ঢাকা, রবিবার, ১৫ ফেব্রুয়ারি ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২

তিন শতাংশ ভোটে ছয় আসন জিতল এনসিপি

২০২৬ ফেব্রুয়ারি ১৫ ২১:৪৩:৫৮

তিন শতাংশ ভোটে ছয় আসন জিতল এনসিপি

নিজস্ব প্রতিবেদক: গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটের সামান্য অংশ পেলেও ছয়টি আসনে জয় নিশ্চিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দলটি মোট ভোটের প্রায় ৩ দশমিক ০৫ শতাংশ অর্জন করেছে।

রোববার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ শাখা জানায়, এবারের নির্বাচনে এনসিপি থেকে ৩২ জন প্রার্থী অংশ নেন। তাদের সম্মিলিত প্রাপ্ত ভোট ২৩ লাখ ৬৫ হাজার ৫০১, যা মোট ভোটের প্রায় ৩ দশমিক ০৫ শতাংশের সমান। এর মধ্যে ছয়জন প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

বিজয়ী প্রার্থীরা হলেন—ঢাকা-৯ আসনে নাহিদ ইসলাম, রংপুর-৪ আসনে আখতার হোসেন, কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ, নোয়াখালী-৬ আসনে আবদুল হান্নান মাসউদ, নারায়ণগঞ্জ-৪ আসনে আবদুল্লাহ আল আমিন এবং কুড়িগ্রাম-২ আসনে আতিক মোজাহিদ।

এনসিপির মধ্যে সবচেয়ে বেশি ভোট পেয়েছেন কুড়িগ্রাম-2 আসনের আতিক মোজাহিদ। তিনি ১ লাখ ৭৩ হাজার ৩২৯ ভোট পেয়ে জয়ী হন। অন্যদিকে, সবচেয়ে কম ভোট পেয়েছেন চট্টগ্রাম-৮ আসনের প্রার্থী মো. জোবাইরুল হাসান আরিফ, যার প্রাপ্ত ভোট ৩ হাজার ৩৪১।

দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-৯ আসনে বিএনপির প্রার্থী এম এ কাইয়ুমকে ২ হাজার ৩৯ ভোটের ব্যবধানে হারান। সদস্য সচিব আখতার হোসেন রংপুর-৪ আসনে বিএনপির এমদাদুল হক ভরসার চেয়ে ৯ হাজারের বেশি ভোট পেয়ে জয়ী হন।

নির্বাচনী প্রচারের সময় সামাজিক মাধ্যমে পাল্টাপাল্টি বক্তব্যের কারণে আলোচনায় ছিল ঢাকা-৮ আসন। এনসিপির প্রার্থী নাসীরুদ্দিন পাটওয়ারী প্রচারণায় আক্রমণাত্মক অবস্থানের জন্য আলোচিত হন। তবে শেষ পর্যন্ত তিনি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের কাছে প্রায় পাঁচ হাজার ভোটে পরাজিত হন।

এনসিপির আলোচিত দুই নেতার মধ্যে সারজিস আলম পঞ্চগড়-১ আসনে বিএনপির প্রার্থী মোহাম্মদ নাওশাদ জমিরের কাছে প্রায় ৮ হাজার ভোটে হেরে যান। অন্যদিকে কুমিল্লা-৪ আসনে হাসনাত আবদুল্লাহ এক লাখের বেশি ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত