ঢাকা, মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

মেসি ছাড়াও অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, বেঞ্চ শক্তিতেই জর্ডানকে উড়িয়ে নকআউটে

২০২৬ জুন ২৮ ১৮:৩১:৫০

মেসি ছাড়াও অপ্রতিরোধ্য আর্জেন্টিনা, বেঞ্চ শক্তিতেই জর্ডানকে উড়িয়ে নকআউটে

স্পোর্টস ডেস্ক: শুরুর একাদশে ছিলেন না লিওনেল মেসি। তার সঙ্গে বিশ্রামে রাখা হয়েছিল দলের আরও নয়জন নিয়মিত ফুটবলারকে। তবু মাঠে আর্জেন্টিনার খেলায় ছন্দপতন ঘটেনি। বরং বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে ৩–১ গোলে হারিয়ে নিজেদের বেঞ্চ শক্তির গভীরতাই যেন আরও একবার প্রমাণ করলেন কোচ লিওনেল স্কালোনি।

টানা তিন জয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ ‘জে’র শীর্ষস্থান নিশ্চিত করে নকআউট পর্বে উঠেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। জর্ডানের বিপক্ষে জয়টি শুধু তিন পয়েন্ট অর্জনের নয়, বরং বিকল্প খেলোয়াড়দের সামর্থ্য যাচাইয়েও বড় সফলতা এনে দিয়েছে আর্জেন্টিনাকে।

গ্রুপপর্বের প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত হওয়ায় স্কালোনি এদিন প্রথম একাদশে রেখেছিলেন কেবল গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ ও স্ট্রাইকার লাউতারো মার্টিনেজকে। তবু আর্জেন্টিনার পরিচিত খেলার ধরনে কোনো পরিবর্তন দেখা যায়নি। ছোট ছোট পাস, বলের দখল ধরে রেখে আক্রমণ গড়ে তোলা এবং প্রতিপক্ষকে চাপে রাখা-সব মিলিয়ে মাঠে ছিল চেনা আর্জেন্টিনারই প্রতিচ্ছবি।

এই ম্যাচে সবচেয়ে বেশি নজর কাড়েন তরুণ মিডফিল্ডার নিকো পাজ। ইতালির কোমো ক্লাবের এই ফুটবলার একের পর এক নিখুঁত পাস ও বুদ্ধিদীপ্ত টাচে আর্জেন্টিনার আক্রমণে গতি আনেন। মাঝমাঠে লিয়ান্দ্রো পারেদেসও শুধু রক্ষণ সামলাননি, বরং বারবার আক্রমণে উঠে এসে দলের আক্রমণভাগকে আরও কার্যকর করে তোলেন।

ম্যাচে প্রথম গোলটি করেন জিওভান্নি লো সেলসো। এরপর পেনাল্টি থেকে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্টিনেজ। জর্ডানের হয়ে মুসা আল-তামারি একটি গোল শোধ করলেও পুরো ম্যাচজুড়েই নিয়ন্ত্রণ ছিল আর্জেন্টিনার দখলে।

কৌশলগত দিক থেকে আর্জেন্টিনা আবারও দেখিয়েছে, তারা শিরোপার অন্যতম দাবিদার। ২০২২ বিশ্বকাপের পাশাপাশি টানা দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী দলটির শক্তি শুধু কোচ স্কালোনির কৌশল বা প্রতিপক্ষ বিশ্লেষণে সীমাবদ্ধ নয়। দেশের জার্সির জন্য সর্বস্ব উজাড় করে দেওয়ার মানসিকতাই দলটির সবচেয়ে বড় সম্পদ।

অনেকেই মনে করেন, এই দলটি মূলত মেসিকে ঘিরেই আবর্তিত। রদ্রিগো ডি পলের মতো ফুটবলাররা প্রয়োজনে তাকে রক্ষা করতে সবকিছু করতে প্রস্তুত। তবে আর্জেন্টিনার গল্প কেবল একজন তারকার নয়। এটি সেই সমর্থকদেরও গল্প, যারা কানসাস সিটি, ডালাস, মায়ামি, বুয়েন্স এইরেস কিংবা রোজারিও-সব জায়গায় একই আবেগে আকাশি-সাদা জার্সি গায়ে চড়িয়ে দলের পাশে থাকেন।

জর্ডান ম্যাচের আগের সংবাদ সম্মেলনেও এই দর্শনের কথাই তুলে ধরেছিলেন স্কালোনি। তিনি বলেছিলেন, ‘আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, মানুষ যেন এই দলটার সঙ্গে নিজেদের মিল খুঁজে পায়। তারা যেন অনুভব করে, এই দল তাদেরই প্রতিনিধিত্ব করছে। এর বেশি আমার আর কিছু চাওয়ার নেই। সেটাই যথেষ্ট।’

আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে নানা বিভাজন থাকলেও জাতীয় দলের জার্সিতে সবাই এক কাতারে দাঁড়ায়। বোকা জুনিয়র্স, রিভার প্লেট, রেসিং কিংবা সান লোরেঞ্জো—ক্লাব বিভেদ ভুলে জাতীয় দলের পতাকাতলে যে ঐক্য তৈরি হয়, সেটিই বর্তমান আর্জেন্টিনা দলের সবচেয়ে বড় শক্তি।

নকআউট নিশ্চিত হওয়ায় এদিন মেসিকে বিশ্রাম দেওয়ার সুযোগ ছিল স্কালোনির। আলজেরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে টানা দুই ম্যাচে ইতিহাস গড়ে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পর তার না খেললেও দলের খুব একটা সমস্যা হতো না। তবে বদলি হিসেবে নেমেও নিজের ছাপ রেখেছেন এই মহাতারকা। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে গোল করে বিশ্বকাপে নিজের মোট গোলসংখ্যা ১৯-এ উন্নীত করেছেন তিনি। একই সঙ্গে চলতি আসরে ছয় গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতার অবস্থানও ধরে রেখেছেন।

তবে আত্মতুষ্টির সুযোগ এখনই নেই। আর্জেন্টিনার প্রকৃত পরীক্ষা অপেক্ষা করছে নকআউট পর্বে। শেষ বত্রিশে তাদের প্রতিপক্ষ চলতি বিশ্বকাপের অন্যতম চমক কেপ ভার্দে। তবু শক্তিশালী স্কোয়াড, কার্যকর বেঞ্চ এবং দুর্দান্ত দলগত ফুটবল বিশ্বচ্যাম্পিয়নদের আরেকটি শিরোপার অন্যতম দাবিদার হিসেবেই প্রতিষ্ঠিত করছে।

ইমামুল

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

আজকের বাজারে স্বর্ণের দাম (১৭ আগস্ট)

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সর্বশেষ সমন্বয় করা দামেই সোমবার (১৭ আগস্ট) স্বর্ণ বিক্রি হচ্ছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ভরিতে ২... বিস্তারিত