×

ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাফে বাংলাদেশের জার্সিতে খেলবেন রোনান সুলিভান

২০২৬ অক্টোবর ১৫ ২১:০০:২৬

সাফে বাংলাদেশের জার্সিতে খেলবেন রোনান সুলিভান

স্পোর্টস ডেস্ক: আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের হয়ে খেলতে আসছেন প্রবাসী ফুটবলার রোনান সুলিভান। যুক্তরাষ্ট্রে কলেজের পড়াশোনা ও ফুটবল নিয়ে ব্যস্ততার কারণে তাঁর অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্টে খেলার বিষয়টি নিশ্চিত করেছেন এই তরুণ ফরোয়ার্ড।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহসভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, রোনান আজই তাঁকে বাংলাদেশে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। প্রবাসী ফুটবলারদের নিয়ে কাজের দায়িত্বে থাকা ফাহাদ বলেন, ‘আজকেই সে আমাকে নিশ্চিত করেছে যে, সে আসতে পারবে। আমরা তাকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করব।’

বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ থাকলেও যুক্তরাষ্ট্রের কলেজ কোচের কাছ থেকে ছুটি পাওয়া নিয়ে জটিলতায় ছিলেন রোনান। শেষ পর্যন্ত ১ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত ছুটি পেয়েছেন তিনি। ফাহাদ করিম জানান, এই সময়ের মধ্যে সাফে অংশ নিতে পারবেন রোনান। তাঁর যাত্রার উপযুক্ত সময় বিবেচনা করে বিমানের টিকিটের ব্যবস্থা করা হবে।

এর আগে মালদ্বীপে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন রোনান। টাইব্রেকারে তাঁর পানেনকা শট বাংলাদেশকে চ্যাম্পিয়ন হতে সহায়তা করে। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে ফ্রি-কিক ও হেড থেকে দুটি গোল করে দলকে ২-০ ব্যবধানের জয় এনে দেন তিনি। ফাইনালে ভারতের বিপক্ষেও টাইব্রেকারে গোল করেন এই ফরোয়ার্ড।

অনূর্ধ্ব-২০ পর্যায়ে দারুণ পারফরম্যান্সের পর থেকেই জাতীয় দলের সিনিয়র পর্যায়ে রোনানকে খেলানোর আলোচনা চলছিল। তবে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় পড়াশোনা ও ফুটবল নিয়ে ব্যস্ত থাকায় এত দিন বাংলাদেশের হয়ে মাঠে নামা সম্ভব হয়নি তাঁর। এএফসি অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বেও রোনানকে ছাড়াই খেলতে হয়েছে বাংলাদেশকে।

আগামী ৫ নভেম্বর ঢাকায় শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। রোনান ১ বা ২ নভেম্বর ফিলাডেলফিয়া থেকে রওনা দিলে ২ বা ৩ নভেম্বর ঢাকায় পৌঁছাতে পারেন। সে ক্ষেত্রে টুর্নামেন্ট শুরুর আগে জাতীয় দলের সঙ্গে অনুশীলনের জন্য বেশি সময় পাবেন না তিনি। ভ্রমণক্লান্তি ও সীমিত প্রস্তুতির বিষয়টি বিবেচনায় নিয়ে ৫ নভেম্বরের ম্যাচে কোচ থমাস ডুলি তাঁকে খেলানোর সুযোগ দেন কি না, তা নিয়ে এখন কৌতূহল রয়েছে। তবে রোনান দলে যুক্ত হলে বাংলাদেশের আক্রমণভাগ আরও শক্তিশালী হতে পারে।

এবারের সাফ চ্যাম্পিয়নশিপ ৫ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। ফিফার নিষেধাজ্ঞার কারণে নেপাল অংশ নিতে না পারায় টুর্নামেন্টে খেলবে ছয়টি দল। ‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান।

গ্রুপ পর্বের খেলা শেষে ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর টুর্নামেন্টের ফাইনাল হবে ১৭ নভেম্বর।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ১ শতাংশের বেশি কমেছে। হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা বেড়ে তেল সরবরাহে ঝুঁকি তৈরি... বিস্তারিত