ঢাকা, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
পর্যায়ক্রমে সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেল প্রতিমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: দেশের ৬৪টি জেলার মধ্যে বর্তমানে ৪৯টিতে রেল সংযোগ রয়েছে। পর্যায়ক্রমে সব জেলাকে রেল নেটওয়ার্কের আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।
শুক্রবার রাতে নেত্রকোণা রেলস্টেশন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। এর আগে তিনি জেলার মোহনগঞ্জ ও বারহাট্টা রেলস্টেশনও পরিদর্শন করেন।
দিনব্যাপী নেত্রকোণায় সরকারি সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী মদন উপজেলার উচিতপুর ট্রলারঘাটে পথসভা এবং মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতে অংশ নেন। পরে খালিয়াজুড়ি উপজেলার রোয়াইল-নাওটানা সংযোগস্থল, বাজোয়াইল কীর্তনখোলা ফিশারি এবং মোহনগঞ্জ উপজেলার বরান্তর চিরাডুবি হাওরে মাছের পোনা অবমুক্তকরণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন।
সফরে তাঁর সঙ্গে ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এবং সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর।
হাবিবুর রশিদ বলেন, সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই সারা দেশে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাজ করে যাচ্ছে। রেলপথে যানজট কমাতে বিভিন্ন স্থানে আন্ডারপাস ও ওভারপাস নির্মাণ, ট্রেনে ইন্টারনেট সুবিধা সম্প্রসারণ এবং ঢাকা-চট্টগ্রাম কর্ড লাইনের মাধ্যমে দূরত্ব কমিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, নেত্রকোণাকেন্দ্রিক বিভিন্ন দাবির বিষয়েও সরকার কাজ শুরু করেছে। তবে সক্ষমতার সীমাবদ্ধতার কারণে সব প্রকল্প একসঙ্গে বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। অতীতে রেললাইন নির্মাণ হলেও সেই অনুপাতে লোকোমোটিভ ও কোচ সংগ্রহ করা হয়নি। ফলে বিশেষ করে মিটারগেজ রুটে ইঞ্জিন ও বগির সংকট রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার নতুন লোকোমোটিভ ও কোচ সংগ্রহের পাশাপাশি অকেজো ইঞ্জিন মেরামতের মাধ্যমে বিদ্যমান সংকট কাটিয়ে ওঠার চেষ্টা করছে। আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে এসব সংগ্রহে সাধারণত দুই থেকে তিন বছর সময় লাগে।
তিনি আরও জানান, নেত্রকোণা রেলস্টেশনের ওয়েটিং রুম আধুনিকায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। স্টেশনের টয়লেট নির্মাণের টেন্ডার ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং দ্রুত কাজ বাস্তবায়নের চেষ্টা চলছে। আন্তঃনগর ট্রেনে অতিরিক্ত কোচ সংযোজনের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
রেলপথ প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে দেশের ৬৪টি জেলার মধ্যে ৪৯টিতে রেল সংযোগ রয়েছে। পর্যায়ক্রমে সব জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা সরকারের রয়েছে। তবে অগ্রাধিকারভিত্তিতে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সক্ষমতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে রেলের সেবাও আরও সম্প্রসারিত হবে।
নেত্রকোণার সম্ভাব্য নতুন রেললাইন প্রসঙ্গে তিনি বলেন, বিষয়টি এখনও সিদ্ধান্তের পর্যায়ে পৌঁছায়নি। সংশ্লিষ্ট এলাকার দাবির পরিপ্রেক্ষিতে কর্মকর্তাদের নিয়ে সরেজমিন পরিদর্শন করা হয়েছে এবং বর্তমানে সম্ভাব্যতা যাচাই চলছে। জনস্বার্থ ও যাত্রীসেবার দৃষ্টিকোণ থেকে প্রকল্পটি কার্যকর প্রমাণিত হলে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে।
তিনি বলেন, ‘আমরা এমন কোনো প্রকল্প হাতে নিতে চাই না, যাতে জনগণের অর্থ অপচয় হয়। যেকোনো দাবি বাস্তবায়নের আগে মাঠপর্যায়ে যাচাই-বাছাই ও সম্ভাব্যতা সমীক্ষা করা হবে।’
সরকারের লক্ষ্য সারা দেশে রেলসেবার মান উন্নয়ন এবং যাত্রীসেবাকে আরও সহজ, আধুনিক ও কার্যকর করা বলেও জানান প্রতিমন্ত্রী।
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড খেলা শেষ, জানুন ফলাফল
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল ম্যাচ সরাসরি দেখবেন যেভাবে
- চলছে আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড ম্যাচ, LIVE দেখুন এখানে
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ডের ম্যাচ, এক ক্লিকে সরাসরি দেখুন এখানে
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ফল প্রকাশ, দেখুন এখানে
- আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচের টিকিটের দাম কত? জানুন বিস্তারিত
- আজ আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: মোবাইলে যেভাবে দেখবেন ম্যাচ
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: কবে, কখন, কোথায় ম্যাচ
- স্পেন বনাম ফ্রান্সের সেমিফাইনাল খেলা শুরু, LIVE দেখুন এখানে
- লন্ডনে উপাচার্যের সঙ্গে ঢাবি অ্যালামনাই ইউকে শাখার নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বি ইউনিটের ফল প্রকাশ, দেখুন এখানে
- আজকের খেলার সময়সূচি (১৩ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১৫ জুলাই)
- আজকের খেলার সময়সূচি (১২ জুলাই)
- আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড সেমিফাইনাল: জানুন লাইভ দেখার উপায়