ঢাকা, শনিবার, ৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

কৃষি উৎপাদন বাড়াতে সারাদেশে খাল পুনঃখনন শুরু: বিমানমন্ত্রী

২০২৬ এপ্রিল ০৪ ২১:৪২:৩৬

কৃষি উৎপাদন বাড়াতে সারাদেশে খাল পুনঃখনন শুরু: বিমানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: কৃষি উৎপাদন বাড়াতে দেশের বিভিন্ন অঞ্চলের মতো মানিকগঞ্জেও খাল পুনঃখননের উদ্যোগ নিয়েছে সরকার বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম। তিনি বলেন, সেচ সুবিধা বাড়িয়ে কৃষকদের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যেই এই কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার রাজৈর এলাকায় ধলেশ্বরী নদীর ওপর নির্মিতব্য একটি সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রায় ৪৭ কোটি ৪৮ লাখ টাকার ব্যয়ে নির্মিতব্য এই সেতুটির দৈর্ঘ্য হবে ৩৩৬ দশমিক ৪০ মিটার।

মন্ত্রী বলেন, খাল পুনঃখনন করা হলে কৃষকেরা সহজেই সেচের পানি পাবে। এতে বিদ্যুৎ ও জ্বালানির ব্যবহারও কমবে এবং কৃষকরা কম খরচে বেশি ফসল উৎপাদন করতে পারবে।

তিনি আরও জানান, রাজৈর খেয়াঘাটের ওপর নির্মিত এই সেতু চালু হলে আশপাশের কয়েক লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন সহজ হওয়ায় এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ডও গতিশীল হবে। সেতুটি দৌলতপুর, ঘিওর ও টাঙ্গাইলের নাগরপুরসহ আশপাশের বিভিন্ন অঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আফরোজা খানম বলেন, ইতোমধ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করেছে এবং মসজিদ-মন্দিরসহ বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম ও পুরোহিতদের জন্য ভাতা দেওয়া শুরু হয়েছে। পহেলা বৈশাখ থেকে কৃষকদের মধ্যে কৃষি কার্ড বিতরণ করা হবে বলেও তিনি জানান।

মন্ত্রী আরও বলেন, আগামী পাঁচ বছরে সারাদেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল খননের পরিকল্পনা নেওয়া হয়েছে।

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কোনো নেতাকর্মীর কারণে উন্নয়ন কাজ বাধাগ্রস্ত হলে সেই এলাকায় ভবিষ্যতে উন্নয়ন প্রকল্প নেওয়া হবে না। তাই উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তা, এলজিইডির প্রকৌশলী এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত