার নামই নেব, মনে হচ্ছে সেই দলটাই হেরে যাবে!’

এর আগে মিশরের বিপক্ষে আর্জেন্টিনার ম্যাচে বিতর্কিত রেফারিংয়ের পর তিনি প্রতিক্রিয়ায় বলেছিলেন, ‘ডাকাতি হয়েছে’।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক বাজারে টানা ঊর্ধ্বগতির পর বুধবার স্বর্ণের দাম কমেছে। তেলের দাম বাড়তে থাকায় মূল্যস্ফীতি এবং যুক্তরাষ্ট্রের সুদের হার... বিস্তারিত