ঢাকা, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২

মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়

২০২৬ মার্চ ১২ ১৭:১৮:৫৪

মাদরাসা শিক্ষকদের ঈদ বোনাসের চেক ছাড়

নিজস্ব প্রতিবেদক: পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে এমপিওভুক্ত বেসরকারি মাদরাসা শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতার অর্থ ছাড় করা হয়েছে। এবার প্রথমবারের মতো শিক্ষকরাও মূল বেতনের ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পাচ্ছেন, যা আগে ছিল ২৫ শতাংশ।

বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, উৎসব ভাতার চেক সংশ্লিষ্ট ব্যাংকগুলোর কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, মোট চারটি চেক অনুদান বিতরণকারী ব্যাংকগুলোর কাছে দেওয়া হয়েছে। অগ্রণী ব্যাংক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে এবং জনতা ব্যাংক ও সোনালী ব্যাংক লিমিটেডের স্থানীয় কার্যালয়ে এসব চেক জমা দেওয়া হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ১৫ মার্চ ২০২৬-এর পর থেকে নিজ নিজ ব্যাংক হিসাব থেকে এই অর্থ উত্তোলন করতে পারবেন।

দীর্ঘদিনের প্রচলিত নিয়ম অনুযায়ী বেসরকারি এমপিওভুক্ত মাদরাসার শিক্ষকরা মূল বেতনের ২৫ শতাংশ এবং কর্মচারীরা ৫০ শতাংশ হারে উৎসব ভাতা পেতেন। তবে এবারের ঈদে শিক্ষকদের ভাতা বাড়িয়ে ৫০ শতাংশ করায় শিক্ষক সমাজে ব্যাপক সন্তোষ দেখা গেছে।

ঈদের আগে সময়মতো ভাতা ছাড় এবং বাড়তি হারে অর্থ পাওয়ায় শিক্ষক-কর্মচারীদের মধ্যে স্বস্তি ও আনন্দের পরিবেশ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত