ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
জলকেলিতে মাতোয়ারা মারমা তরুণ-তরুণীরা
ডুয়া ডেস্ক: “শান্তি ও সমৃদ্ধির চেতনায় উজ্জীবিত মাহা সাংগ্রাই” প্রতিপাদ্যে পার্বত্য জেলা বান্দরবানে আজ থেকে শুরু হয়েছে তিন দিনব্যাপী মাহা সাংগ্রাই পোয়ে উৎসব। পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে মারমা জনগোষ্ঠীর সবচেয়ে বড় এই উৎসবের সূচনা হয়েছে মৈত্রী পানিবর্ষণ বা জলকেলি অনুষ্ঠানের মধ্য দিয়ে।
আজ বুধবার (১৬ এপ্রিল) বিকেলে রাজার মাঠে আনুষ্ঠানিকভাবে জলকেলি উৎসবের উদ্বোধন করেন উৎসব উদযাপন পরিষদ। ১১টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর অংশগ্রহণে উদ্বোধনী সংগীত পরিবেশনার মাধ্যমে শুরু হয় উৎসবের মূল আয়োজন।
উৎসবে মারমা তরুণ-তরুণীরা নৌকার খালি অংশে পানি রেখে দুই পাশে দাঁড়িয়ে একে-অপরকে পানি ছিটিয়ে বন্ধনের প্রতীকী প্রকাশ ঘটান। এই জলকেলির পাশাপাশি চলে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান।
এবারের সাংগ্রাই উৎসবে কয়েক হাজার মারমা নারী-পুরুষ, যুবক-যুবতী এবং পাহাড়ি নানা সম্প্রদায়ের মানুষ অংশ নিয়েছেন। দেশের বিভিন্ন স্থান থেকেও বিপুল সংখ্যক পর্যটক এসেছেন এই রঙিন উৎসব উপভোগ করতে। জলকেলির পাশাপাশি বিভিন্ন আদিবাসী নৃত্য ও সংস্কৃতি দর্শনার্থীদের মুগ্ধ করে।
এ বিষয়ে সমাজকর্মী ডনাই প্রু নেলি বলেন, “পুরাতন বছরের দুঃখ ভুলে মৈত্রী পানিবর্ষণের মাধ্যমে সাংগ্রাই উদযাপন করা হয়। এ বছর উৎসবে হারিয়ে যাওয়া গ্রামবাংলার খেলাগুলোও ফিরেছে। ভবিষ্যতে নারী-পুরুষ নির্বিশেষে এসব খেলায় অংশ নিয়ে সমাজে সমতা ফিরবে।”
প্রতিবছর চৈত্র সংক্রান্তি ও বাংলা নববর্ষ উপলক্ষে ত্রিপুরা সম্প্রদায় ‘বৈসুক’, মারমারা ‘সাংগ্রাই’ এবং চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায় ‘বিজু’ নামে এই উৎসব উদযাপন করে। তিনটির আদ্যক্ষর নিয়ে একত্রে এই উৎসবকে বলা হয় ‘বৈসাবি’।
উৎসব উদযাপন কমিটির সভাপতি চনুমং মারমা বলেন, “মৈত্রী পানি বর্ষণের মাধ্যমে তিন দিনের উৎসব শুরু হয়েছে। এবারে লোকজ সংস্কৃতিকে গুরুত্ব দিয়ে পুরো আয়োজন সাজানো হয়েছে।”
তিনি প্রশাসনের সার্বিক সহযোগিতার জন্য কৃতজ্ঞতা জানান।
এ দিন সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, বাঙালি ও ১২টি জাতিগোষ্ঠীর প্রতিনিধি এবং হাজারো দর্শনার্থী উপস্থিত ছিলেন উৎসব প্রাঙ্গণে।
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- আকিজ গ্রুপে চাকরি, আবেদন ৯ অক্টোবর পর্যন্ত
- ঢাবির শহীদুল্লাহ্ হলের শিক্ষার্থী মুরাদের আকস্মিক মৃ/ত্যু
- একসঙ্গে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার করল সরকার, দেখুন তালিকা
- প্রাথমিকে শিক্ষক নিয়োগে দ্বিতীয় দফায় নিয়োগপত্র
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৭ সেপ্টেম্বর)
- ৩৯ পদে ১০০ জনকে নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
- আজকের বাজারে স্বর্ণের দাম (২৯ সেপ্টেম্বর)
- স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ সালমান মুক্তাদিরের
- ৪৩ পদে নিয়োগ দেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, আবেদন অনলাইনে
- ঢাবি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- তিন পদে ৩৫ জনকে নিয়োগ দেবে নৌপরিবহণ মন্ত্রণালয়
- এইচএসসি উত্তীর্ণদের বৃত্তি দেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক, জানুন বিস্তারিত
- মাসে ৩৫শ রিঙ্গিত বৃত্তিতে মালায়ায় পিএইচডির সুযোগ
- ওয়ালটনে টেরিটরি সেলস ম্যানেজার পদে নিয়োগ
- একাদশে দ্বিতীয় ধাপে আবেদনের সুযোগ, আবেদন করবেন যেভাবে