ঢাকা, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩
ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি গড়তে সরকারের ১২ দফা কর্মপরিকল্পনা
নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকাকে আরও বাসযোগ্য, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে সরকার একটি বিস্তৃত কর্মপরিকল্পনা হাতে নিয়েছে। এ পরিকল্পনার আওতায় নগর ব্যবস্থাপনা, বর্জ্য নিয়ন্ত্রণ, সবুজায়ন এবং দূষণ রোধে একাধিক উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য আবুল কালামের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এই ১২ দফা কর্মপরিকল্পনার কথা তুলে ধরেন।
প্রধানমন্ত্রী বলেন, রাজধানীকে ‘ক্লিন এবং গ্রিন সিটি’ হিসেবে গড়ে তুলতে স্থানীয় সরকার বিভাগের অধীনে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। নাগরিক সচেতনতা বাড়াতে সাপ্তাহিক প্রচারণা কার্যক্রম পরিচালনার পাশাপাশি বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও মশক নিধন কার্যক্রম জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিক ও পরিবেশবান্ধব করতে সেকেন্ডারি ট্রান্সফার স্টেশনগুলোতে ল্যান্ডস্কেপিং, সবুজায়ন এবং সচেতনতামূলক গ্রাফিতি সংযোজন করা হচ্ছে। এছাড়া, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের উদ্যোগে কোরিয়াভিত্তিক একটি বেসরকারি প্রতিষ্ঠানের বিনিয়োগে মাতুয়াইল ল্যান্ডফিলকে সার্কুলার ইকোনমি ভিত্তিক বর্জ্য ব্যবস্থাপনা ও জ্বালানি উৎপাদন কেন্দ্রে রূপান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার লক্ষ্য ‘জিরো বর্জ্য’ বাস্তবায়ন।
স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। অধিবেশনের শুরুতে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য ৪০ মিনিট সময় নির্ধারিত ছিল। ওইদিন প্রধানমন্ত্রীর জন্য ৮টি প্রশ্ন উত্থাপিত হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি ২টি প্রশ্ন ও সম্পূরক প্রশ্নের উত্তর দেন।
ঢাকাকে সবুজায়নের আওতায় আনতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় সড়কের মিডিয়ান, দ্বীপ ও উন্মুক্ত স্থানে বৃক্ষরোপণ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় মিয়াওয়াকি পদ্ধতিতে নগর বনায়ন এবং উন্মুক্ত স্থান সবুজে আচ্ছাদিত করার কাজ চলছে। আগামী পাঁচ বছরে ঢাকা উত্তরে ৫ লাখ গাছ লাগানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি মেট্রোরেলের নিচের ফাঁকা জায়গা (মিরপুর-১২ থেকে মিরপুর ডিওএইচএস) এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ের নিচে (আব্দুল্লাহপুর থেকে ফার্মগেট) বৃক্ষরোপণের পরিকল্পনাও রয়েছে।
প্রধানমন্ত্রীর লিখিত বক্তব্যে জানানো হয়, ঢাকার পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে পরিবেশ অধিদপ্তরকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার নির্দেশনা দেওয়া হয়েছে। বায়ুদূষণ কমাতে পরিবেশ অধিদপ্তর ও ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) যৌথভাবে আধুনিক বাস সার্ভিস এবং ২৫০টি ইলেকট্রিক বাস চালুর উদ্যোগ নিয়েছে।
বিশ্বব্যাংকের সহায়তায় ঢাকার বায়ুদূষণের প্রধান উৎসগুলো চিহ্নিত করা হয়েছে এবং সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালো ধোঁয়া নির্গমনকারী যানবাহন, নির্মাণকাজ ও নির্মাণসামগ্রী থেকে সৃষ্ট দূষণ রোধে নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। এছাড়া, ঢাকার চারপাশে অবৈধ দূষণকারী ইটভাটা বন্ধে অভিযান জোরদার করা হয়েছে।
ঢাকার বায়ুমান উন্নয়নে সাভার উপজেলাকে ডিগ্রেডেড এয়ারশেড ঘোষণা করে সেখানে ইটভাটা পরিচালনা ও খোলা স্থানে বর্জ্য পোড়ানো নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে নদী, খাল ও জলাশয় দূষণ রোধে তরল বর্জ্য নির্গমনকারী প্রতিষ্ঠানগুলোতে ইটিপি স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। ইতোমধ্যে ২৪৮টি প্রতিষ্ঠানে ইটিপি স্থাপন করা হয়েছে এবং এসব প্লান্টের কার্যক্রম পর্যবেক্ষণে রিয়েল-টাইম ক্যামেরা স্থাপনের কাজ চলছে। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, বালু ও তুরাগ নদীর দূষণের উৎস চিহ্নিত করা হয়েছে এবং ঢাকার ১৯টি প্রধান খালের দূষণের উৎস নির্ধারণ করা হয়েছে।
এছাড়া, বন অধিদপ্তরের উদ্যোগে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং সড়ক ও জনপথ বিভাগের সঙ্গে সমন্বয়ে বিভিন্ন এলাকায় বৃক্ষরোপণ ও ‘জিরো সয়েল’ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে। এর আওতায় ৪১ হাজার ৫৬৫টি ফলদ, বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছ লাগানো হয়েছে। নগরীর দূষণ কমাতে লতা-গুল্ম ও ঘাস দিয়ে মাটি আচ্ছাদনের উদ্যোগ নেওয়া হয়েছে।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ঢাকার খালি জায়গাগুলোতে আরও ব্যাপকভাবে গাছ লাগানো হবে। সংশ্লিষ্টরা মনে করছেন, এসব সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা গেলে ধীরে ধীরে রাজধানীকে একটি পরিচ্ছন্ন, সবুজ ও টেকসই নগরীতে রূপান্তর করা সম্ভব হবে।
ইএইচপি
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- বাংলাদেশ বনাম নিউজিল্যান্ডের ১ম টি-টোয়েন্টি-দেখুন সরাসরি (LIVE)
- জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা: দেখুন সবগুলো প্রশ্নের সঠিক সমাধান
- স্কুলছাত্রী থেকে ষাটোর্ধ্ব বৃদ্ধার সাথে অন্তরঙ্গের পর ভিডিও কুয়েট ছাত্রের
- বিকালে আসছে ১৯ কোম্পানির ডিভিডেন্ড-ইপিএস
- দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. প্রদীপ কুমার রায়ের মৃ’ত্যু
- সকালে না রাতে, কখন গোসল করা স্বাস্থ্যের জন্য বেশি ভালো?
- স্কলারশিপ দিচ্ছে মেলবোর্ন বিশ্ববিদ্যালয়, জেনে নিন আবেদন পদ্ধতি
- বুলগেরিয়ার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হলো ঢাবি শিক্ষার্থীর প্রামাণ্যচিত্র
- স্কুল-কলেজের প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ পরীক্ষার ফল আজই
- দেশে সোনার দামে বড় পতন
- বিশ্ব র্যাঙ্কিংয়ে ১০০ ধাপ এগিয়েছে ঢাবি, যৌথভাবে দেশসেরা
- এসএসসি পরীক্ষার প্রশ্ন ফাঁস নিয়ে যা জানাল শিক্ষাবোর্ড
- বদলে যাচ্ছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের নাম
- নবনিযুক্ত সিন্ডিকেট সদস্য মোর্শেদ হাসান খানকে ঢাবি অ্যালামনাইয়ের শুভেচ্ছা
- অভিনেত্রী দিব্যাঙ্কা সিরোহী আর নেই