ঢাকা, সোমবার, ৩১ আগস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩

বাড়ির ফ্রিজে বাঘের মরদেহ, গ্রেফতার ২

২০২৬ ফেব্রুয়ারি ১৪ ১৬:৫০:৩৬

বাড়ির ফ্রিজে বাঘের মরদেহ, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক: গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ভিয়েতনামে এক ব্যক্তির বাড়ির ফ্রিজ থেকে দুটি পূর্ণবয়স্ক বাঘের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিপন্ন প্রজাতির প্রাণী সংরক্ষণ আইন ভঙ্গ ও অবৈধ বন্যপ্রাণী বাণিজ্যের অভিযোগে ওই বাড়ির মালিকসহ আরও একজনকে আটক করা হয়েছে। দেশটির বনে একসময় বাঘের উপস্থিতি ছিল স্বাভাবিক, তবে বর্তমানে সেখানে বাঘ প্রায় সম্পূর্ণ বিলুপ্তির মুখে।

দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটি দীর্ঘদিন ধরেই অবৈধ বন্যপ্রাণী পণ্য ভোগ ও পাচারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ করে ঐতিহ্যবাহী চিকিৎসা পদ্ধতিতে ব্যবহারের জন্য বাঘের হাড়ের চাহিদা থাকায় পাচারচক্র সক্রিয় রয়েছে।

রাজধানী হ্যানয়ের দক্ষিণে অবস্থিত থান হোয়া প্রদেশের পুলিশ জানায়, ৫২ বছর বয়সী হোয়াং দিন দাতের বাড়ির বেজমেন্টে রাখা একটি ফ্রিজে অভিযান চালিয়ে বাঘ দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া মরদেহগুলোর মোট ওজন প্রায় ৪০০ কেজি (৮৮২ পাউন্ড)।

পুলিশের অনলাইন বিবৃতি অনুযায়ী, জিজ্ঞাসাবাদে দাত স্বীকার করেন যে তিনি প্রায় দুই বিলিয়ন ডং (প্রায় ৭৭ হাজার মার্কিন ডলার) দিয়ে বাঘ দুটি কিনেছিলেন। তিনি বিক্রেতা হিসেবে ৩১ বছর বয়সী নগুয়েন ডোয়ান সনের নামও উল্লেখ করেছেন।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, চলতি সপ্তাহের শুরুতেই সন্দেহভাজন এই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে দাতের বাড়ি থেকে তথাকথিত ‘টাইগার বোন গ্লু’ তৈরির সরঞ্জামও জব্দ করা হয়েছে। স্থানীয় বিশ্বাস অনুযায়ী, বাঘের হাড় থেকে তৈরি এই আঠা হাড়ের ব্যথা ও কঙ্কালজনিত রোগ নিরাময়ে ব্যবহৃত হয়।

এমজে/

পাঠকের মতামত:

ডুয়ার ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকতে SUBSCRIBE করুন

সর্বোচ্চ পঠিত