ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩
মনোনয়ন না পেলেও নেতাদের মূল্যায়ন করা হবে : তারেক রহমান
নিজস্ব প্রতিবেদক :বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনের আগে দলের মধ্যে বিভিন্ন ষড়যন্ত্র মোকাবিলায় নেতাদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। তিনি এ সময় আশ্বাস দিয়েছেন, যারা নির্বাচনে মনোনয়ন পাবেন না, তাদেরও ভবিষ্যতে যথাযথভাবে মূল্যায়ন করা হবে। সোমবার (২৭ অক্টোবর) তিনি সিলেট, খুলনা, রাজশাহী, বরিশাল ও ঢাকার মনোনয়নপ্রত্যাশী নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করেছেন। বিকেলে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে পাঁচ বিভাগের পৃথক মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে আলাদা বৈঠকও অনুষ্ঠিত হয়।
সভায় তারেক রহমান বলেন, এক আসনে একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। যারা মনোনয়ন পাবেন না, তাদের বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে। তিনি নেতাদের ঐক্যবদ্ধভাবে দলের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের পরামর্শ দিয়েছেন এবং প্রতিটি নেতাকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশ দিয়েছেন। তিনি আরও সতর্ক করেছেন, মনোনয়ন পাওয়ার পর মিছিল, মিষ্টি বা ফুল বিতরণ করলে দলের ঐক্য ক্ষুণ্ণ হতে পারে।
সভায় শুধু তারেক রহমান এবং স্থায়ী কমিটির সদস্যরা বক্তব্য রাখেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সভা পরিচালনা করেন। এছাড়া দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি কে গউছ বলেন, দলের একজন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। খুব শিগগির প্রার্থী ঘোষণা করা হবে এবং সবাইকে মিলেমিশে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।খুলনা-৪ আসনের মনোনয়নপ্রত্যাশী পারভেজ মল্লিক জানিয়েছেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান নেতাদের ঐক্যবদ্ধ থাকার নির্দেশ দিয়েছেন। তিনি এ সময় দলের মধ্যে চলমান ষড়যন্ত্র মোকাবিলায় সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন।
সভায় অংশগ্রহণকারী নেতারা জানিয়েছেন, তারেক রহমান মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে কাজ করার পরামর্শ দিয়েছেন। এ বৈঠক থেকে নেতারা দলের ঐক্য বজায় রাখার গুরুত্ব বুঝতে পেরেছেন এবং দলের নির্বাচনী লক্ষ্য অর্জনে সক্রিয় ভূমিকা রাখার প্রস্তুতি নিচ্ছেন।
ডুয়া/নয়ন
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- ঢাবিতে খেলোয়াড় কোটায় ভর্তির সুযোগ, আবেদন ২৫ নভেম্বর পর্যন্ত
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- কৃষি গুচ্ছে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ২৫ নভেম্বর
- আজকের বাজারে স্বর্ণের দাম (২০ নভেম্বর)
- আজকের বাজারে স্বর্ণের দাম (২২ নভেম্বর)
- মৎস্য অধিদপ্তরের দুই পদের নিয়োগ পরীক্ষা স্থগিত
- বুয়েট ও বিইউপির ভর্তি পরীক্ষার নতুন সূচি প্রকাশ
- বাংলাদেশ পুলিশে ১০ হাজার কনস্টেবল পদ সৃজনের অনুমোদন
- ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশের বিরুদ্ধে আপিল করবে ঢাবি
- কৃষি বিপণন অধিদপ্তরে ৯৭ জনের চাকরির সুযোগ, আবেদন ১০ ডিসেম্বর পর্যন্ত
- যেভাবে দেখবেন এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল, জানুন বিস্তারিত
- ১৬ বিশ্ববিদ্যালয়ে কমল ভর্তি আবেদনের জিপিএর শর্ত
- ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাক দুর্ঘটনা, ৯ কিলোমিটার যানজট