ঢাকা, শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ২৭ ভাদ্র ১৪৩৩
প্রাথমিক শিক্ষায় উপবৃত্তি কার্যক্রমে নতুন নির্দেশনা অধিদপ্তরের
নিজস্ব প্রতিবেদক: দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের স্কুলে ধরে রাখা এবং শিক্ষার মান উন্নয়নে নতুন নির্দেশিকা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। ২০২৬ সালের জন্য প্রকাশিত ‘প্রাথমিক শিক্ষা উপবৃত্তি কার্যক্রম বাস্তবায়ন অপারেশনাল ম্যানুয়াল’-এ উপবৃত্তি প্রদানের নিয়ম ও শর্তাবলি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে।
এই নির্দেশিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়, পিটিআই সংলগ্ন পরীক্ষণ বিদ্যালয় এবং শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত বিদ্যালয়ের প্রায় ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থী উপবৃত্তির সুবিধা পাবে।
নতুন নিয়মে প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থীরা মাসে ৭৫ টাকা করে উপবৃত্তি পাবে। প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত একজন শিক্ষার্থী থাকলে মাসিক ১৫০ টাকা এবং পরিবারের দুইজন শিক্ষার্থী থাকলে ৩০০ টাকা করে দেওয়া হবে।
এছাড়া যেসব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি চালু রয়েছে, সেখানে একজন শিক্ষার্থী মাসে ২০০ টাকা এবং দুইজন শিক্ষার্থী হলে ৪০০ টাকা পর্যন্ত উপবৃত্তি পাবে। তবে একটি পরিবারের সর্বোচ্চ দুইজন জ্যেষ্ঠ শিক্ষার্থী এই সুবিধার আওতায় থাকবে।
উপবৃত্তি পেতে শিক্ষার্থীদের উপস্থিতি ও ফলাফলের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের প্রতি মাসে নির্ধারিত পাঠদান দিনের কমপক্ষে ৮০ শতাংশ উপস্থিত থাকতে হবে। একইসঙ্গে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষায় প্রতিটি বিষয়ে ন্যূনতম ৪০ শতাংশ নম্বর পেতে হবে।
তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের ক্ষেত্রে কিছুটা ছাড় রাখা হয়েছে। তাদের জন্য ন্যূনতম ৩৩ শতাংশ নম্বর এবং উপস্থিতির শর্তে কিছুটা নমনীয়তা রাখা হয়েছে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।
উপবৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীর মা বা বৈধ অভিভাবকের এনআইডি দিয়ে নিবন্ধিত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস— যেমন বিকাশ, নগদ বা রকেটের মাধ্যমে পাঠানো হবে। সরকারের জিটুপি (G2P) পদ্ধতি অনুসরণ করে বাংলাদেশ ব্যাংক থেকে সরাসরি সংশ্লিষ্ট অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে।
এ ক্ষেত্রে টাকা তোলার সময় অতিরিক্ত কোনো খরচ দিতে হবে না, কারণ ক্যাশআউট চার্জসহ অর্থ পাঠানো হবে বলে জানানো হয়েছে।
নির্দেশিকায় আরও বলা হয়েছে, উপবৃত্তির টাকা পাওয়ার পর মোবাইল অ্যাকাউন্টের পিন বা ওটিপি কাউকে দেওয়া যাবে না। টাকা পাওয়ার ১৫ দিনের মধ্যে তা উত্তোলনের পরামর্শ দেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যথাযথ কারণ ছাড়া টানা তিন মাস অনুপস্থিত থাকলে অথবা পরীক্ষায় অংশ না নিলে তার উপবৃত্তি সাময়িকভাবে বন্ধ হয়ে যেতে পারে।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ১১তম মাসিক সভা অনুষ্ঠিত
- ১১-২০ গ্রেডের নিয়োগ পরীক্ষায় নতুন মানবণ্টন
- ঢাবির অবসরপ্রাপ্ত অধ্যাপক সিরাজুল হক আর নেই
- নব্বইয়ের দশকের রেট্রো ছবি বানাবেন যেভাবে, জেনে নিন ১০ AI প্রম্পট
- আজকের বাজারে স্বর্ণের দাম (৬ সেপ্টেম্বর)
- মেসির দুই সহায়তাতেও আটলান্টার সঙ্গে ড্র ইন্টার মিয়ামির
- ‘সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলটি কোরআন-সুন্নাহর সঙ্গে সাংঘর্ষিক’
- ফেল বিরোধীদলের ওয়াকআউট
- পে-স্কেলের গেজেট প্রকাশ নিয়ে সুখবর দিল মন্ত্রণালয়
- ‘ছয় মাসে জুলাই সনদের একটি অক্ষরও বাস্তবায়ন করেনি বিএনপি’
- মেসির ১০ নম্বর জার্সি কি অবসর নিতে পারবে?
- ব্যালন ডি’অর ২০২৬-এর ৩০ ফুটবলারের তালিকা প্রকাশ
- বক্তৃতায় দায় সারছে কমিশন, ধসের মুখে পড়েছে বাজার
- সর্বোচ্চ ১০ হাজার টাকা ডিজিটাল ঋণ চালু করল বাংলাদেশ ব্যাংক
- মেঘনা গ্রুপে বিভিন্ন পদে চাকরির সুযোগ