ঢাকা, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (পিএসসি) আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলী জীবনের পরিবারের বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধানে বড় অগ্রগতি এসেছে। প্রায় সোয়া তিন কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার ছেলে সৈয়দ সোহানুর রহমানকে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আক্তারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
দুদক সূত্র জানায়, ২০২৫ সালের ৫ জানুয়ারি পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলী জীবন, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পী এবং ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ৫ কোটি ৩৭ লাখ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ ও প্রায় ৪৫ কোটি টাকার অস্বাভাবিক আর্থিক লেনদেনের অভিযোগ আনা হয়। ওই মামলার পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সিয়ামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
মামলার এজাহার অনুযায়ী, আবেদ আলী জীবনের নামে থাকা ১২টি ব্যাংক হিসাব থেকে ২০ কোটি ৮৮ লাখ ১৬ হাজার ৯৭১ টাকা জমা এবং ২০ কোটি ৪১ লাখ ৩ হাজার ৭৪১ টাকা উত্তোলন করা হয়। এতে মোট ৪১ কোটি ২৯ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ পাওয়া গেছে। পাশাপাশি তার বিরুদ্ধে ৩ কোটি ৭২ লাখ ৯৯ হাজার ৯৯৭ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
অন্যদিকে, তার স্ত্রী শাহরিন আক্তার শিল্পীর বিরুদ্ধে ১ কোটি ২৬ লাখ ৬৩ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। তার দুটি ব্যাংক হিসাবে ১ কোটি ৭৮ লাখ ৭৬ হাজার ৬৩৬ টাকা জমা ও ১ কোটি ৭৭ লাখ ৬৪ হাজার ৯৫ টাকা উত্তোলনসহ মোট ৩ কোটি ৫৬ লাখ ৪০ হাজার ৭৩১ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগ আনা হয়েছে।
আবেদ আলীর ছেলে ও সাবেক ছাত্রলীগ নেতা সৈয়দ সোহানুর রহমান সিয়ামের বিরুদ্ধে ৩ কোটি ৩০ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক জানিয়েছে, দুর্নীতি ও ঘুষের মাধ্যমে অর্জিত অর্থের উৎস গোপন ও আড়াল করার উদ্দেশ্যে রূপান্তর, স্থানান্তর ও হস্তান্তরের মাধ্যমে মানিলন্ডারিং সংঘটিত হয়েছে। এ কারণে তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে পিএসসির প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় সাবেক চেয়ারম্যানের গাড়িচালক আবেদ আলী জীবনসহ ১৭ জনকে গ্রেপ্তার করেছিল পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ওই ঘটনার পর থেকেই তার বিরুদ্ধে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক।
তদন্তে জানা যায়, ২০১৪ সালে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ প্রমাণিত হওয়ায় আবেদ আলীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়। ওই বছর নন-ক্যাডার পদে একটি পরীক্ষায় প্রশ্ন ও উত্তর সরবরাহের সময় এক পরীক্ষার্থী হাতেনাতে ধরা পড়লে আবেদ আলীর সম্পৃক্ততা প্রকাশ পায়।
এক সময় কুলির কাজ করা আবেদ আলী পরবর্তীতে গাড়ি চালানো শিখে পিএসসিতে চাকরি নেন। এরপর প্রশ্নফাঁস চক্রের মাধ্যমে বিপুল অর্থ হাতিয়ে নিয়ে নিজ এলাকায় শিল্পপতি হিসেবে পরিচিতি পান বলে তদন্তে উঠে এসেছে।
এর আগে বাংলাদেশ রেলওয়ের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস চক্রে জড়িত থাকার অভিযোগেও আবেদ আলী ও তার ছেলে সোহানুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছিল।
এমজে/
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ফিফা বিশ্বকাপ ২০২৬: মেক্সিকো বনাম দক্ষিণ আফ্রিকা-সরাসরি দেখুন (LIVE)
- আর্জেন্টিনা বনাম আইসল্যান্ড ম্যাচ লাইভ দেখবেন যেভাবে
- বাংলাদেশ বনাম সান মারিনোর ম্যাচটি শেষ-দেখুন ফলাফল
- সাফ নারী ফাইনাল: বাংলাদেশ বনাম ভারত, ৪ গোলে শেষ ম্যাচ, দেখুন ফলাফল
- ৪৯তম বিশেষ বিসিএস উত্তীর্ণদের ফের ভেরিফিকেশন হতে পারে
- বুধবার থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি আবেদন শুরু
- ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন কোষাধ্যক্ষ ড. বোরহান উদ্দিন
- নিরাপত্তার কারণে বন্ধ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ
- মোবাইলে সরাসরি দেখা যাবে বিশ্বকাপের ম্যাচ, বিস্তারিত জানুন
- এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন নিয়ে নতুন আপডেট
- সংসদে নবম পে-স্কেল ঘোষণা, প্রতিক্রিয়া জানালেন কর্মচারীরা
- ফের বাংলাদেশিদের জন্য খুলতে পারে মালয়েশিয়ার শ্রমবাজার
- ভূমিকম্পে কাঁপল দেশ
- অসচ্ছল মেধাবীদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক ফাউন্ডেশন
- ‘বাবার দোয়া’ ক্রিকেট বোর্ডকে বদলাতে চান তামিম ইকবাল