ঢাকা, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক

২০২৬ ফেব্রুয়ারি ২৩ ১২:৩২:১৯

আইনশৃঙ্খলা বাহিনীর প্রধানদের নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক

নিজস্ব প্রতিবেদক: দায়িত্ব গ্রহণের পরপরই আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় নেমেছেন নবনিযুক্ত স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গঠিত নতুন মন্ত্রিসভায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ার পর তিনি মন্ত্রণালয়ের অধীনস্থ সব অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে বসেছেন।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৩৮ মিনিটে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠকটি শুরু হয়। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এটি নতুন মন্ত্রীর সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠক।

সূত্র আরও জানায়, বৈঠকের শুরুতে পরিচিতি পর্ব শেষে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হতে পারে। নির্বাচন-পরবর্তী নিরাপত্তা ব্যবস্থা, গুরুত্বপূর্ণ স্থাপনা ও কূটনৈতিক এলাকার সুরক্ষা, জঙ্গিবাদ ও উগ্রবাদ দমন এবং মাদক ও চোরাচালানবিরোধী অভিযান নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

এছাড়া বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানো, গোয়েন্দা কার্যক্রম জোরদার, প্রযুক্তিনির্ভর নজরদারি শক্তিশালীকরণ এবং কারা ব্যবস্থাপনার বর্তমান অবস্থা নিয়েও দিকনির্দেশনা আসতে পারে বলে জানা গেছে। মাঠপর্যায়ে পেশাদারিত্ব ও জবাবদিহিতা নিশ্চিত করার বিষয়েও গুরুত্বারোপ হতে পারে। বৈঠক শেষে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়া হতে পারে।

উচ্চপর্যায়ের এ সভায় উপস্থিত রয়েছেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী, এসবির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক মো. গোলাম রসুল, র‌্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান, বর্ডার গার্ড বাংলাদেশের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের (ভারপ্রাপ্ত সচিব) দেলোয়ার হোসেন এবং সিআইডির অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ছিবগাত উল্লাহ।

এছাড়া উপস্থিত আছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ার, এনটিএমসির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ওসমান সরোয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, কারা অধিদপ্তরের মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. হাসান মারুফ এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয়ক আনসার উদ্দিন খান পাঠান।

ইএইচপি

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

২ বিলিয়ন ডলার জরুরি সহায়তা পাচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের কারণে সৃষ্ট অর্থনৈতিক ঘাটতি কাটিয়ে উঠতে নিয়মিত বাজেট সহায়তার বাইরে বাংলাদেশকে অতিরিক্ত আর্থিক সহায়তা দেওয়ার... বিস্তারিত