ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩
রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে মিয়ানমারকে: পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারকে রোহিঙ্গা গণহত্যার জন্য দায়ী করে ঐতিহাসিক রায় দিয়েছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এ রায়ের পর শুক্রবার সকালে কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শনে গেছেন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি ড. খলিলুর রহমান।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ৮টায় কক্সবাজারের একটি রোহিঙ্গা আশ্রয়শিবিরের খেলার মাঠে সমবেত শরণার্থী, বাংলাদেশ সরকার ও জাতিসংঘের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীদের সামনে বক্তব্য দেন তিনি।
শুরুতেই আবেগঘন কণ্ঠে ড. খলিলুর রহমান বলেন, ‘গতকাল দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত কথা বলেছেন। আদালত তোমাদের নাম উচ্চারণ করেছেন—‘রোহিঙ্গা’। আদালতের রায় স্পষ্ট: ২০১৭ সালে তোমাদের ওপর যা চালানো হয়েছিল, তা ছিল গণহত্যা।’ এ সময় বিচার দেখে যেতে পারেননি, এমন নিহত রোহিঙ্গাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি।
এর আগে বাংলাদেশের রোহিঙ্গাবিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে আশ্রয়শিবিরগুলোতে কাজ করার স্মৃতিচারণা করেন ড. খলিলুর রহমান। তিনি বলেন, ‘আমি নিউইয়র্ক থেকে তোমাদের নিয়ে কথা বলতে চাইনি। আমি তোমাদের পাশে এসে দাঁড়াতে চেয়েছি। বছরের পর বছর তোমরা বিশ্ববাসীকে তোমাদের কথা শোনার আহ্বান জানিয়েছ—আজ বিশ্ব তা শুনেছে।’
তিনি উল্লেখ করেন, ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করেছে আন্তর্জাতিক বিচার আদালত। আদালত প্রমাণ পেয়েছেন, মিয়ানমারের নিরাপত্তা বাহিনী পরিকল্পিতভাবে অন্তত ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতা চালিয়েছে, নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করেছে এবং গ্রামগুলো ধ্বংস করেছে। একই সঙ্গে আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
এই ঐতিহাসিক অর্জনে আইনি লড়াই চালানো গাম্বিয়া, ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), মামলায় হস্তক্ষেপকারী ১১টি দেশ, আদালতের বিচারক, জাতিসংঘের তদন্তকারী দল এবং আশ্রয়দাতা বাংলাদেশ সরকার, জনগণ ও উখিয়া-টেকনাফের স্থানীয় বাসিন্দাদের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। সাহসিকতার সঙ্গে সাক্ষ্য দেওয়া রোহিঙ্গা নারী ও ভুক্তভোগীদের প্রতিও বিশেষ শ্রদ্ধা নিবেদন করেন।
রায় বাস্তবায়ন এবং রোহিঙ্গাদের জীবনে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠায় চার দফা আহ্বান জানান ড. খলিলুর রহমান।
১. জবাবদিহি ও বিচার নিশ্চিত করা: গণহত্যা সনদের অধীনে অপরাধে জড়িত সন্দেহভাজনদের অবিলম্বে তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে মিয়ানমারের অভ্যন্তরীণ আইনের ত্রুটি সংশোধন করে ভবিষ্যতে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি রোধের নিশ্চয়তা দিতে হবে।
২. নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন: বাস্তুচ্যুত রোহিঙ্গাদের স্বেচ্ছায়, নিরাপদে ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফেরার ব্যবস্থা করতে হবে। হারানো ঘরবাড়ি, জমি ও সম্পত্তি ফিরিয়ে দেওয়া অথবা ক্ষতিপূরণ দেওয়া, পরিবারগুলোকে একত্র করা এবং নাগরিকত্বের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। পাশাপাশি মিয়ানমারে কাজ করার সুযোগ দিতে হবে জাতিসংঘকে।
৩. বাস্তবসম্মত ক্ষতিপূরণ ও মানবিক সহায়তা বৃদ্ধি: অপূরণীয় ক্ষতির জন্য ব্যক্তি ও সম্প্রদায় হিসেবে রোহিঙ্গাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। এ বিষয়ে আগামী দুই বছরের মধ্যে মিয়ানমারকে প্রতিবেদন জমা দিতে হবে। নিরাপদ প্রত্যাবাসন শুরু না হওয়া পর্যন্ত আশ্রয়শিবিরগুলোতে খাদ্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সুরক্ষার জন্য আন্তর্জাতিক সম্প্রদায় এবং উন্নয়ন সহযোগীদের অর্থায়ন বাড়াতে হবে। কারণ, বাংলাদেশের একার পক্ষে এ ভার বহন করা সম্ভব নয়।
৪. রায় বাস্তবায়ন ও পুনরাবৃত্তি রোধ: আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার, নিরাপত্তা বাহিনীর প্রশিক্ষণ এবং কার্যকর বেসামরিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার মাধ্যমে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা ভয়হীনভাবে বসবাস করতে পারেন। জাতিসংঘ সনদের ৯৪ অনুচ্ছেদ অনুযায়ী এ রায় মানা বাধ্যতামূলক। তা না হলে নিরাপত্তা পরিষদের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে বলেও স্মরণ করিয়ে দেন তিনি।
বক্তব্যের শেষে ১৯৪৮ সালের গণহত্যা সনদের প্রসঙ্গ তুলে জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি বলেন, ‘বৃহস্পতিবার সেই সনদ এমন এক জনগোষ্ঠীর পক্ষে কাজ করেছে, যাদের কোনো সেনাবাহিনী বা ক্ষমতা নেই। সাধারণ পরিষদের চলতি অধিবেশনের মূলমন্ত্র হলো ‘আস্থা পুনরুদ্ধার’। গতকালের রায়ের মাধ্যমে বিশ্ব তোমাদের দেওয়া প্রতিশ্রুতি রক্ষায় একটি বড় পদক্ষেপ নিয়েছে। এখন পূর্ণ ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং তোমাদের নিরাপদে ঘরে ফেরা পর্যন্ত আমাদের একসঙ্গে পথ চলতে হবে।’
ইমামুল
পাঠকের মতামত:
সর্বোচ্চ পঠিত
- ক্যান্সার নিয়েও অফিস করেছেন দুই বছর, মারা গেলেন ঢাবির মাহবুবা
- জাবির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, দেখুন এখানে
- ঢাবির ১৩ বিভাগে ভর্তিতে থাকছে না বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত
- ডুসালসের সংবর্ধনা পেলেন ঢাবির অধ্যাপক সুকোমল বড়ুয়া
- গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের প্রকাশ্য মিছিল, শহরজুড়ে উত্তেজনা
- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪১ পদে চাকরি, আবেদন ১ ডিসেম্বর পর্যন্ত
- গোপালগঞ্জে আওয়ামী লীগের মিছিল, জুলাই স্মৃতিস্তম্ভ ও পুলিশ বক্স ভাঙচুর
- আজকের খেলার সময়সূচি (১৪ নভেম্বর)
- নিরাপত্তার শঙ্কায় খুলনা থেকে ঢাকাগামী বাস চলাচল বন্ধ
- ভাইয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে নাচ নিয়ে যা বললেন ঢাবি শিক্ষিকা মোনামি
- গোপালগঞ্জের পরিস্থিতি পর্যবেক্ষণে সরকার, বাড়তে পারে বলপ্রয়োগ
- নিবন্ধিত শিক্ষকদের তিন দাবিতে সংবাদ সম্মেলন
- গোপালগঞ্জে ছাত্রলীগের তাণ্ডব, মোতায়েন ছয় প্লাটুন বিজিবি
- ব্র্যাকে চাকরি, আবেদন করা যাবে ২১ নভেম্বর পর্যন্ত
- প্রেসক্লাবের সামনে কঠোর অবস্থানে নিবন্ধিত শিক্ষকরা