ঢাকা, শুক্রবার, ১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩
আজ মহান মে দিবস: অধিকার আদায়ের সংকল্পে মেহনতি মানুষের বিশ্বজয়
পার্থ হক: শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের রক্তঝরা সংগ্রামের স্মৃতিবিজড়িত ১ মে আজ। ১৮৮৬ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে-মার্কেট চত্বরে দৈনিক আট ঘণ্টা কাজের দাবিতে প্রাণ বিসর্জন দিয়েছিলেন একদল লড়াকু শ্রমিক। তাঁদের সেই অনন্য আত্মত্যাগের স্মৃতিতে প্রতিবছর বিশ্বজুড়ে দিবসটি ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালিত হয়। বাংলাদেশসহ বিশ্বের প্রতিটি প্রান্তে আজ দিনটি কেবল এক আনুষ্ঠানিকতা নয়, বরং শ্রমিকের মর্যাদা ও ন্যায়সংগত অধিকার প্রতিষ্ঠার নতুন এক অঙ্গীকারের প্রতীক।
বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে আজ 'মহান মে দিবস ২০২৬' উদযাপিত হচ্ছে। এবারের দিবসের মূল প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘সুস্থ শ্রমিক, কর্মঠ হাত, আসবে এবার নব প্রভাত’। দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উদ্যোগে সকাল ১০টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে এক বিশেষ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
এদিকে, মহান মে দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিশাল শ্রমিক সমাবেশের আয়োজন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল। এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান জানিয়েছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষস্থানীয় জাতীয় ও শ্রমিক নেতারা এই সমাবেশে যোগ দেবেন। আয়োজকদের প্রত্যাশা, আজকের এই সমাবেশে লক্ষাধিক শ্রমজীবী মানুষের সমাগম ঘটবে।
দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের ৮০টিরও বেশি দেশে আজ সরকারি ছুটি। দেশে সরকারি ও বেসরকারি পর্যায়ে ব্যাপক গুরুত্ব ও ভাবগাম্ভীর্যের সঙ্গে নানা কর্মসূচি পালন করা হচ্ছে।
মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি তাঁর বাণীতে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শ্রমিকদের অধিকার রক্ষা ও তাঁদের কল্যাণে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন। তিনি মে দিবসকে বিশ্বব্যাপী মেহনতি মানুষের অধিকার আদায়ের গৌরবোজ্জ্বল দিন হিসেবে অভিহিত করেন।
অন্যদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর বাণীতে দেশে-বিদেশে কর্মরত সকল শ্রমজীবী মানুষকে শুভেচ্ছা জানিয়ে বলেন, "যেকোনো দেশের উন্নয়ন ও সমৃদ্ধির প্রধান কারিগর হলো শ্রমজীবী মানুষ। শ্রমিকের ঘামেই গড়ে ওঠে মজবুত অর্থনীতি। তাই তাঁদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা, ন্যায্য অধিকার প্রদান এবং সামাজিক মর্যাদা রক্ষা করা বর্তমান গণতান্ত্রিক সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। শ্রমবান্ধব নীতি ও কল্যাণমূলক উদ্যোগের মাধ্যমে আমরা শ্রমিকদের জীবনে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ।" প্রধানমন্ত্রীও তাঁর বাণীতে শ্রমিকদের কল্যাণে শহীদ জিয়ার নেওয়া নানা ঐতিহাসিক পদক্ষেপের কথা স্মরণ করেন।
ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, এই দিবসের সূচনা হয়েছিল ১৮৮৬ সালে শিকাগোর শ্রমিকদের দীর্ঘ আন্দোলনের মধ্য দিয়ে। শিল্প বিপ্লবের পরবর্তী সময়ে শ্রমিকদের দিনে ১০ থেকে ১৬ ঘণ্টা পর্যন্ত অমানবিক পরিশ্রম করতে হতো। এর প্রতিবাদে এবং ৮ ঘণ্টা কর্মদিবসের দাবিতে শ্রমিকরা ঐক্যবদ্ধ হন। আন্দোলনের ধারাবাহিকতায় ৪ মে হে-মার্কেটে বোমা বিস্ফোরণ ও পুলিশের গুলিতে বহু শ্রমিক হতাহত হন। পরবর্তীতে এক প্রহসনের বিচারে কয়েকজন শ্রমিক নেতাকে মৃত্যুদণ্ড দেওয়া হলে বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদের সৃষ্টি হয়।
শ্রমিকদের এই অবিস্মরণীয় লড়াইকে স্বীকৃতি দিতে ১৮৮৯ সালে প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে ১ মে-কে ‘আন্তর্জাতিক শ্রমিক দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নেওয়া হয়। সেই থেকে বিশ্বের প্রতিটি কোণায় এই দিনটি শ্রমের মর্যাদা ও অধিকারের প্রতীক হয়ে আছে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- ঢাবি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগে নবীনবরণ অনুষ্ঠিত
- বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সিনেট সদস্য হলেন ৫ সংসদ সদস্য
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- স্বর্ণের দামে রেকর্ড পতন
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- ঢাবি শিক্ষার্থীর মরদেহ বাসা থেকে উদ্ধার
- বাংলাদেশসহ ৭৫ দেশের ভিসা স্থগিত যুক্তরাষ্ট্রে
- ১২৩তম প্রাইজবন্ড ড্র: দেখে নিন কোন নম্বরগুলো জিতল
- মিমোর মৃ'ত্যু ঘিরে সর্বশেষ যা জানা গেল